হারিয়ে যাচ্ছে ছেঁড়াদিয়ার প্রবাল-শৈবাল
প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের বিচ্ছিন্ন দ্বীপ ছেঁড়াদিয়ার প্রবাল-শৈবালও ধ্বংস করে ফেলা হচ্ছে। নির্জন এ দ্বীপের সৈকত ও পাথরের স্তূপ থেকে প্রবাল-শৈবাল সংগ্রহ করে ট্রলারযোগে পাচার করছে কিছু প্রভাবশালী মানুষ। এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।সম্প্রতি দেশের সর্বশেষ ঠিকানা ছেঁড়াদিয়ায় দেখা গেছে, এখানকার পর্যটকেরাও সৈকত থেকে প্রবাল-শৈবাল কুড়িয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ পরিবেশ আইনে প্রতিবেশ সংকটাপন্ন এ এলাকা থেকে প্রবাল-শৈবাল আহরণ, পরিবহন ও বেচাকেনা নিষিদ্ধ করা হয়েছে।বাংলাদেশের মানচিত্রের সর্বদক্ষিণের শেষবিন্দু হচ্ছে ছেঁড়াদিয়া দ্বীপ। এরপর বাংলাদেশের আর কোনো ভূমি নেই। এ দ্বীপে এখনো লোকবসতি গড়ে ওঠেনি। দ্বীপের চারদিকে পাথরের রাজ্য। ভূভাগে ঝাউগাছের আদলে সবুজ কেয়াগাছে ভরা। জোয়ারের সময় চার একরের দ্বীপটির চতুর্দিকের অংশ ডুবে গেলে বাকি অর্ধেক ভূখণ্ড মাথা তুলে দাঁড়িয়ে থাকে। পর্যটকেরা ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোট থেকে ছোট ছোট ডিঙি নৌকায় চড়ে দ্বীপে (কূলে) ওঠেন। নারায়ণগঞ্জ থেকে ভ্রমণে আসা পর্যটক আবদুল কাদির (৪৫) জানান, বাংলাদেশের বিভিন্ন জায়গাসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ তাঁর হয়েছে। কিন্তু ছেঁড়াদিয়ার মতো নিসর্গের এত সৌন্দর্য কোথাও নজরে পড়েনি। কিন্তু এ দ্বীপ থেকে যেভাবে প্রবাল-শৈবাল আহরণ করা হচ্ছে, তাতে এ দ্বীপের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হতে হয়।নাম প্রকাশ না করার শর্তে প্রবাল-শৈবাল আহরণকারী কয়েকজন পর্যটক জানান, ‘পাথরের নিচে সাদা রঙের প্রবালগুলো দেখতে পেলাম, সুন্দর লেগেছে, তাই ভেঙে সংগ্রহ করলাম। এসব যে নিষিদ্ধ, তা আগে জানা ছিল না।’ দেখা গেল, ছোট্ট এ দ্বীপ ভ্রমণ করছেন প্রতিদিন শত শত মানুষ। সেন্ট মার্টিন থেকে ছোট ছোট ট্রলার ও স্পিডবোটে চড়ে এঁরা ছেঁড়াদ্বীপে আসেন। বেশির ভাগ মানুষ হাঁটুসমান নীল জলের স্বচ্ছ পানিতে নেমে প্রবাল-শৈবাল, শামুক, ঝিনুক সংগ্রহ করছেন। কেউ কেউ হরেক রঙের মাছ ধরতে ছোটাছুটি করছেন। জলে-স্থলে-আকাশে দেখা মেলে নানা প্রজাতির পাখির বিচরণ। এ দ্বীপে পরিবেশ অধিদপ্তর ও প্রত্যয় নামের একটি বেসরকারি সংস্থার তিনটি পরিচিতি ফলক (সাইনবোর্ড) নজরে পড়লেও দুটি প্রতিষ্ঠানের কাউকে দ্বীপে দেখা যায়নি। ছোট্ট দ্বীপটিও পলিথিন, প্লাস্টিকের বোতল, ডাবের খোসায় ভরা। শামুক-ঝিনুকে ভরপুর চিকচিক করা বালুচরে হাঁটার সময় এসব ময়লা-আবর্জনা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। পুরো দ্বীপ ঘুরে স্থানীয় ১০-১২ জন বাসিন্দাকে দেখা গেছে, তাঁরা সৈকত ও পাথরস্তূপের ওপর দোকান, রেস্তোরাঁ খুলে পর্যটকদের তাজা মাছ, কাঁকড়া ভাজা, জিলাপি ও ডাব বিক্রি করছেন। কাঁকড়া বিক্রেতা আবদুল মাজেদ (৩৩) বলেন, ‘স্থানীয় লোকজন প্রবাল-শৈবাল আহরণ করেন না। পর্যটকেরা ফিরে যাওয়ার সময় এসব আহরণ করে নিয়ে যান। এ সময় নিষেধ করলেও তাঁরা শোনেন না।’ ডাব বিক্রেতা আলী আকবর (২৩) জানান, আগে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ছেঁড়াদ্বীপ থেকে বিপুল পরিমাণ প্রবাল-শৈবাল, শামুক-ঝিনুক আহরণ করে ট্রলারযোগে সমুদ্রপথে কক্সবাজারে পাচার করতেন। বর্তমানে কোস্টগার্ড ও নৌবাহিনী তৎপর হওয়ায় পাচার মোটামুটি বন্ধ রয়েছে। সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, আগে দ্বীপের অভাবী কিছু মানুষ জীবিকার জন্য সৈকত থেকে বিপুল পরিমাণ প্রবাল-শৈবাল আহরণ করেছেন। যে কারণে সেন্ট মার্টিন সৈকতে এখন আর তেমন প্রবাল-শৈবাল চোখে পড়ে না। এখন ৩০-৪০টি পরিবার ছেঁড়াদিয়া থেকে এসব আহরণ করে বলে খবর রয়েছে। এ ব্যাপারে সচেতনতার কাজ চলছে।পরিবেশ অধিদপ্তরের স্থানীয় কর্মী আনোয়ার হোসেন বলেন, ‘আমরা প্রতিদিন প্রমোদতরী জাহাজে ওঠার সময় জেটির ওপর মাইকিং করে প্রবাল-শৈবাল রেখে যাওয়ার জন্য পর্যটকসহ লোকজনকে সতর্ক করছি। আমাদের ডাকে সাড়া দিয়ে অনেকে থলে থেকে প্রবাল-শৈবাল রেখে যান। কিন্তু লোকবলসংকটের কারণে দুর্গম সৈকতে গিয়ে আহরণ বন্ধ করা সম্ভব হচ্ছে না।’