হারিয়ে যাচ্ছে জলাভূমি পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগে এখানে প্রতিদিন হাজার হাজার জলাভূমি পাখির মেলা বসত। সকালে মাছধরার সময় পাখির কিচিরমিচির শব্দে মনটা ভরে যেত। সাগরের পানিতে ভেসে বেড়াত শত শত পাখি। উড়ে উড়ে করত মাছ শিকার। আর এখন এসব শুধুই স্মৃতি। এর একমাত্র কারণ প্যারাবননিধন। কয়েক মাস আগে টেকনাফ উপকূলের কয়েক শ একরের প্যারাবনের প্রায় ৩০ হাজার ঝাউগাছ উজাড় করায় জলভূমি পাখির বিচরণক্ষেত্র নষ্ট হয়। আর এতে পাখির সংখ্যাও আশঙ্কাজনকহারে কমে যায়।’গত বুধবার সকালে টেকনাফ সমুদ্রসৈকতে মাছ ধরতে এসে জেলে আবদুল আমিন ক্ষোভের সঙ্গে বলছিলেন কথাগুলো। তাঁর বাড়ি মহেশখালীয়াপাড়ায়।আবদুল আমিন জানান, পাখি শিকার না করার জন্য সরকারি আইন আছে। কিন্তু তার প্রয়োগ নেই। শিকারীরা প্রতিদিন উপকূলে ফাঁদ বসিয়ে প্রচুর পাখি ধরেন। তীর মেরে হত্যা করেন বক, পানকৌড়িসহ নানা প্রজাতির পাখি। জেলে সৈয়দ করিম, জালাল উদ্দিন ও মনির উল্লাহ জানান, উপজেলার শাহপরীর দ্বীপের বদরমোকাম থেকে বাহারছড়ার শামলাপুর গ্রাম পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সৈকতে সকাল-সন্ধ্যা জলাভূমি পাখির মেলা বসত। সন্ধ্যার পর এসব পাখি উপকূলের ঝাউবাগানে আশ্রয় নিত। এখন বন না থাকায় পাখিগুলো আশ্রয়হীন হয়ে অন্য কোথাও চলে যাচ্ছে। গত ১৮-২০ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তর ও বেসরকারি গবেষণা সংস্থা মেরিন লাইফ অ্যালায়েন্স যৌথভাবে কক্সবাজার সমুদ্র উপকূলের মহেশখালী, সোনাদিয়া ও টেকনাফের শাহপরীর দ্বীপে জরিপ চালিয়ে ৪১ প্রজাতির ১২ হাজার ২৮৬টি জলাভূমির পাখি গণনা করেন। এর মধ্যে পরিযায়ী পাখি রয়েছে ৩৩ প্রজাতির। সূত্র জানায়, এর আগের বছর গণনা করে পাওয়া গিয়েছিল ৩৩ হাজারের বেশি পাখি। ২০০৬ সাল থেকে মেরিন লাইফ অ্যালায়েন্স উপকূলে জলাভূমি পাখি গণনা করে আসছে।জেলার মহেশখালী উপজেলার গোরকঘাটা, ঘটিভাঙ্গা, সোনাদিয়া, ঢলঘাটা, মাতারবাড়ি, কুতুবদিয়ার বড়ঘোপ, লেমশিখালী, আলী আকবরডেইলসহ বিভিন্ন উপকূলেও একই অবস্থা। শত শত একর প্যারাবনের গাছ নিধন করে চিংড়িঘের, লবণমাঠ তৈরি ও শুঁটকি উত্পাদনের খামার তৈরি করা হয়েছে। ফলে জলাভূমি পাখির আবাসস্থল নষ্ট হচ্ছে। কুতুবদিয়ার আলি আকবরডেইল গ্রামের মুরালিয়া গ্রামের শামসুল ইসলাম জানান, কয়েক মাস আগেও মুরালিয়া গ্রামে হাজার হাজার জলাভূমি পাখির বিচরণ ছিল। কিন্তু গত নভেম্বরে কিছু প্রভাবশালী প্রায় ১০ একর প্যারাবন ধ্বংস করে তাতে শুঁটকিমহাল গড়ে তোলেন। এতে পাখিগুলো পালিয়ে যায়। এখন কাক ছাড়া অন্য কোনো পাখি চোখে পড়ে না। মেরিন লাইফ অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম জানান, ‘জরিপকালে বিপন্ন প্রায় বেশকিছু স্পুনবিল স্যান্ডপাইপার রেকর্ড করা গেছে। এর মধ্যে ছয়টি গণনা করা হয় সোনাদিয়া ও বদরমোকাম সৈকতে। ১৪-১৫ সেন্টিমিটার দীর্ঘ এ পাখির ঠোঁট চামচের মতো। বিশ্বে এর মাত্র কয়েক শ জোড়া অবশিষ্ট রয়েছে। এই পাখি সংরক্ষণ ও বংশবৃদ্ধির জন্য জার্মান পক্ষীবিদ ক্রিস্টফ জকলারের নেতৃত্বে একটি দল বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে। অথচ আমরা দুর্লভ প্রজাতির এ পাখির আবাসস্থল নষ্ট করছি।’ প্রাণিবিশেষজ্ঞ জহিরুল ইসলাম জানান, জলাভূমি পাখির আবাসের জন্য সোনাদিয়ার কাছের বালুচর, কাদাময় এলাকা ও উপকূলীয় প্যারাবন (ম্যানগ্রোভ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পাখিরা কমপক্ষে সাত হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে আসে একটু আশ্রয় ও খাদ্যের খোঁজে। সোনাদিয়ার নিকটবর্তী কালাদিয়া, পাইকদিয়া, আলোরদিয়া ও বেলেকেরদিয়া অঞ্চল পাখিদের অভয়ারণ্য। কিন্তু এখানে গভীর সমুদ্রবন্দর হলে এসব পাখির সর্বনাশ হবে।উপকূলীয় বন বিভাগের কক্সবাজার অঞ্চলের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম হাসান জানান, প্রভাবশালী ভূমিদস্যুদের কবল থেকে প্যারাবন রক্ষা করা যাচ্ছে না। ক্ষতিপূরণ মামলা করেও জমি থেকে উচ্ছেদ করা যাচ্ছে না। এতে জীববৈচিত্র্য, বণ্যপ্রাণীর আবাসস্থল ও পরিবেশ বিনষ্টের পাশাপাশি উপকূলীয় এলাকার মানুষেরও ব্যাপক ক্ষতি হচ্ছে।