হারিয়ে যাচ্ছে ধনেশ পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বিচারে গাছ কাটা এবং শিকারিদের অপতৎপরতার কারণে বাঘাইছড়ির বনাঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে ধনেশ পাখি। একসময় এ এলাকায় প্রচুর ধনেশ পাখি চোখে পড়লেও এখন আর দেখা যায় না। সম্প্রতি রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের দুর্গম লক্ষ্মীছড়ি গ্রামের কয়েকজন আদিবাসী পাশের বনে একটি ধনেশ পাখির ছানা দেখতে পান। তাঁরা জানান, বাসা ভেঙে গাছের ডাল থেকে ছানাটি নিচে পড়ে গিয়েছিল। ধনেশ পাখির ছানাটি ওই গ্রামের লালন চাকমা নামে এক যুবক পালন করছেন বলে জানা গেছে।গ্রামবাসী জানান, কাচালং ও গঙ্গারাম নদীর তীরবর্তী এলাকায় ও আশপাশের বনে ধনেশ পাখির বসবাস ছিল। কয়েক বছর ধরে ওই এলাকায় জুমচাষ বেড়ে যাওয়ায় পাখির আবাসস্থল ধ্বংস হচ্ছে। এ ছাড়া একশ্রেণীর অসাধু কিছু শিকারি প্রতিদিন ধনেশ পাখি শিকার করছেন। বনের ভেতর ঢুকে ফাঁদ পেতে ধনেশ পাখি ধরা হচ্ছে। এ কারণে পাখিটি গভীর বনেও এখন তেমন চোখে পড়ে না। দুর্গম থালছড়া গ্রামের কার্বারি প্রেমানন্দ চাকমা বলেন, ‘আজ থেকে ১০ বছর আগে গঙ্গারাম বনে শত শত ধনেশ পাখির আনাগোনা দেখা যেত। সকাল থেকে বিকেল পর্যন্ত ধনেশ পাখির ডাকে চারদিক ভারী হয়ে উঠত। এখন আর তেমন চোখে পড়ে না।’ বন বিভাগের মারিশ্যা বিট কর্মকর্তা মো. সানাউল্লাহ বলেন, ‘শিকারিরা গহিন বন থেকে ধনেশ পাখি শিকার করে। নিরাপত্তার কারণে সেখানে যাওয়া সম্ভব হয় না। লিখিত অভিযোগ পেলে থানায় মামলা করা হবে।’ কাচালং ডিগ্রি কলেজের প্রাণীবিজ্ঞানের প্রদর্শক ও বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির সদস্য মো. আবুল ফজল বলেন, ‘ধনেশ পাখি মূলত গভীর জঙ্গলে বাস করে। গর্জন, চাপালিশ গাছের গর্তে ডিম দেয়। তাদের আচার-আচরণ রাজার মতো। আগে বিভিন্ন এলাকায় দেখা গেলেও এখন চোখে পড়ে না।’