হারিয়ে যাচ্ছে ফটিকছড়ির চুনশিল্প
ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী চুনশিল্প কালের আবর্তে হারিয়ে যাচ্ছে। এককালে এখানকার চুন অঞ্চলের চাহিদা মিটিয়ে জেলা সদরেও বিক্রয়ের জন্য নিয়ে যাওয়া হতো। কিন্তু এখন আর সেই জৌলুশ নেই। শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের চলছে আকাল। ঐতিহ্যবাহী এ শিল্পের নানা সংকট। কারিগররা পূর্বপুরুষের এ পেশাকে ছেড়ে অন্য পেশায় যোগ দিচ্ছেন।চুনশিল্পের কারিগর মো. আব্বাস উদ্দিন জানান, পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলী নদী থেকে আসা বিভিন্ন প্রজাতির শামুক, ঝিনুকসহ অসংখ্য কীট পতঙ্গের খোসা-খোল দিয়ে তৈরি হয় এ চুন। এখানকার চুন এ অঞ্চলের চাহিদা মিটিয়ে জেলা সদরেও সরবরাহ করা হয়। শতাধিক পরিবারের জীবিকা নির্বাহ হতো এর মাধ্যমেই। এখন শামুক-ঝিনুকের দাম বেড়েছে। সে তুলনায় দাম বাড়েনি চুনের। ফলে এ শিল্পে জড়িত ব্যক্তিরা অন্য পেশায় চলে যাচ্ছেন। হাতে গোনা কয়েকজন চুন উৎপাদনকারী এখনও এ পেশায় টিকে আছেন। উপজেলার বেশ কয়েকটি গ্রামে চুন কারখানা ছিল। কিন্তু বর্তমানে আজিমনগর ও ভূজপুর ছাড়া কোথাও চুন তৈরি করতে দেখা যায় না। কথা হয় আজিমনগর গ্রামের আবুল হোসেন নামের চুন উৎপাদনকারীর সঙ্গে। তিনি বলেন, এক বস্তা শামুক-ঝিনুকের দাম এক-দেড় হাজার টাকা। তা থেকে ৫০ কেজি চুন হয়। এককেজি চুনের বিক্রয় মূল্য ৫০ থেকে ৫৫ টাকা। তা বিক্রিতে সময় লাগে প্রায় তিন থেকে চার দিন। সব মিলিয়ে খরচের পরিমাণ বাদ দিলে লাভের পরিমাণ খুবই কম।ভূজপুর গ্রামের চুন উৎপাদনকারী মো. এজাহার বলেন, বাজারে নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়লেও প্রকৃতপক্ষে চুনের দাম সে তুলনায় বাড়েনি। তাই এই শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা মোটেও সম্ভব নয়। চুন ব্যবসায়ী মো. একরাম হোসেন বলেন, পাথরি চুন আর মিষ্টি চুনের মধ্যে বিস্তর ফারাক। এখানে যে চুন তৈরি হয় তা মিষ্টি। কিন্তু এ শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের কদর নেই। সরকারি কোনো পৃষ্ঠপোষকতাও নেই। চুন উৎপাদনের কাজ ছেড়ে দিয়ে আজিম নগরের মো. হোসেন রিকশা চালান। তিনি বলেন, ‘এ পেশাকে সম্মানের চোখে কেউ দেখেন না। তার জন্য রিকশা চালাচ্ছি।’ এ পেশায় এখনো জড়িত আজিমনগর গ্রামের মো. সেলিম বলেন, ‘অন্য কাজ করতে পারি না। পিতার কাজকে পুঁজি করা ছাড়া উপায় নেই। পুঁজির অভাবে শিল্পরক্ষা করতে পারছি না।’ পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্পকে লাভজনক করা সম্ভব বলে তিনি মনে করেন।উপজেলার রোসাংগিরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শফিউল আলম প্রথম আলোকে বলেন, চুনশিল্প ফটিকছড়ির গৌরব। ‘পুঁজির অভাব, মুনাফাও কম। এ শিল্পকে টিকিয়ে রাখার জন্য আমরা স্থানীয়ভাবে ঋণসুবিধা দেওয়ার চেষ্টা করব।’আলাপকালে ফটিকছড়ি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হান্নান আলম বলেন, ‘ব্যবসা সমপ্রসারণে শিল্পে জড়িত ব্যক্তিরা এগিয়ে এলে সর্বাত্মক ঋণ সহায়তা দেওয়া হবে।’ ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সরকার বিভিন্ন রুগ্ন ও অকার্যকর শিল্প-প্রতিষ্ঠানকে অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর করার ব্যবস্থা নিয়েছেন। চুন শিল্পের বিকাশেও সরকার আন্তরিক। পর্যায়ক্রমে এ শিল্পকে রক্ষা এবং সমপ্রসারণের জন্য উদ্যোগ নেওয়া হবে।