হারিয়ে যাচ্ছে বনের ফল কাউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের বন-জঙ্গলে একসময় প্রচুর কাউ ফলের গাছ ছিল। তবে এখন এই ফলটি কালেভদ্রে বাজারে দেখা যায়। বন উজাড় হয়ে যাওয়ায় পার্বত্য চট্টগ্রাম থেকে হারিয়ে যাচ্ছে চিরসবুজ বনের এই ফল।বান্দরবান শহরে দু-একজন ফল ব্যবসায়ী বর্ষা মৌসুমে বন থেকে কাউ সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। তাঁদেরই একজন অন্তর চাকমা। সম্প্রতি শহরের মারমা বাজারে কথা হয় তাঁর সঙ্গে। তিনি জানান, কাউ সম্পূর্ণ বনের ফল। আগে সর্বত্র কাউ পাওয়া গেলেও এখন নির্বিচারে বনের গাছ উজাড় হয়ে যাওয়ায় দুর্লভ হয়ে উঠেছে এই ফল। রাজবিলা এলাকার বাসিন্দা অন্তর চাকমা আরও জানান, তাঁর এলাকার প্রাকৃতিক বনে কয়েকটি কাউগাছ এখনো টিকে আছে। ওই বন থেকে ফল সংগ্রহ করে বাজারে বিক্রির জন্য এনেছেন। এক কেজি কাউ ৩০ টাকা দরে বিক্রি করেছেন। ক্রেতাদের মধ্যে তরুণ বয়সী অনেকেই এই ফল আগে দেখেননি বলে জানালেন। তবে বাজারে আসা বেশ কয়েকজন বয়স্ক নাগরিক জানালেন, কাউ আদিবাসীদের অনেকেরই পছন্দের ফল। আগে বর্ষাকালে কয়েক জাতের কাউয়ের দেখা মিলত। কিন্তু এখন কেবল একটি জাতই টিকে আছে। চাকমা ভাষায় কাউকে ‘কাউগুলা’ ও মারমা ভাষায় ‘ওয়াগ্লাসি’ বলা হয় বলে জানালেন তাঁরা। বৃদ্ধা উখ্যাইনু মারমা জানান, আগে পাহাড়ে চার রকমের কাউফল পাওয়া যেত। শীল কাউ, আঁঠা কাউ, ধবল কাউ ও ডেমল কাউ। এখন কেবল শীল কাউ দেখা যায়।বয়স্ক আদিবাসী ক্রেতারা জানান, এ অঞ্চলের প্রাকৃতিক বন ধ্বংস হয়ে যাচ্ছে। এর প্রমাণ হলো কাউফল এখন আর দেখা যায় না। বিশেষজ্ঞরা এ বিষয়ে একমত পোষণ করেছেন। তাঁদের মতে, একমাত্র সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চলের কিছু অংশ ছাড়া আর বান্দরবানের কোথাও কুমারি বন (চিরসবুজ প্রাকৃতিক বনাঞ্চল) নেই। এ জন্য কাউ, লতাআম, হাড়গোজা, ডুমুরসহ বনের অনেক রকমের ফলমূল এখন আর বান্দরবানে পাওয়া যায় না। রুমা উপজেলার কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘টক- জাতীয় এই ফলটিতে খাওয়ার অংশ খুবই কম। এ জন্য দৃষ্টিনন্দন হলেও ফলটির ভবিষ্যৎ নিয়ে কৃষি বিভাগ খুব বেশি চিন্তাভাবনা করেনি।’