হারিয়ে যাচ্ছে ম্রোদের ‘থুইয়ে’
বান্দরবানে বসবাসরত ম্রো আদিবাসীদের ঐতিহ্যবাহী পানি রাখার পাত্র ‘থুইয়ে’ (লাউয়ের খোলস বা ভূদুং) এখন হারিয়ে যাচ্ছে। আগের মতো জুমে থুইয়ে উৎপাদন না হওয়ায় তাঁরা এখন প্লাস্টিকের বোতলে পানি রেখে দৈনন্দিন কাজে ব্যবহার করছেন। এতে স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞ চিকিৎসক ও বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরা। প্রবীণ ম্রোরা জানিয়েছেন, তাঁরা স্মরণাতীতকাল থেকে বংশপরম্পরায় জুমে উৎপাদিত এক ধরনের লাউয়ের খোল পানি রাখার কাজে ব্যবহার করে আসছেন। ঐতিহ্যবাহী এ পানির পাত্র স্থানীয়ভাবে ভূদুং হিসেবে পরিচিত। কিন্তু মাটির উর্বরাশক্তি কমে যাওয়ায় জুমে এখন আর থুইয়ে উৎপাদিত হচ্ছে না। আর সামান্য যা উৎপাদিত হয়, তাও পর্যটকদের কাছে তাঁরা বিক্রি করে দেওয়ায় পানি রাখার জন্য থুইয়ের পরিবর্তে প্লাস্টিকের বোতল ব্যবহার করছেন। চিম্বুক পাহাড়ের রঞ্জু ম্রোপাড়ার নাংপুং ম্রো বলেন, সুয়ালক-লামা সড়ক হওয়ার পর বনদস্যুরা নির্বিচারে কাঠ পাচার করায় অরণ্যবেষ্টিত চিম্বুক পাহাড় এখন ন্যাড়া হয়ে গেছে। এতে পাহাড়ের মাটির উর্বরাশক্তি দ্রুত কমে যাওয়ায় বর্তমানে জুমচাষে ফলনও আশঙ্কাজনকভাবে কমে গেছে। মাটিতে রাসায়নিক সার প্রয়োগ করে ধান, মরিচ, তিলিসহ কিছু ফসলের আবাদ করা গেলেও প্রাকৃতিকভাবে উর্বর মাটি না হলে থুইয়ে বা ভূদুংয়ের ফলন হয় না। টংকাবতীর পূর্ণচন্দ্র ম্রো ও চেয়ারম্যানপাড়ার তাংলাই ম্রো জানান, রাসায়নিক সার প্রয়োগ করে অন্যান্য ফলের মতো থুইয়েও উৎপাদন করা যায়। কিন্তু মাটির কৃত্রিম উর্বরতা বাড়িয়ে উৎপাদন করা গেলেও চামড়ার পুরুত্ব কম হওয়ায় অত্যন্ত ভঙ্গুর ওই থুইয়ে ব্যবহারের উপযোগী হয় না। আবার যে সামান্য পরিমাণ উৎপাদন হয়, তাও পর্যটকদের কাছে অনেকে বিক্রি করে দেন। লামা ফাঁসিয়াখালীর আমতলীপাড়ার চংলগ ম্রো বলেন, থুইয়ে উৎপাদন না হলে একসময় ম্রোদের ঐতিহ্যবাহী বাঁশি বা ফ্লুং তৈরি করা সম্ভব হবে না। কাইতু ম্রো জানান, জুমে উৎপাদিত তিন ধরনের থুইয়ে ম্রোরা ব্যবহার করতেন। পানির রাখার থুইয়ে, বাঁশির জন্য ফ্লুং থুইয়ে ও চামচ হিসেবে ফনছ থুইয়ে। দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এ থুইয়ে তৈরি করা হয়। প্রথমে পাকা লাউ নিয়ে ওপরের গলার অংশবিশেষ কায়দায় কেটে এক মাস কিছু রোদ কিছু ছায়ার মধ্যে রেখে দেওয়া হয়। সেখান থেকে পানিতে ডুবিয়ে প্রায় দুই মাস রাখা হয়। ভেতরের অংশগুলো পচে গেলে ফেলে দেওয়ার পর খোল আরও দু-তিন মাস শুকানো হয়। এরপর থুইয়েতে পানি রাখা যায়। বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী মংহ্লাপ্রু মারমা বলেন, ম্রো বাড়িতে পানি রাখার আলাদা একটি মাচান থাকে। সেখানে কয়েক বছর আগেও ভূদুং ছাড়া কিছুই দেখা যেত না। এখন সেখানে বোতল ছাড়া কদাচিৎ ভূদুং দেখা যায়। গৃহিণী প্লতয় ম্রো বলেন, ‘চার-পাঁচ বছর ধরে প্লাস্টিকের বোতল ব্যবহারের পর থেকে পানি পান করে স্বাচ্ছন্দ্যবোধ করতে পারছি না। থুইয়ের পানি ঠান্ডা এবং স্বাদেও এক ধরনের তৃপ্তি ছিল। কিন্তু বোতলের পানি গরম এবং দীর্ঘ সময় ধরে রাখলে এক ধরনের গন্ধ বের হয়।’ বিশেষজ্ঞ চিকিৎসক চিংশোয়েপ্রু বাচিং বলেন, ম্রোদের ব্যবহার করা থুইয়ে পানির স্বাভাবিক ময়লা ও ধুলোবালি শোষণ করে নিতে পারে। এ জন্য এটি স্বাস্থ্যসম্মত বলা যায়। কিন্তু বোতল ফুড গ্রেডের হলেও গায়ে লেখা মেয়াদোত্তীর্ণের পর ব্যবহারে পলিমারজনিত দূষণের সমস্যা হতে পারে। এর ফলে মানুষের শরীরে হরমোন সমস্যা দেখা দিয়ে বহুমূত্র, কর্কট রোগ (ক্যানসার) ও নারীদের বন্ধ্যাত্ব দেখা দিতে পারে।