হারিয়ে যাচ্ছে রামুর মৃৎশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম-সামগ্রীর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যাচ্ছে রামুর মৃৎশিল্প। উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের কুলালপাড়া ও রুদ্রপাড়ার কুমার পরিবারগুলোর এখন দুর্দিন। এই দুপাড়ার মাঝে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুপাশে মৃৎশিল্পের হাট বসত একসময়। সেই দৃশ্য এখন আর চোখে পড়ে না। প্রতিযোগিতায় টিকতে না পারা এবং পৃষ্ঠপোষকতার অভাব মৃৎশিল্পের দুর্দশার কারণ বলে মনে করেন সংশ্লিষ্ট লোকজন। এ শিল্পের সঙ্গে যুক্ত লোকজন পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন।কুলালপাড়ার মৃৎশিল্পী সজল রুদ্র জানান, একসময় প্রায় ১০০ পরিবার এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তৈরি হতো হাঁড়ি-পাতিল, ফুলের টব, ব্যাংক, খেলনা ও কলসিসহ নানা জিনিস। কিন্তু প্রতিযোগিতায় টিকতে না পেরে মাত্র পাঁচটি পরিবার ছাড়া সবাই বাপ-দাদার পেশা ছেড়ে দিয়েছেন। মৃৎশিল্পীরা জানান, বর্তমানে একটি মাটির হাঁড়ির খুচরা মূল্য দুই থেকে আড়াই টাকা, পাইকারি মূল্য এক-দেড় টাকা। অথচ ১০০ হাঁড়ি তৈরিতে খরচ পড়ে ১০০-১২৫ টাকা। বাজারে কলসি ১২ টাকা, পূজার ঘট আট টাকা এবং মাটির ব্যাংক বিক্রি হয় পাঁচ টাকায়। কিন্তু খরচও পড়ে একই রকম। পাড়ার সবচেয়ে বয়স্ক নিরবালা রুদ্র (৯০) এখনো এই পেশার সঙ্গে যুক্ত। তিনি জানান, মাত্র কয়েকটি পরিবার বর্তমানে মাটির কাজ করে। তারা কেউই ভালো নেই, খেয়ে না খেয়ে বেঁচে আছে। অনেকেই এ কাজ ছেড়ে চা-দোকানের কর্মচারী, রাজমিস্ত্রিসহ নানা পেশায় যোগ দিয়েছে।রুদ্রপাড়ার অনিল রুদ্র প্রায় ২৫ বছর ধরে এ পেশায় জড়িত।তিনি বলেন, ‘পাঁচ বছর আগে যে মাঠ থেকে মাটি সংগ্রহ করতাম, এখন সেখানে ঘর-বাড়ি উঠেছে। তাই তিন মাইল দূর থেকে মাটি কিনে আনতে হয়। পাশাপাশি বেড়েছে জ্বালানি কাঠের দাম।’কুলারপাড়ার রায়ধন শর্মা (২৬) বলেন, ‘মেলামাইন ও অ্যালুমিনিয়াম পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছে না মৃৎশিল্প। নতুন প্রজন্ম এ কাজকে সম্মানজনক পেশা মনে করে না। ঐতিহ্যবাহী এ শিল্প টিকবে কি না সেটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।’ রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক প্রথম আলোকে বলেন, ‘পুরোনো এবং ঐতিহ্যবাহী অনেক শিল্প বর্তমানে নানান সমস্যার কারণে বিলুপ্তির পথে। এর মধ্যে মৃৎশিল্প অন্যতম। এ ধরনের শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি, বেসরকারি উদ্যোগ জরুরি।’