হারিয়ে যাচ্ছে শমসের গাজীর স্মৃতিচিহ্ন
ইতিহাসের কিংবদন্তি, ভাটি অঞ্চলের বাঘ, ত্রিপুরা রাজ্যের শেষ স্বাধীন মুসলিম নবাব শমসের গাজীর ঐতিহাসিক স্মৃতিচিহ্নগুলো হারিয়ে যাচ্ছে। শমসের গাজীর পৈতৃক নিবাসসহ প্রায় আড়াই শ বছরের পুরোনো ভিটা, অস্ত্রাগার ও অন্যান্য স্মৃতিচিহ্ন দেখতে দূর-দূরান্ত থেকে এখনো ছুটে আসেন উৎসুক মানুষ। এ রকম ঐতিহাসিক স্মৃতিচিহ্ন প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে দেখে এলাকার বিশিষ্টজনেরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা এসব ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন। শমসের গাজীর স্মৃতিবিজড়িত নিদর্শনগুলোর কিছু অংশ বাংলাদেশের ভেতর আর কিছু অংশ ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থিত। বাংলাদেশের জগন্নাথ সোনাপুর গ্রামে রয়েছে নবাববাড়ি দিঘির একাংশ, অস্ত্রাগার, বাগানবাড়ি, হাতিশালা ও সুড়ঙ্গপথ। অপরদিকে বাড়ি ও দিঘির বড় অংশই রয়েছে ত্রিপুরার মনুবাজার, করিমাটিলা এবং পাইনাখোলা এলাকায়। দেশের দূর-দূরান্ত থেকে প্রতিদিন অনেক দর্শনার্থী জগন্নাথ সোনাপুর আসেন এসব নিদর্শন দেখতে। তথ্যানুসন্ধানে জানা যায়, ১৭০০ শতকের মাঝামাঝি মুর্শিদাবাদের নবাবদের অধীনে ছিল ত্রিপুরা। ত্রিপুরার শাসক ছিলেন কৃষ্ণ কণিকা বাহাদুর। শমসের গাজী ছিলেন ত্রিপুরার রৌশনাবাদ পরগনার জমিদার। ১৭৫৬ সালে রৌশনাবাদে দুর্ভিক্ষ দেখা দিলে শমসের গাজী প্রজাদের সব খাজনা মওকুফ করে দেন। এতে ক্ষুব্ধ কৃষ্ণ কণিকা বাহাদুর শমসের গাজীকে শাস্তি দিতে সেনাবাহিনী পাঠান। কিন্তু তাঁরা পরাজিত হয়ে ফিরে যান। পরে শমসের গাজী কৃষ্ণ কণিকার বিরুদ্ধে যুদ্ধ করে ত্রিপুরা জয় করে নেন। ১৭৫৭ সালের ২৩ জুন নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের হাতে পরাজিত হওয়ার পর ত্রিপুরার স্বাধীন নবাব হিসেবে ক্ষমতায় ছিলেন শমসের গাজী। ভাটি অঞ্চলের বাঘ হিসেবে পরিচিত ছিলেন তিনি। তাঁর মৃত্যুর তারিখ ও ঘটনা নিয়ে সুনির্দিষ্ট তথ্য জানা যায় না। কারও কারও মতে, তাঁকে ইংরেজরা পরাজিত করতে না পেরে ১৭৬১ সালের কোনো একসময় সমঝোতার প্রস্তাব দিয়ে ডেকে নেয়। এরপর কৌশলে হত্যার পর তাঁর লাশ গুম করে ফেলা হয়। আবার কারও কারও মতে, তাঁকে বন্দী করে মুর্শিদাবাদ নেওয়ার পথে কাশিমবাজার এলাকায় কামানের তোপে উড়িয়ে দেওয়া হয়েছে। জানা যায়, শমসের গাজী প্রজাদের পানীয় জলের সুবিধার জন্য অনেকগুলো দিঘি খনন করেন। তাঁর মা কৈয়ারা বিবির নামে খনন করা ছাগলনাইয়ার কৈয়ারা দিঘি আজও স্বচ্ছ পানির জন্য বিখ্যাত হয়ে রয়েছে। শমসের গাজীর সপ্তম বংশধর এ টি এম গোলাম মাওলা চৌধুরী বলেন, ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগ হওয়ার সময় পাকিস্তান সরকার শমসের গাজীর বসতভিটা রক্ষার কোনো চেষ্টাই করেনি। ফলে নবাব বাড়ির অর্ধেক ভারতীয় এলাকায় থেকে যায়। ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য বলেন, শমসের গাজীর স্মৃতিচিহ্নগুলো সংস্কার ও রক্ষণাবেক্ষণ করে এলাকাটিকে একটি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা উচিত। ভবিষ্যৎ বংশধরদের ইতিহাস জানার জন্যও এটা করা দরকার। ফেনীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার বলেন, শমসের গাজীর যেটুকু স্মৃতিচিহ্ন অবশিষ্ট আছে তা সংরক্ষণ করা প্রয়োজন। পর্যটন-সংক্রান্ত জেলা কমিটির পরবর্তী সভায় এটিকে পর্যটনের আওতায় আনা যায় কি না, এ নিয়ে আলোচনা করা হবে।যোগাযোগ: ঢাকার দিক থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যেকোনো পরিবহনে ফেনী আসতে হবে। সেখান থেকে শুভপুর এসে রিকশা বা অটোরিকশায় জগন্নাথ সোনাপুর ১৫ থেকে ২০ মিনিটের পথ। চট্টগ্রামের দিক থেকে ফেনী বা মিরসরাইগামী বাসে বারইয়ারহাট নেমে সেখান থেকে অটোরিকশায় ১০ থেকে ১৫ মিনিটে যাওয়া যাবে। তথ্যসূত্র: তিন হাজার বছরের নোয়াখালী (ইতিহাসগ্রন্থ) এবং গাজীনামা ও রাজমালা (পুঁথি)।