হারিয়ে যাচ্ছে সেই বৈরুত
দিনে দিনে তার সব ঐতিহ্য হারিয়ে ফেলছে লেবাননের রাজধানী বৈরুত। একসময় যার খ্যাতি ছিল মধ্যপ্রাচ্যের প্যারিস হিসেবে। অপরিকল্পিতভাবে যত্রতত্র গড়ে উঠছে গগনচুম্বী ইমারত। গুঁড়িয়ে দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভবনসহ সাবেকি বাড়িঘর। ব্যাপারটা খুবই পীড়া দিচ্ছে স্থপতি আসেম সালামকে। বৈরুতের বাসিন্দা সালাম বলেন, ‘সময়ের সঙ্গে নিশ্চয়ই সব শহর বদলায়। কিন্তু এরও তো একটা সীমা আছে। বৈরুতের মতো এমন আগ্রাসী ও অমানবিকভাবে নয়।’সালাম আক্ষেপ করে বলেন, ‘লন্ডন শহরের কথাই ধরা যাক না কেন। ১৯৪২ সালে আমি প্রথমবারের মতো সেখানে গিয়েছিলাম। এরপর কত বদলে গেছে লন্ডন। কিন্তু আজও আমি সেই পুরোনো বাসরুট ধরে যেতে পারি। কিংবা একই পথ ধরে হাঁটতে পারি।’স্থপতি সালামের ছেলেবেলার বৈরুতও কম ছিল কিসে! ধীরে ধীরে ভূমধ্যসাগরে নেমে যাওয়া পাহাড়ের সারির মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে গড়ে উঠেছে শহরটা। বাড়িগুলোর সামনে বাহারি ফুলের বাগান। সালামের উঠোন থেকে দেখা যেত সাগর। লোনা গন্ধমাখা হাওয়ায় ভেসে আসত গাংচিলের ডাক। এখন এসব দৃশ্য-শব্দ-গন্ধ দূর অতীত। সালামের বাড়ির সামনে দালানের পর দালান উঠে গেছে। দৃষ্টি সামনে যেতে না যেতেই আটকায় নিরেট পাষাণে। বৈরুতে ঔপনিবেশিক ফরাসি ও অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক স্থাপনাগুলো একসময় বিশ্বের অগণিত পর্যটকের মন কেড়ে নিত। কিন্তু গত শতাব্দীর সত্তরের দশকের মাঝামাঝি থেকে প্রায় দুই দশকের গৃহযুদ্ধ এ শহরকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করে। যুদ্ধের কারণে হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালিয়ে যায়। সেই বৈরুতের যত্রতত্র এখন চোখে পড়ে বড় বড় ক্রেন। অর্ধসমাপ্ত বহুতল ভবন। প্রতিদিনই উঠছে নতুন নতুন দালান। দেখে মনে হবে গোটা শহরই যেন একটা বিরাট নির্মাণস্থল।অনেকের কাছে এ পরিবর্তন ইতিবাচক। কিন্তু অনেকের দৃষ্টিতে এ পরিবর্তন একটা অভিশাপ। বৈরুতের নাট্য পরিচালক জো কোদিয়ে বলেন, ‘ওরা আমার শহরকে ধ্বংস করে ছেড়েছে। যুদ্ধের ধ্বংসযজ্ঞের সময়ও বৈরুতের অনেক কিছু বেঁচে গিয়েছিল, এখন আধুনিকায়নের নামে সব নষ্ট করা হচ্ছে।’মুনাফালোভী ডেভেলপারদের কাছ থেকে বৈরুতের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোও রক্ষা করা যাচ্ছে না। কারণ এগুলো রক্ষায় লেবাননে কোনো আইন নেই। বৈরুতের পৌর কর্মকর্তা রশিদ জালেখ বলেন, ‘যা ঘটছে তা বন্ধ করার সাধ্য নেই আমাদের। একমাত্র উপায় ওই সব পুরোনো ভবন কিনে নেওয়া। কিন্তু এত টাকা তো আমাদের নেই।’জালেখ আরও বলেন, পার্লামেন্ট যদি একটি আইন পাস করে তাহলে এখনো কিছুসংখ্যক ভবন রক্ষা করা সম্ভব। কিন্তু লেবাননের রাজনীতিবিদেরা বছরের পর বছর ধরে রাজনৈতিক বিরোধে এতই ব্যস্ত ছিলেন যে ঐতিহ্য রক্ষা বা পরিকল্পিত নগরী গড়া নিয়ে ভাবার অবকাশ পাননি।ফলে বৈরুত শুধু ঐতিহাসিক স্থাপনাই হারাচ্ছে না, হারাচ্ছে সবুজ প্রান্তর, খোলা জায়গা। লেবাননের রাজধানীতে কখনোই অগণিত পার্ক ছিল না সত্যি, কিন্তু এ শহরের প্রায় প্রতিটি পুরোনো বাড়িতে ছিল বাগান। নগরীকে সবুজে ভরে তুলেছিল এ বাগানগুলো।যুবক আমির সাগর তীরে এসেছিলেন তাঁর তিন বছরের ছেলেকে নিয়ে। আমির বলেন, বাচ্চাকে নিয়ে একটু ঘুরে বেড়াবেন এমন কোনো খোলা জায়গা আর কোথাও অবশিষ্ট নেই। সরকারের উচিত আর অ্যাপার্টমেন্ট না বানিয়ে পার্ক বানানো। বললেন, ক্ষুব্ধ ওই যুবক।কিন্তু দেশের বেশির ভাগ বিত্তবান ও ব্যবসায়ীর কাছে ইতিহাস-ঐতিহ্য নয়, অর্থই বড়। তাই নির্মাণ প্রতিষ্ঠানগুলোর ফুলে ফেঁপে ওঠা। স্থপতি আসেম সালাম বলেন, ‘বৈরুতের ঐতিহাসিক ভবনগুলো রক্ষার ক্ষেত্রে আইন কোনো বাধা নয়। সরকারের সদিচ্ছার অভাবই সবচেয়ে বড় সমস্যা। সরকার জনগণের কল্যাণ চায় না। প্রচলিত বিধিবিধান রিয়েল এস্টেট কোম্পানিও সরকারের স্বার্থ রক্ষা করে, জনগণের নয়।’সূত্র: বিবিসি