হারিয়ে যেতে নেই মানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের সমস্ত খুশি যাঁদের দখলে, সেই তরুণ-তরুণীদের জল্পনা-কল্পনার শেষ নেই। ফ্যাশন হাউস কি বিউটি পার্লার—সবখানেই তাঁদের একচেটিয়া আধিপত্য। ঈদের খুশিটাকে কেবল-খুশি থেকে বিশেষ খুশিতে রূপান্তর করার পরিকল্পনায় তাঁরা এখন মহাব্যস্ত। একঝাঁক উচ্ছ্বল তরুণ-তরুণীর সঙ্গে কথা বলে জানা গেল তাঁদের ঈদ ভাবনার কথা। চট্টগ্রাম সিটি কলেজের শিক্ষার্থী তানজিলা আরমিন, এহতেশাম উদ্দিন, রকিব উদ্দিন, তাসনুভা শারমিন ও শামসুল হক জানালেন ঈদকে ঘিরে তাঁদের পরিকল্পনার কথা—‘পোশাক-পরিচ্ছদ, সাজগোজ—এগুলো নিয়ে তো একধরনের উত্তেজনা কাজ করছেই, এত দিন ঘুরে ঘুরে কেনাকাটা করেছি।’ নিজেকে সবার চেয়ে আলাদা করে রাখার চিন্তাটা এঁদের সবার মধ্যেই। সেভাবেই ঈদের দিনে সাজবেন সবাই। আর সেজেগুজে একেবারে আলাদা হয়ে বন্ধুরা মিলে একটা টমটম গাড়িতে চেপে সবাই ঘুরে বেড়াবেন। টমটমে করেই সি ওয়ার্ল্ডে যাবেন, তারপর ওখান থেকে ভাটিয়ারি—এভাবেই কাটবে তাঁদের ঈদের দিন।ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাহমিনা নবী, আবদুল হান্নান, হুমাইরা ইসলাম, আবদুল্লা আল মামুন জানান, সকালবেলার প্রথম আকর্ষণ থাকে সালামি নেওয়া। তারপর দুপুর পর্যন্ত অতিথি আপ্যায়ন এবং পরিবারের সঙ্গেই থাকা হয়। যত পরিকল্পনা বিকেলের জন্য। তাঁরা ঠিক করেছেন, সবাই মিলে পতেঙ্গার সৈকতে যাবেন। তারপর রাতে হুমাইরার বাসায় হবে ঈদের বিশেষ বার্বিকিউ পার্টি। পরদিন যাবেন সাতকানিয়ার বন্ধু আবদুল্লাহ আল মামুনের বাড়িতে। মামুন প্রতিবার বাড়িতে চলে যান। তাঁরা খুব মিস করেন মামুনকে। এবার তা আর হতে দেওয়া যাবে না। সবাই চলে যাবেন সাতকানিয়ায় মামুনের বাড়িতে। অবশ্য ঈদের এখনো বাকি আছে কয়েক দিন। এই পরিকল্পনায় যোগ-বিয়োগ তো হতেই পারে। সদ্য এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ের বড় আঙিনায় প্রবেশ করবেন আনিকা তাবাস্সুম, ইসরাত জাহান ফাইরুজ শাহানা, রোবেনা নাসরিন, ইমাম জাকারিয়া, গোলাম রব্বানী। তাঁরা জানালেন, ‘আমাদের সব বন্ধুর আম্মুদের রান্নাই খুব মজা। তাই সকাল থেকে দুপুর পর্যন্ত সবার বাসায় ঘুরে ঘুরে চলবে রসনা তৃপ্তি আর সালামি আদায়ের পালা।’ বিকেলে তাঁরা যাবেন কর্ণফুলীর মোহনায়। সেদিন তাঁরা অন্য দিনের চাইতে একটু বেশি স্বাধীনতা ভোগ করবেন। বাড়িতে একটু দেরি করে ফিরলেও সমস্যা হবে না।সারা বছরে এই একটু আলাদা হওয়ার, একটু বেশি স্বাধীনতা পাওয়ার দিনটির জন্য ওদের সবার অপেক্ষা তাই যেন শেষ হতেই চাইছে না।