পেছনে ফিরে হঠাৎ আঁতকে উঠলাম। কাদের যেন ছায়া! আসছে আমাদের পিছু পিছু! ধাক্কা সামলাতে সময় লাগল মিনিট খানেক। আসলে তারা ছিল আমাদেরই ছায়াসঙ্গী। ভয় পাওয়াটা যে খুব অপ্রাসঙ্গিক ছিল তা কিন্তু নয়। বিশেষ করে চারটি মেয়ের জন্য। যারা সাহসের পরিচয় দিয়ে নিজেরা নিজেরাই ঢাকা থেকে ঘুরতে চলে এসেছে কক্সবাজারে।ঢাকা থেকে রওনা দিয়েছিলাম আমরা চারজন। গন্তব্য চট্টগ্রাম হয়ে কক্সবাজার। তিন দিনের ভ্রমণ। ভালোয় ভালোয় বেশ মজা করে কেটে গেল প্রথম দুটি দিন। শেষ দিনে হিমছড়ির হাতছানিতে সাড়া দিতে হলো। সাগর-পাহাড়ের মিতালিতে এসে এক অদ্ভুত ভালো লাগায় আচ্ছন্ন হয়ে পড়েছিলাম আমরা। যেখানে সাগরের বুকচেরা গর্জন প্রতিধ্বনি তুলছিল পাহাড়ে পাহাড়ে। বিশ্ববিদ্যালয়-জীবনের স্নাতক পরীক্ষার পাট চুকিয়ে নিত্যদিনের মতো সেদিনও আড্ডা জমেছিল ঢাকার ধানমন্ডির ফাস্টফুডের দোকান অ্যারাবিয়ানসের টেবিলে। চার কন্যার ঘুরতে যাওয়ার পরিকল্পনাটি শুরু হলো এখান থেকেই। এবারে চার কন্যার পরিচয়ে আসি। যাদের কথা বলছি তারা আমার কলেজজীবনের বন্ধু। বর্ষা, ছন্দা, তানিয়া। সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে ভিন্ন ভিন্ন ক্যাম্পাসের। পরিকল্পনামতো যাত্রা, তারপর প্রত্যাবর্তন। মাঝখানে কাটিয়ে আসা সুন্দর কিছু সময়। মাথা থেকে নগরের জমে থাকা দুশ্চিন্তার জঞ্জাল ঝেড়ে ফেলে এসে আবার নতুন করে পথচলার উদ্যম সঞ্চয়।‘ছেলেরা যদি ঘুরতে যেতে পারে, মেয়েদের যেতে দোষ কোথায়?’ বলতে বলতে অভিমানে গদগদ হয়ে পরিবারের সামনে ঘুরতে যাওয়ার পরিকল্পনাটি হয়তো আর ধোপে টেকে না। অভিভাবকেরা মেয়েটির নিরাপত্তার কথা ভেবে প্রায় ক্ষেত্রেই রূঢ় হন। তাঁদের বুঝতে হবে, বাড়ির ছেলেটির মতো মেয়েটিরও ঘুরতে যাওয়ার ইচ্ছা হতে পারে। মেয়েটিকে বাধা না দিয়ে বরং এ ক্ষেত্রে সাহায্য করা যেতে পারে। কাদের সঙ্গে ঘুরতে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় থাকবে, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হতে পারে, তার খোঁজখবর নেওয়া ও দিকনির্দেশনা দেওয়া যেতে পারে। মেয়েটিরও এখানে কিছু দায়িত্ব রয়েছে। পরিবারের মানুষের কাছে নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। তাহলে অভিভাবকেরাও মেয়েটির কথায় আশ্বস্ত হবেন। তাই বলে স্কুল কিংবা কলেজে পড়া অবস্থায়, এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে মেয়েবন্ধুরা মিলে ঘুরতে যাওয়ার পরিকল্পনাটি কিন্তু একেবারেই অন্যায় আবদার। এ ক্ষেত্রে বয়সটা একটু পরিণত হওয়া জরুরি। বিশ্ববিদ্যালয়-জীবনের শেষের দিকে চাকরিজীবনের শুরুর দিকে মেয়েবন্ধু কিংবা সহকর্মীদের নিয়ে ঘুরতে যেতে পারেন। যে স্থানটিতে ঘুরতে যাবেন সেটি যেকোনো একজন বন্ধুর পূর্বপরিচিত হলে ভালো হয়। যাওয়ার আগে স্থানটি সম্পর্কে অবশ্যই খোঁজখবর নিয়ে নিন। থাকার জন্য মোটেল কিংবা রিসোর্ট আগে থেকে বুকিং দিয়ে রাখুন। সেখানে থাকাটি নিরাপদ কি না, তা-ও খোঁজ নিয়ে নিন। সেখানকার কাছের পুলিশ ফাঁড়ি ও হাসপাতালের নম্বরটিও সংগ্রহে রাখুন।বেড়াতে গিয়ে সব সময় সব বন্ধু একসঙ্গে থাকার চেষ্টা করুন। এতে আশপাশের মানুষেরা আপনাদের নিয়ে খারাপ কোনো ধারণা যেমন করবে না, তেমনি কিছু বলারও সাহস করবে না। বাংলাদেশের অধিকাংশ পর্যটনকেন্দ্রে ভ্রমণ সহকারীর দেখা পাওয়া যায়। কম বয়সী সে রকম একজনকে আপনাদের দলে নিয়ে নিতে পারেন। এতে পথ ঘাট চিনতে যেমন সহজ হবে, তেমনি মাঝেসাঝে তাকে দিয়ে নিজেদের এক ফ্রেমে বন্দীও করে নিতে পারবেন। অপরিচিত ব্যক্তিদের এড়িয়ে চলাই ভালো হবে। সাবধানী চোখটা সব সময় খোলা রাখুন। সার্বক্ষণিক পরিবারের কারও না কারও সঙ্গে মোবাইলে যোগাযোগ রাখতেও ভুল করবেন না। এতে যেকোনো অপ্রত্যাশিত বিষয়ে তাৎক্ষণিক কী করণীয় তা জিজ্ঞেস করে নিতে পারবেন। বন্ধুরা নিজেদের মধ্যে সব সময় মতের মিল রাখার চেষ্টা করুন। সময়টি হোক নির্ভেজাল বন্ধুত্বের। পরস্পর হাতে হাত রেখে অচেনা সৈকতে কান পেতে শুনতে থাকুন নতুন করে বাঁচার কলরব...। যেমন আমরা শুনেছিলাম।