হার্ট ফেইল ঠেকাবে 'র্যাম্বো'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‌্যাম্বো প্রোটিনকে কাজে লাগিয়ে হয়তো হৃদ্‌যন্ত্র সুরক্ষার চিকিৎসায় আরও সাফল্য পাওয়া যেতে পারে। প্রতীকী ছবি।
র‌্যাম্বো প্রোটিনকে কাজে লাগিয়ে হয়তো হৃদ্‌যন্ত্র সুরক্ষার চিকিৎসায় আরও সাফল্য পাওয়া যেতে পারে। প্রতীকী ছবি।

হলিউডের সিনেমার নায়ক র‌্যাম্বো অনেক অসম্ভবকেই সম্ভব করতে পারতেন। মারদাঙ্গা নায়ক র‌্যাম্বোর উপস্থিতি মানেই যেন চারদিকে সন্ত্রস্ত অবস্থা। তেমনি মানবদেহে একটি প্রোটিনের উপস্থিতি নিয়েও চিন্তিত ছিলেন বিজ্ঞানীরা। প্রচলিত ধারণা ছিল কোষের মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে এই প্রোটিন। এ জন্যই হয়তো প্রোটিনটির আবিষ্কর্তা জাপানি বিজ্ঞানী এর নাম দিয়েছিলেন র‌্যাম্বো। কেননা জাপানি ভাষায় র‌্যাম্বো অর্থ সহিংসতা। কিন্তু নতুন এক গবেষণা বলছে, আসলে হৃৎপিণ্ডের সুরক্ষা দিয়ে হয়তো হার্ট ফেইল ঠেকাতে সহায়ক হতে পারে র‌্যাম্বো প্রোটিন।


কিংস কলেজ লন্ডনের বিজ্ঞানীরা নতুন এক গবেষণায় র‌্যাম্বো প্রোটিনের এই সম্ভাবনা খুঁজে পেয়েছেন। গবেষকেরা বলছেন, প্রোটিনটির এই গুণ কাজে লাগিয়ে হয়তো হৃদ্‌যন্ত্র সুরক্ষার চিকিৎসায় আরও সাফল্য পাওয়া যেতে পারে।

ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের অ্যাসোসিয়েট মেডিকেল ডিরেক্টর জেরেমি পিয়ারসন বলেন, ‘এ গবেষণায় র‌্যাম্বো প্রোটিন নিয়ে ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা হয়েছে। বস্তুতপক্ষে হার্ট ফেইলের কারণে হৃৎপিণ্ডের কোষ মরে যাওয়া ঠেকাতে সহায়তা করতে পারে তা। আর এ থেকে সম্ভাব্য চিকিৎসার পথ তৈরি হতে পারে। হৃৎপিণ্ডের কোষে এই প্রোটিনের ভূমিকা নিয়ন্ত্রণে এখন আরও গবেষণা প্রয়োজন।’

র‌্যাম্বো প্রোটিন নামে পরিচিত এই প্রোটিনটির পুরো নাম বিসিএল-র‌্যাম্বো প্রোটিন যা ‘বিসিএল-এল-১৩’ নামেও পরিচিত। এটি কোষের মরে যাওয়ার সঙ্গে যুক্ত বলে ধারণা থাকার কারণেই এর র‌্যাম্বো নামকরণ করা হয়েছিল।
কিন্তু এখন দেখা যাচ্ছে, কোষের মরা মাইটোকন্ড্রিয়া দূর করতে ভূমিকা রাখে এটা। যে প্রক্রিয়ায় কোষ থেকে মরা মাইটোকন্ড্রিয়া দূর হয় তাকে বলে মাইটোফাজি। ফলে মাইটোফাজির ক্ষেত্রে এই প্রোটিনটির ভূমিকা নিয়ন্ত্রণ করতে পারলে আগে থেকেই হৃৎপিণ্ডকে আরও বেশি সুরক্ষা দিয়ে হয়তো হার্ট ফেইল করার আশঙ্কা ঠেকানো সম্ভব হতে পারে।

কিংস কলেজ লন্ডনের গবেষক দলটির নেতা অধ্যাপক কিনিয়া ওটসু বলেন,‘মাইটোফাজির প্রক্রিয়াটা অনেক রোগের সঙ্গেই সম্পৃক্ত বলে দিন দিন এ বিষয়ে বিজ্ঞানীদের আগ্রহ বাড়ছে। হার্ট ফেইলিওর এবং আলঝাইমার ও পারকিনসনের স্নায়ুরোগের সঙ্গেও মাইটোফাজির সমস্যাটা যুক্ত।’

র‌্যাম্বো প্রোটিন নিয়ে এই গবেষণাটি সম্প্রতি নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

(আইএএনএস অবলম্বনে)