হার্ভার্ডে জাতিসংঘের পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জাতিসংঘের প্রতীকী মুন সম্মেলনে অংশ নিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন বাংলাদেশের ছয় শিক্ষার্থী।কী এই মুন সম্মেলন? এর গুরুত্বটাই বা কী?মুন বা মডেল ইউনাইটেড নেশন সম্মেলনে জাতিসংঘের আদলে গড়া হয় প্রতীকী জাতিসংঘ। সত্যিকারের জাতিসংঘের মতোই এখানে থাকে বিভিন্ন কমিটি। কমিটির সদস্যরা প্রতিনিধিত্ব করেন বিভিন্ন দেশের। তাঁরা তুলে ধরেন সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক ও কূটনৈতিক সম্পর্ক, উপস্থাপন করেন এজেন্ডা, পেশ করেন বিভিন্ন উন্নয়নমুখী প্রস্তাব, তুলে ধরেন দেশের আর্থসামাজিক সমস্যাগুলো এবং আলোচনা করেন তা সমাধানের পথ নিয়েও।মুন বা প্রতীকী জাতিসংঘের ধারণা বাংলাদেশে একদম নতুন নয়। কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত মুন সম্মেলনে অংশ নিচ্ছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। বিশ্বের অনেক দেশেই মুন সম্মেলনের আয়োজন করা হয়ে থাকে। তবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হচ্ছে মুন বা প্রতীকী জাতিসংঘের সবচেয়ে পুরোনো আয়োজক। ১৪-১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এটি ছিল হার্ভার্ডের ৫৯তম মুন সম্মেলন। এবারই প্রথম বাংলাদেশ থেকে তরুণেরা অংশ নিলেন এই সম্মেলনে। ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (ডিইউমুনা) ও ইউনিস্যাব থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল গিয়েছিল যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই সম্মেলনে। সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শেখ মো. ইরফান উদ্দিন, মামুন মিয়া, তানজিমুল ইসলাম; ব্যবস্থাপনা বিভাগের সিদ্ধার্থ গোস্বামী, লেদার অ্যান্ড টেকনোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ফরহাদ রহমান এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাজ্জাদ চৌধুরী।প্রতীকী জাতিসংঘ হলে কী হবে, হার্ভার্ডের কার্যক্রম সত্যিকার জাতিসংঘের চেয়ে কোনো অংশে কম ছিল না! বিশ্বের অন্যতম বৃহৎ এই মুন সম্মেলনে মোট ২৪টি কমিটির অধীনে ৯৪টি দেশের প্রায় চার হাজার অংশগ্রহণকারীকে অক্ষরে অক্ষরে পালন করতে হয়েছে সেখানকার নিয়মকানুন। মজার ব্যাপার হলো, চার দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশের দলটি কিন্তু হাইতির প্রতিনিধিত্ব করেছে। মুন সম্মেলনের নিয়মই হচ্ছে ব্যক্তিকে ভিন্ন কোনো দেশের প্রতিনিধিত্ব করতে হয়।কথা হলো, মামুন মিয়া ও সিদ্ধার্থ গোস্বামীর সঙ্গে। মামুন ছিলেন হাইতির টেকসই উন্নয়ন কমিটিতে। একটি উন্নয়নশীল দেশ হিসেবে হাইতির অর্জনগুলো, দেশটির ভবিষ্যৎ উন্নতির লক্ষ্যে গৃহীত পদক্ষেপ, সর্বোপরি কীভাবে দেশটির টেকসই উন্নয়ন করা যায়, তা নিয়ে বক্তব্য দেন তিনি।সিদ্ধার্থ অংশ নেন হাইতির স্পেশাল পলিটিক্যাল অ্যান্ড ডিকলোনাইজেশন কমিটিতে। সিরিয়া ও আজারবাইজানে ঘটে যাওয়া সাম্প্রতিক ইস্যু নিয়ে হাইতি কী ভাবছে, তা-ই ছিল তাঁর আলোচনার মূল বিষয়।ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড অ্যাসোসিয়েশনের (ডিইউমুনা) প্রেসিডেন্ট হওয়ার সুবাদে মামুন মিয়ার দেশের বাইরে যাওয়া হয়েছে অনেকবারই। কিন্তু এবারের অভিজ্ঞতা ছিল কিছুটা ভিন্ন, ‘বাংলাদেশে বসন্তের শুরু হলেও বোস্টনে তখন প্রচণ্ড শীত, তাপমাত্রা ছিল মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস! রীতিমতো কাঁপছিলাম! তবে ওখানে সবাই বেশ দক্ষ, কূটনৈতিক আলোচনায় অনেক অগ্রসর। সংস্কৃতিজ্ঞানের পাশাপাশি অনেক দক্ষতার আদান-প্রদান করতে পেরেছি। বাংলাদেশের তরুণসমাজ যে পিছিয়ে নেই আর সব দেশের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে কাজ করা তারই প্রমাণ।’ডিইউমুনার সাধারণ সম্পাদক সিদ্ধার্থ গোস্বামী এর আগে অংশ নিয়েছেন সিঙ্গাপুর ও কোরিয়ার মুন সম্মেলনে। কিন্তু এশিয়ার বাইরের কোনো সম্মেলনে তাঁর অংশ নেওয়া এই প্রথম, ‘যুক্তরাষ্ট্রের মানুষ সবকিছুকেই পেশাদারি চোখে দেখে। কিন্তু অবাক হলাম তখনই, যখন ওখানে অধ্যয়নরত বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আমাদের করতালি দিয়ে উৎসাহ দিচ্ছিল!’এই দুই তরুণ ডিইউমুনার মাধ্যমে মুনের ধারণা বা মুনচর্চাকে শুধু ঢাকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দিতে চান দেশের সব জায়গায়।মুন কর্মশালার মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের দেওয়া হয় প্রশিক্ষণ। হয়তো এঁদেরই মধ্য থেকে কেউ একজন হয়ে যেতে পারেন দেশের ভবিষ্যৎ নেতা!