গণিত নিয়েই তারিক আদনানের সব স্বপ্ন। যখন কথা হচ্ছিল তারিকের সঙ্গে, তখন তিনি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড আয়োজিত গণিত ক্যাম্পে। এই গণিত নিয়েই তারিকের জীবনে অসম্ভবকে সম্ভব করার সব প্রচেষ্টা। ২০১০ সালে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ৫১তম আসরে তারিক পেয়েছেন ব্রোঞ্জপদক। ৫০তম আসরে অর্জন করেন ‘অনারেবল মেনশন’। এ পর্যন্ত চারবার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছেন। গণিতকে ভয় নয়, গণিতকে বন্ধু বানিয়ে নিয়ে এ বছর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গণিত ও পদার্থবিজ্ঞানে পড়তে যাচ্ছেন তারিক।তারিক স্বজনদের কাছে মুন নামে পরিচিত। তারিকের ছোটবেলা কেটেছে কুষ্টিয়ায়। ২০০৮ সালে কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ২০১০ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫। ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন তারিক। গণিতের বিভিন্ন প্রতিযোগিতায় একের পর এক সাফল্য অর্জনের পর আকাশছোঁয়া স্বপ্ন পূরণের জন্য আত্মবিশ্বাসী হয়ে ওঠেন তারিক। আবেদন করেন বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে। এমআইটি, ইয়েল, প্রিন্সটন, কর্নওয়েল—বিশ্বের ‘সেরাদের সেরা’ এসব বিশ্ববিদ্যালয় থেকে ডাক আসতে থাকে। তারিক বেছে নেন এমআইটি। কিন্তু এপ্রিলের শুরুতে হার্ভার্ড থেকে ডাক এলে পাল্টে যায় সব হিসাব-নিকাশ। সার্বিক সুযোগ-সুবিধার বিবেচনায় এমআইটির বদলে হার্ভার্ড যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন তারিক।‘কখনোই ভাবিনি হার্ভার্ড থেকে সুযোগ আসবে। এটা ছিল আমার জন্য অবিশ্বাস্য। শতভাগ বৃত্তি, থাকা-খাওয়ার খরচ, হাতখরচসহ প্লেনে যাওয়ার টিকিটের খরচ নিয়ে হার্ভার্ড আমন্ত্রণ জানায় ওদের অভিনব শিক্ষার জগতে। ন্যাচারাল সায়েন্সে হার্ভার্ডের জুড়ি নেই। তাই বেছে নিলাম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।’ বলছিলেন তারিক।বিশ্বের সেরাদের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার স্বপ্ন তৈরি হয় গণিত অলিম্পিয়াডের মধ্য দিয়ে। টোয়েফল (স্কোর-১২০-র পর ১১১), স্যাট-১ ও ২-এর মধ্যে প্রায় ২১০০ ও ২৪০০ নম্বর পেয়ে তারিক আবেদন করেন পছন্দনীয় বিশ্ববিদ্যালয়গুলোতে।গণিত নিয়ে তারিক আদনানের দিনরাত্রি ও সব ভাবনা। ‘কুষ্টিয়া ম্যাথ সার্কেল’ নামের ওয়েবপেজ করে তারিক গণিতসংক্রান্ত যাবতীয় তথ্য, নোট, সমস্যা ও গণিত নিয়ে নানা বিচিত্র ভাবনা শেয়ার করেন সবার সঙ্গে। বাংলাদেশের বন্ধুদের জন্য আরও উন্নত করেছেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ওয়েবপেজ। বাংলাদেশি ফোরাম এবং বাংলাদেশের জাতীয় গণিত অলিম্পিয়াডের নিজস্ব ওয়েবপেজ, ফেসবুকেও নিয়মিত বন্ধুদের সঙ্গে গণিতের নানা বিষয় নিয়ে আলোচনা করতে ভোলেন না। ইতিমধ্যে বিজ্ঞানবিষয়ক জার্নালে গণিতবিষয়ক লেখা ছাপিয়েছেন মুন। পাশাপাশি কাজ করছেন ‘প্রজেক্ট লোন’ নামের প্রকল্পে। তারিকের জীবনে সবচেয়ে বড় প্রেরণা তাঁর মা। তারিক আদনান স্বপ্ন দেখেন বিজ্ঞানী হওয়ার। বিজ্ঞানবিষয়ক গবেষণা তৈরি করে বাংলাদেশে বিজ্ঞানচর্চার মানকে বিশ্বমানের করতে চান। দেশে ফিরে এসে কাজ করার তীব্র ইচ্ছা সঙ্গে নিয়ে আগস্টের মধ্যভাগে তারিক যাচ্ছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে।