ডান পা আর বাঁ হাত বাঁকা। কোনো রকমে চলাফেরা করতে পারেন। চরম দারিদ্র্যের মধ্যে বসবাস। হাঁটতে পারেন না ঠিকমতো, তবু একটি শীতবস্ত্র পাওয়ার আশায় সম্প্রতি চার কিলোমিটার পথ পায়ে হেঁটে দীঘিনালা সদরে এসেছিলেন অর্চনা চাকমা(২৬)। অর্চনা চাকমা প্রতিবন্ধী ভাতা চান। শুনেছেন সরকার প্রতিবন্ধী ভাতা দেয়। কিন্তু ভাতা কার কাছে চাইবেন কীভাবে পাবেন জানেন না। যদি ভাতার ব্যবস্থা হয় তবে বেঁচে থাকা কিছুটা হলেও সহজ হয়। প্রতিবন্ধীদের শীতবস্ত্র বিতরণ হচ্ছে শুনে সম্প্রতি দীঘিনালা এসেছিলেন তিনি। দেখা হতেই আকুতি জানিয়ে বলেন, ‘ছোটবেলায় বাতজ্বরে আক্রান্ত হয়ে ডান পা ও বাঁ হাত বাঁকা হয়ে যায়। সংসারে অভাব। কষ্ট করে দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করতে পেরেছি। কয়েক বছর আগে বিয়ে হলেও স্বামীর আয় রোজগার নেই। বাবার সংসারেই থাকতে হচ্ছে। তিন মেয়ে সন্তান নিয়ে কোথায় যাব জানি না।’অর্চনা জানান, প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন তিনি। কিন্তু নাম অন্তর্ভুক্ত করতে পারেননি। ভাতার ব্যবস্থা হলে অন্তত সন্তানদের পড়ালেখার খরচটুকুও মেটানো যেত। এক নম্বর মেরুং ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জাহাঙ্গীর হোসেন জানান, অর্চনা চাকমার পরিবার খুবই দ্ররিদ্র। প্রতিবন্ধী ভাতা দেওয়ার জন্য নতুন নাম তালিকাভুক্তির নির্দেশনা এলে অর্চনা ভাতা পাবেন । উপজেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী জরিপ তালিকা পর্যালোচনা করে দেখা যায়, শারীরিক, মানসিকসহ দীঘিনালা উপজেলায় প্রতিবন্ধী রয়েছে ২৫২ জন। তবে সমাজসেবার জরিপ তালিকায় প্রতিবন্ধী হিসেবে অর্চনা চাকমার নাম নেই। এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বজিত চাকমা জানান, প্রতিবন্ধীদের জরিপটি অনেক আগের। হালনাগাদ করা হয়নি। আর গত তিন বছর ধরে নতুন করে প্রতিবন্ধী ভাতার বরাদ্দও আসেনি। বরাদ্দ এলে অর্চনা চাকমার নাম অন্তর্ভুক্ত করা হবে।