হাল ফ্যাশনে টাই চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গলাবন্ধনী তার নাম! তবে শুধু বন্ধন দেওয়াই এর কাজ নয়, ব্যক্তিত্বের নিগূঢ় সৌন্দর্য প্রকাশ করাও এর কাজ।ইন্টারনেট ঘেঁটে পাওয়া এক ইতিহাস শোনাই। সে বহু দিন আগের কথা। পাশ্চাত্যে প্রচণ্ড শীত থেকে গলার অংশকে রক্ষা করতে নারী-পুরুষ উভয়ের মধ্যে জনপ্রিয়তা লাভ করল এক টুকরো কাপড়। দেখা গেল, বেশ কাজে দিচ্ছে সেটি। ধীরে ধীরে সে কাপড়খানি বিশেষ এক কায়দায় হয়ে উঠল স্কার্ফ। উনিশ শতকের শুরুর দিকে জেসে ল্যাংসডর্ফ নামে আমেরিকান এক ভদ্রলোক স্কার্ফটাকে ডান দিকে ত্রিকোণ করে কেটে দুই পাশে সমানভাবে ঝুলিয়ে করে দিলেন টাই। তবে আমেরিকার সেই ভদ্রলোক আজকের টাই দেখলে অবাক না হয়ে পারতেনই না। বরনে, গড়নে, নকশায়, বুননে টাই আজ হয়ে উঠেছে ছেলেদের অন্যতম ফ্যাশন অনুষঙ্গ। ফ্যাশনের পাশাপাশি এই হিম দিনে টাই যেন এক টুকরো উষ্ণ পরশ। একস্ট্যাসির প্রধান ডিজাইনার তানজীম হক বলেন, ‘বছরের এ সময়টায় সবচেয়ে আরামদায়ক পোশাক হচ্ছে স্যুট-ব্লেজার। এর সঙ্গে টাই যোগ করে ভিন্ন মাত্রা। তবে স্যুট-ব্লেজারের মতো টাইখানাও হওয়া চাই মনমতো ও মাপমতো। ছেলেদের ব্লেজারগুলো এখন শুধু ফরমাল নয়, একটু ক্যাজুয়াল ধাঁচেও তৈরি হচ্ছে। ব্লেজার, স্যুটের এখন একেবারে ফিটফাটের ফ্যাশন। নিচের দিকটা গোলাকার এমন ব্লেজার ও রঙিন টাই এখন তারুণ্যের পছন্দের তালিকায়।’বর্তমানে টাইয়ের ব্যবহার কেবল আনুষ্ঠানিক পরিবেশে স্যুট-ব্লেজারেই সীমাবদ্ধ নেই, টাই হয়ে উঠেছে নিত্যদিনের অনুষঙ্গ। শার্ট এমনকি টি-শার্টের সঙ্গেও তরুণ বয়সীদের কাছে বাহারি টাইগুলো জনপ্রিয়তা পেয়েছে। এভাবেই বলেন প্লাস পয়েন্টের কর্ণধার ফ্যাশন ডিজাইনার সাইফুল ইসলাম।বাজার ঘুরে দেখা গেছে, প্রকৃতির রং, যেমন—কচি কলাপাতা, কালোজাম, পেঁয়াজ ও আপেল রঙের একরঙা টাইগুলো এখন চলছে বেশি। সিল্কের দ্যুতি ছড়ানো সাদা, কালো, সোনালি তো সব সময়েরই। তার সঙ্গে বিভিন্ন ফুলেল মোটিফ, জ্যামিতিক নকশা; ডোরার লাল, বেগুনি, নীল, কালো, গোলাপি, কমলা, আকাশির মিশেলে টাই তো রয়েছেই। আনুষ্ঠানিক (ফরমাল), অনানুষ্ঠানিক (ক্যাজুয়াল), হাল ফ্যাশন—তিন ধরনের টাই পাওয়া যাচ্ছে। সাধারণত ফরমাল টাইগুলো প্রস্থে দুই থেকে আড়াই ইঞ্চি, ক্যাজুয়ালগুলো দেড় থেকে দুই ইঞ্চি এবং ফ্যাশনেবল টাইগুলো এক থেকে দেড় ইঞ্চি হয়।যাঁরা শীতের পোশাকের সঙ্গে হাল ফ্যাশনের টাই কিনেছেন অথবা কিনবেন বলে ভাবছেন, তাঁদের জন্য মেনজ ক্লাবের প্রধান নির্বাহী মাহমুদুল হেলালের পরামর্শ হলো, টাইয়ের সঙ্গে ব্লেজারটা মানাল কি না, সে দিকটায় একটু বেশি গুরুত্ব দিন। আপনার গড়নের সঙ্গে ব্লেজারটি যদি ঠিকঠাক না মেলে, তাহলে টাইয়ের সৌন্দর্যটা ফুটে উঠবে না। যাঁদের উচ্চতা কম তাঁদের স্ট্রাইপ ব্লেজারে ভালো দেখাবে। যাঁরা লম্বা গড়নের তাঁরা এক রঙা চেক ব্লেজার বেছে নিতে পারেন। মাঝারি উচ্চতার যাঁরা, তাঁদের চেক ছাড়া যেকোনো ব্লেজারেই মানিয়ে যায়। যাঁরা একটু হালকা গড়নের তাঁরা তিন-চার বাটন, মাঝারিরা দু-তিন বাটন আর ভারী গড়নের ব্যক্তিদের এক বাটন ব্লেজারই মানানসই। আর শার্ট কলার ও বাটনলেস ব্লেজার বেশি মানাবে, যদি আপনি লম্বা গড়নের হয়ে থাকেন। উচ্চতা মাঝারি ও কম হলে বেছে নিন কলার ছাড়া ব্লেজার। এবার এর সঙ্গে মিলিয়ে নিন আপনার পছন্দের শার্ট। তারপর টাই। আপনার পোশাক নির্বাচনের ধারাবাহিকতাটা হবে বড় থেকে ছোট।জেন্টাল পার্কের ডিজাইনার শাহাদাৎ বাবু বলেন, ‘শারীরিক আকৃতির সঙ্গে টাইয়ের আকৃতি মানানসই হতে হবে। যাঁরা একটু মোটা, তাঁরা খানিকটা চ্যাপ্টা গোছের ছোট টাই বেছে নিন। যাঁরা লম্বা গড়নের, তাঁদের চাপা ও খানিকটা লম্বা টাই ভালো মানাবে।’টাই নির্বাচনে রংটাও কম গুরুত্বপূর্ণ নয়। কারণ টাইয়ের রং হয়ে উঠতে পারে আপনার ব্যক্তিত্বের মূর্ত ভাষা। চিরায়ত রং সাদা ও কালোর বাইরে নীল, গোলাপি, সবুজও বেছে নিতে পারেন। ইয়েলোর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স শাখার দায়িত্বে থাকা এ এইচ এম সাজেদুর রহমান বলেন, ‘এক রঙের শার্টের সঙ্গে পরুন চিকন চেক কিংবা স্ট্রাইপের টাই। আর স্ট্রাইপ ও চেক শার্টের সঙ্গে পরুন এক রং বা বাহারি সুতার কাজের টাই। তরুণ বয়সীদের গাঢ় রং, মাঝারি বয়সীদের হালকা রং ও বয়স্কদের উজ্জ্বল রঙে মানায় ভালো।’নামটা গলাবন্ধনী হলেও এর বন্ধন নিয়ে জীবনে একবারও বিপাকে পড়েননি, এমন কারোর দেখা মেলা ভার! গলাবন্ধনীর বন্ধন হয় তিন ধরনের। এক প্যাঁচ, দুই প্যাঁচ, স্থির করা। শার্ট ও ব্লেজারের সঙ্গে এক প্যাঁচের মাঝারি দৈর্ঘ্যের টাই আর স্যুট-কোটের সঙ্গে দুই প্যাঁচের লম্বা টাই মানানসই।একটি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক রিসাত রাব্বানী ব্লেজারের সঙ্গে যেকোনো উজ্জ্বল রঙের টাই-ই পরতে পছন্দ করেন। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বিবিএ অধ্যয়নরত রাজু হোসেন পারিবারিক কিংবা বন্ধুদের সব পার্টিতেই কালো বা লাল রঙের ফ্যাশনেবল টাই পরেন। স্যুট-ব্লেজারের সঙ্গে অথবা কেবল শার্টের সঙ্গে—দুভাবেই টাই পরতে পছন্দ করেন অনেকে। তবে যাঁরা শার্ট-টাই মিলিয়ে তার ওপর ব্লেজার চাপিয়ে নিচ্ছেন তাঁরা লক্ষ রাখুন—শার্টের কাফ যেন ব্লেজারের হাত যেখানে শেষ হয়, এর থেকে আধা ইঞ্চি বেশি থাকে। টাইয়ের সঙ্গে মিলিয়ে বেছে নিতে পারেন শার্টের কাফলিংক বোতামও। স্যুট-ব্লেজার, শার্টের সঙ্গে কোন টাইটা পরবেন, তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ভোগার তেমন কোনো প্রয়োজন নেই। বিছানায় স্যুটটা মেলে ধরুন। তার ওপর শার্ট। এরপর তার সঙ্গে মিলিয়ে মনমতো একটা টাই। ভালো লাগাটা চোখে। আপনার চোখে যেটা ভালো লাগবে, সেটিতে আপনাকে দেখতে খারাপ লাগার কথা নয়। আর আপনি যা পরবেন তা-ই তো আপনার হাল ফ্যাশন!দরদাম: বেক্সিমকোর ইয়েলোর সব শোরুমে ফরমাল ও ক্যাজুয়াল টাই মিলবে ৫৯৯-৯৯৯ টাকায়, ফ্রিল্যান্ডের শোরুমে পাবেন ফ্যাশনেবল টাই ৫৪০-৭৯০ টাকায়, ক্যাটস আইয়ে স্ট্রাইপ ও বিভিন্ন মোটিফের টাই পাবেন ৪০০-৪৫০ টাকায়, ওয়েসটেকসে পাবেন কাফলিংক ও টাইয়ের সেট ১০৫০ টাকায়, একস্ট্যাসিতে হাফসিল্কের টাই মিলবে ৭৮০-৮৫০ টাকায়, প্লাস পয়েন্টে ছোট, বড় দুই ধরনের টাই পাবেন ৩৫০-৯৫০ টাকায়।