হালকা তবে উজ্জ্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতের পার্টি বলতেই কি ভারি নকশার শাড়ি আর পুরু মেকআপ? এই সময়ে এমন সাজা কি স্বস্তির? মোটেও না। আবার হালকা সাজ মানে তো একদম না সাজাও নয়। রাতের পার্টিতে তবে কেমন হবে সাজ পোশাক, জেনে নিন এই নকশায়।হালকা রং, তবে উজ্জ্বল। এটাই এ সময়ের পার্টি সাজের মূলকথা। পোশাক আর মেকআপ—দুই ক্ষেত্রেই এখন এমন চল। পোশাকের রংটা যাতে চোখের জন্য আরামদায়ক হয়, সেটাও লক্ষ রাখতে হবে। রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা কামালের পরামর্শ, সাজে আর পোশাকে একটা রংই যাতে প্রাধান্য পায়। অনেক রঙের বাড়াবাড়ি আপনাকে এ সময় মোটেও আকর্ষণীয় করে তুলবে না। হালকা রঙের জমিনে উজ্জ্বল কোনো রঙের নকশা। শাড়িটা হতে পারে এমন। আর মেকআপের বেলায় সেই পুরোনো সূত্রই মানুন—আইশ্যাডো বা লিপস্টিক যেকোনো একটাকে প্রাধান্য দিন।আফরোজা কামাল বলেন, ‘এখন বেস মেকআপ হতে হবে হালকা, যাতে ত্বক একদম স্বাভাবিক দেখায়। রাতের পার্টিতে মুখে প্যানকেক একটু ব্যবহার করতেই হয়। তবে সেটাও হালকা করে বুলিয়ে নিতে হবে। পোশাকে সবচেয়ে স্নিগ্ধ যে রংটা আছে, সেই রঙের প্রাধান্যে মেকআপ করুন। চোখে ন্যাচারাল শ্যাডো দিয়ে, বাইরের দিকে শাড়ির রঙের হালকা ছোঁয়া দিতে পারেন। তাহলে ঠোঁটের রংটা উজ্জ্বল করতে পারেন। তবে ম্যাচিং লিপস্টিক এখন কেউ ব্যবহার করেন না তেমন। যেকোনো রঙের পোশাকের সঙ্গেই এখন ম্যাজেন্টা, গোলাপি বা লাল লিপস্টিক ব্যবহার করতে পারেন।’পোশাকের রঙের সঙ্গে সাজটা মেলাতে গিয়ে অনেকে দ্বিধায় ভোগেন। হাতের কাছে একই রঙের শ্যাডো বা লিপস্টিক সব সময় পাওয়াও যায় না। তবে লাল লিপস্টিক আর স্মোকি সাজের চোখ—এই ধরনের মেকআপ সব রঙের পোশাকের সঙ্গেই করা যায়। যেকোনো বয়সীরাই এমন মেকআপ করতে পারেন। একসময় কালো রংটা স্মোকি সাজে প্রাধান্য পেলেও এখন নীল, সবুজ, বাদামি ইত্যাদি নানা রঙে চোখের স্মোকি সাজ করা হচ্ছে। তবে কালো রংটা নির্দ্বিধায় সব পোশাকের সঙ্গেই ব্যবহার করতে পারেন। গ্লিটার নয়, বরং এখন মেটালিক বা শিমার ধাঁচের রঙের চল। যেকোনো রঙের মেটালিক শেড ব্যবহার করতে পারেন চোখে। তাতে মেকআপে বেশ জমকালো ভাব আসবে, কিন্তু জবরজং দেখাবে না। চোখের মেকআপে এখন দুই-তিন রং ব্যবহারের চল নেই; বরং একই রঙের দুটি শেড দিতে পারেন।চুলে করতে পারেন ব্লো ড্রাই বা আয়রন। এরপর সামনের দিকটা হাত দিয়ে একটু এলোমেলো করে নিতে পারেন। সোজা চুলের শুধু নিচের দিকটা রোল করা—এমন হেয়ারস্টাইলও এখন খুব চলছে। ওয়েট লুকের চুলও এখন বেশ ভালো দেখাবে। বাড়িতেই করতে পারেন এমন হেয়ারস্টাইল। এ জন্য কিছুটা ভেজা চুলে মুজ লাগিয়ে নিচ থেকে ওপরের দিকে চেপে বেঁধে রাখুন। এভাবে প্রায় ১৫ মিনিট রাখুন। বের হওয়ার আগে চুল খুলে হাত দিয়ে ঠিকঠাক করে নিন। চিরুনি ব্যবহার করবেন না। তাতে ওয়েট লুকের এলোমেলো ভাবটা নষ্ট হয়ে যাবে। চুল বাঁধবেন, না ছেড়ে রাখবেন—তা নির্ভর করবে গয়নার ওপর। কানে বড় শ্যান্ডেলিয়ার ধাঁচের দুল পরলে চুল খুলে দিন। আবার ছোট টপ পরলে টেনে বাঁধতে পারেন। একই কথা গলার গয়নার জন্যও। মনে রাখুন, প্রথমে শাড়ি বাছুন, তারপর গয়না। এই দুটোর ওপর নির্ভর করবে সাজটা কেমন হবে তা। সবশেষে চুলের সাজ বেছে নিন। কোনো কিছু উপলক্ষে অবশ্য অনেকেই গাঢ় রঙের পোশাক পরতে চান। বিয়ের পর নতুন বউয়েরা যেমন লাল, ম্যাজেন্টা, কমলা ইত্যাদি রঙের শাড়ি পরতে পছন্দ করেন। বিয়ের দাওয়াতেও অনেকে গাঢ় রং পরেন। তবে এই ঋতুতে সাজে থাকবে না বাহুল্য। গাঢ় রঙের শাড়ি হলে গয়না পরুন কম। চুলটা টেনে খোঁপা করুন অথবা ওয়েট লুক করাতে পারেন।যতই হালকা সাজের কথা বলা হোক, সব পার্টিতে সাদামাটা সুতি শাড়িটাও তেমন মানানসই নয়। এ জন্য মসলিন শাড়ি পরতে পারেন। আর জামদানি তো সব সময়ই দারুণ। অ্যান্ডি শাড়িও বেছে নিতে পারেন। ফ্যাশন হাউস অন্য মেলার ডিজাইনার সুকুমার রাজবংশী জানালেন, মসলিন শাড়ি দুই ধরনের হতে পারে। সুতার কাউন্ট বেশি হলে দোতারি আর কম হলে একতারি। একতারি শাড়িটা বেশ হালকা। এটা গরমে পরতে পারেন। এখন শাড়িতে স্ক্রিনপ্রিন্ট আর এমব্রয়ডারির কাজ বেশি দেখা যাচ্ছে। ছোট মোটিফই চলছে এখন। আর সরু পাড়। ব্লাউজের নকশায় এসেছে বৈচিত্র্য। লেসের ব্যবহারে ব্লাউজে ভিন্নতা আনা হচ্ছে। আর পেছনে দেখা যাচ্ছে নানা নকশা। ব্যাকলেস ব্লাউজও পরছেন অনেকে। আর ব্লাউজের হাতটা খাটো হলেই ভালো দেখাবে।