হালকা শীতে উলের টপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা এখন মাঘের মাঝামাঝি। দিনের বেলায় কড়া রোদ। শীতের বালাই আর নেই। খুব সকালে আর সন্ধের বাতাসে কিছুটা আঁচ তবুও পাওয়া যায়। স্কুল, কলেজ, অফিস—ব্যস্ত জীবনের চলাফেরায় উপযোগী পোশাক বহন করাটাই বুদ্ধিমানের পরিচয়। ভারী উলের নয়। একটু হালকা ধরনের সোয়েটারই এ সময়টায় যেন মানানসই। শীত কাটাবে কিন্তু গরম লাগাবে না। সোয়েটারে এখন আর গত্বাঁধা কোনো কাট বা নকশা নেই। এখন শুধু সোয়েটার দিয়েই করা যায় হরেক রকমের ফ্যাশন। ঠিক সোয়েটার নয়, এগুলোকে বরং ফ্যাশনেবল টপ বলাই ভালো। পাতলা উল, গেঞ্জি কাপড়, নিট ওয়্যারের কাপড় অথবা দুটি কাপড়ের মিশেলে তৈরি করা হচ্ছে এগুলো। ক্রুশ কাঁটার নকশায়ও বানানো হচ্ছে। দেয়া হচ্ছে অভিনব কাটছাঁট।নকশার বৈচিত্র্যের কোনো অভাব নেই এসব টপের বেলায়। ফ্রক বা টিউনিকের আদলে পাওয়া যাবে সোয়েটার। জিন্স বা টাইটস দিয়ে অনায়াসে পরা যাবে। অথবা হাঁটুর একটু ওপর পর্যন্ত চাপা টপটির কথাই ধরা যাক। স্কার্টের সঙ্গে বা জিন্স এর সঙ্গে চোখ বন্ধ করে পরা চলে। খাটো স্কার্টের নিচে পরতে পারেন টাইটস। তার সঙ্গে ব্লাউজ ধাঁচের উলের জামা। গলায় পেঁচিয়ে নিতে পারেন স্কার্ফ বা মাফলার। এই সময়ে ক্যাজুয়াল আর স্মার্ট ফ্যাশন।এসব টপের গলার ক্ষেত্রেই দেখা যাচ্ছে অনেক ধরনের ভিন্নতা। কখনো সোজা মসৃণ, কখনো দুমড়ানো মোচরানো, উঁচু তিনকোনা, চারকোনা প্রভৃতি নকশায় সাজানো। উচু গলাগুলো এক অর্থে মাফলারের কাজও চালিয়ে যাচ্ছে। কোমরের একটু উঁচু পর্যন্ত, হাঁটু পর্যন্ত, হাঁটুর একটু ওপর পর্যন্ত, কোমর পর্যন্ত অথবা কোমরের একটু নিচে পর্যন্ত লম্বাই এখনকার ফ্যাশন। এত গেল লম্বার কথা। বিনা হাতা, ম্যাগি হাতা, লম্বা হাতা, চাপা হাতা, হাফ হাতার প্রতিটি বৈশিষ্ট্যই খুঁজে পাওয়া যাবে এগুলোতে। বৈচিত্র আনা হচ্ছে একটি করে বড় বোতাম লাগিয়ে। টিউনিকের মতো লম্বা কিছু জামাও আছে। বেল্ট দিয়ে পরলে এগুলো বেশ ফ্যাশনেবল দেখায়। আবার ভালো না লাগলে বেল্ট ছাড়াও পরতে পারেন। কোটের আকারে হুডসহ কিছু টপও পাবেন। একস্ট্যাসির অপারেশনাল হেড রাফি রহমান জানালেন—‘ফ্যাশনেবল, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রহণীয় এমন পোশাকই আমরা এনে থাকি। শীতের শেষদিকের এ পোশাকের ক্ষেত্রেও একই চিন্তা কাজ করেছে। টি-শার্টয়ের মতো দেখতে এ সোয়েটারগুলো দারুণ ফ্যাশনেবল। এগুলো হালকা শীতের জন্যই বেশি কার্যকর।’ কিছু আছে একদম ভিন্ন। উচ্চতায় একদম ছোট। দেখতে অনেকটা পঞ্চোর মতো। তবে হাতা আছে। বেশিরভাগ সোয়েটার টপস তো পাশ্চাত্য পোশাকের সঙ্গেই মানানসই। তবে কয়েকটি আবার কামিজের সঙ্গেও নির্দ্বিধায় পরা যাবে। বিশ্ববিদ্যালয়ে পড়া মিতাকেই জিজ্ঞেস করলাম। শীত তো শেষ, এখন তাহলে এগুলো কেনা হচ্ছে কেন? ‘সোয়েটার বলে তো মনে হচ্ছে না এটাকে। বরং টপ হিসেবেই ধুমসে পরে ফেলব এ কটা দিন’—জানালেন মিতা।দোকানদাররা জানালেন গ্রাহকদের পছন্দের কথা। এ ধরনের হালকা সোয়েটারগুলোই বেশি বিক্রি হচ্ছে এখন। কলেজ পড়ুয়া থেকে বয়স ৪০ পর্যন্ত মহিলারাই বেশি আকৃষ্ট হচ্ছে। একস্ট্যাসি, ইয়েলো প্রভৃতি ব্র্যান্ডের তো আছেই। বসুন্ধরা সিটি, গুলশানের অনেক দোকানে পাবেন বাইরে থেকে আমদানি করে আনা উলের জামা। এসবের দাম একটু বেশি পড়বে। ৮০০-২০০০ টাকা।তবে বঙ্গবাজার, বদরুদ্দোজা মার্কেট, নিউমার্কেটে দামাদামিতে পারদর্শিতা দেখাতে পারলে ৫০০ টাকার ভেতরেই পেয়ে যাবেন পছন্দসই উলের টপ। কেনার আগে দেখে নেবেন বোতাম ঠিক আছে কিনা। কোনো জায়গায় ছেঁড়া কি না।