হালকা সাজ টুকটুকে ঠোঁট
পান খেয়ে ঠোঁট লাল না করলেও হালফ্যাশনের সাজ হলো লাল রঙের লিপস্টিকে ঠোঁট রাঙিয়ে নেওয়া। অনেকে মনে করেন, শুধু জমকালো সাজের সঙ্গেই মানায় চড়া লাল লিপস্টিক। এ ধারণা ভুল। সাদামাটা সাজের সঙ্গেও ঠোঁট রাঙিয়ে নিতে পারেন লাল রঙে। তবে লাল লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে গায়ের রং কেমন, সেদিকে লক্ষ রাখতে হবে বলে মনে করেন হেয়ারোবিক্স ব্রাইডালের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন। তিনি বলেন, গায়ের রং চাপা হলে লালের মাঝে গোলাপি কিংবা কমলার প্রাধান্য রয়েছে এমন লিপস্টিক ব্যবহার না করাই ভালো। সে ক্ষেত্রে কালচে লাল লিপস্টিক ব্যবহার করা উচিত। আবার গায়ের রং হলদেটে হলে লাল কমলা শেডের লিপস্টিক ব্যবহার করা উচিত নয়। ম্যাজেন্টা লাল লিপস্টিক ব্যবহার করাই ভালো। গায়ের রং উজ্জ্বল হলে লালের মাঝে যেকোনো শেড কিংবা টকটকে লাল লিপস্টিক ব্যবহার করলে ভালো দেখায়।ম্যাজিক মিরর মেকওভার লাউঞ্জের প্রধান রূপবিশেষজ্ঞ ফারজানা হালিম হাই বলেন, লাল লিপস্টিক যেকোনো অনুষ্ঠানেই ব্যবহার করা যায়। তবে লক্ষ রাখতে হবে, অনুষ্ঠান কোন সময়ে হচ্ছে এবং ঠোঁটের সঙ্গে চোখের সাজ কেমন হচ্ছে। অনুষ্ঠান রাতে হলে লাল-সোনালি আভার লিপস্টিক ব্যবহার করা যায়। তবে এ ক্ষেত্রে চোখে গ্লিটারযুক্ত শ্যাডো ব্যবহার না করাই ভালো। চোখে কাজল আর হালকা মাশকারা দেওয়া যেতে পারে। যেহেতু লিপস্টিকের রং চড়া, তাই মুখে বেশি মেকআপ না দেওয়াই উচিত। হালকা বেজ মেকআপ দেওয়া যায়। লাল লিপস্টিক ব্যবহারে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন ফারজানা হালিম হাই। কারণ, লাল লিপস্টিক যদি ছড়িয়ে যায় তবে দেখতে খুব বাজে লাগে। লিপলাইনার দিয়ে ঠোঁট এঁকে নিয়ে শুধু ঠোঁটের মাঝের অংশে লিপস্টিক দিন। এরপর ব্রাশ দিয়ে ছড়িয়ে দিন। ঠোঁট আরও আকর্ষণীয় করতে লাল রঙের লিপস্টিকের ওপর গ্লস ব্যবহার করা যায়। ঠোঁট পাতলা দেখাতে ম্যাট লিপস্টিক ব্যবহার করা যায়। আর পুরু দেখাতে লিপস্টিকের ওপর গ্লস ব্যবহার করা যায়।তবে লিপস্টিক ব্যবহার শেষে ঠোঁট থেকে তুলতে নরম কাপড় কিংবা তুলা ব্যবহার করতে হবে এবং ঠোঁট নরম রাখতে লিপবাম ব্যবহার করতে হবে।