হালতিনামা ২০১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালতি ও রাঙা হালতি। দুটিই খুব সুন্দর পাখি। এই দুটি পাখি দুই জাতের হলেও এবং আকারে-গড়নে যথেষ্ট পার্থক্য থাকলেও স্বভাব-চরিত্রে ও খাদ্যে মিল অবিশ্বাস্য রকম। দুটি পাখিই বাসা করে মাটির ওপরে বা মাটি থেকে কিছুটা উচ্চতায়। ডিমসংখ্যা প্রায় একই রকম। ডিম ফোটার সময়ও তা-ই।হালতি ও রাঙা হালতিরা যুগ যুগ ধরে বাসা করে আসছে বাগেরহাট জেলার ফকিরহাটের সাতশৈয়া গ্রামে। ফকিরহাট ছাড়া দেশের অন্য কোথাও এদের বাসা, ডিম, ছানা আজতক দেখা যায়নি। এ বছরেও এই দুই জাতের পাখির বাসা-ডিম-ছানার যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহসহ প্রয়োজনীয় ছবি তুলেছেন ফকিরহাট ওয়াইল্ড লাইফ ক্লাবের সদস্যরা। প্রতিবছরের মতো এবারও (২০ জুলাই) সাতশৈয়ায় পালিত হয় অনাড়ম্বর হালতি উৎসব। এবারের বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের (ঢাকা) প্রাণী চিকিৎসা ও প্রাণিসম্পদ বিজ্ঞান অনুষদের ডিন আ ন ম আমিনুর রহমান।দুই রকম হালতিই ডিম পাড়ার আগে পাড়া কাঁপিয়ে রাতভর ডাকে একটানা। এরা বৃষ্টিবিশারদ। বাসায় ডিম-ছানা বুকে বসে থাকলে এদের মাত্র এক ফুট দূর থেকেও ফ্লাশ লাইটে ছবি তোলা যায়। ওড়ে না। ২০১২ সালে হালতির (Hooded pitta) বাসা পাওয়া গেছে ১৪টি। মোট ছানা ৫৭টি। রাঙা হালতির (Slaty-legged crake) বাসা পাওয়া যায় ২৩টি। ছানা ১০১টি।