হালদা ও সর্তায় মরে ভেসে উঠছে মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালদা নদী ও সংযুক্ত সর্তা খালে মাছ মরে ভেসে উঠছে। একটি চক্র বিষ দিয়ে মাছ মারছে বলে জেলে ও স্থানীয়রা জানান।জানা যায়, চলতি মাসের শুরুতে ছোট বড় অনেক মাছ মরে ভেসে ওঠে। স্থানীয়রা নদী ও খালে ভেসে ওঠা আধমরা মাছ ধরে নিয়ে যান। হালদা এলাকার বাসিন্দারা জানান, ‘হালদা নদীর সত্তারঘাট, সোনাইমুখী, গড়দুয়ারা এলাকায় বিষক্রিয়ায় ছোট বড় মাছ মরেছে। আমার ধারণা, চোরের দল নদীর বিভিন্ন স্থানে রাসায়নিক পদার্থ ছিটিয়ে দেয়। মূলত চিংড়ি ধরতেই তারা এই কাজ করছে। কিন্তু অন্য মাছও এতে মারা পড়ছে। এদিকে, শীতকালীন রোগেও মাছ মরছে বিভিন্ন এলাকার পুকুর ও জলাশয়ে। ডাবুয়া এলাকার মাছচাষি আবুল কালাম জানান, ১৫ দিন আগে থেকে তাঁর ৩০ একর জলাশয়ে মাছ মরছে। বেশি মরছে মনোসেক্স তেলাপিয়া। পুকুরে মাছ মরেছে পশ্চিম গুজরা, বিনাজুরী, গহিরা এলাকায়ও। এ পর্যন্ত ২০ মণ মাছ মরে গেছে।হালদা রক্ষা কমিটির আহ্বায়ক এস এম ওমর ফারুক জানান, ‘এলাকার অনেকেই মাছ মারা যাবার বিষয়টি আমাকে জানিয়েছেন। এ ব্যাপারে প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন।’ উপজেলা মত্স্য কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, ‘নদী ও খালে রাসায়নিক পদার্থ ছিটিয়ে মাছ মারার অভিযোগ তিনি পাননি। পানি দূষিত হলেও নদী ও খালে মাছ মরে। সর্তা খালে বিষ দিয়ে মাছ মারা হলে বিষক্রিয়ায় পোকামাকড়ও মরে যেত বলে তাঁর অভিমত। তবে পুকুরে মাছ মরার কথা স্বীকার করে তিনি বলেন, ‘বদ্ধ জলাশয়ে শীতজনিত রোগে মাছ মারা যাচ্ছে।’ এ ধরনের সমস্যা নিয়ে তাঁর সঙ্গে অনেকেই যোগাযোগ করছেন। তিনি ঘটনাস্থলে গিয়ে পানি পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন বলে জানান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া জানান, জোয়ার-ভাটা হয় এমন নদীতে মাছের তেমন ক্ষতি হয় না শীতে। পানির প্রবাহের সঙ্গে বিষক্রিয়া হলেই নদী ও খালে মাছ মরতে পারে। তার আশঙ্কা হালদায় এরকম কিছু ঘটেছে।