হালদা রক্ষায় দীর্ঘমেয়াদি প্রকল্প দাবি
দেশের একমাত্র প্রাকৃতিক প্রজননকেন্দ্র হালদার মা-মাছ রক্ষার জন্য দীর্ঘমেয়াদি উদ্যোগের দাবি জানিয়েছে হালদা নদী ওয়েবসাইট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ওয়েবসাইট প্রকাশের পাশাপাশি সংগঠনটি জনমত গঠনের মাধ্যমে জাতীয় পর্যায়ে হালদার গুরুত্ব তুলে ধরার চেষ্টা করছে।হালদা নদী ওয়েবসাইট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গত ৬ ফেব্রুয়ারি হালদা নদীর ওয়েবসাইট উদ্বোধন করে। এতে বলা হয়, সম্পদ, অবদান ও বেশ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে এ নদী জাতীয় ঐতিহ্যের দাবিদার। অথচ প্রচার ও তথ্যের অভাবে হালদা খুব একটা গুরুত্ব পাচ্ছে না।গত ২০ মার্চ হালদা নদী ওয়েবসাইট দলের পক্ষ থেকে রাউজানের সাংসদ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। তাতে হালদাকে জাতীয় প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র ঘোষণার মাধ্যমে এ নদীর ঐতিহ্য সংরক্ষণে দীর্ঘমেয়াদি প্রকল্প নেওয়ার দাবি জানানো হয়।স্মারকলিপিতে বলা হয়, হালদা বাংলাদেশের অন্যতম বড় রুই-জাতীয় মাছের (রুই, কাতল, মৃগেল ও কালবাউশ) প্রাকৃতিক প্রজননক্ষেত্র। এটিই দেশের একমাত্র প্রাকৃতিক প্রজননক্ষেত্র, যেখান থেকে সরাসরি রুই-জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। রুই মাছের একমাত্র বিশুদ্ধ প্রাকৃতিক জিন ভান্ডারকে বাঁচিয়ে রাখতে হালদা নদীর গুরুত্ব অপরিসীম। হালদা একমাত্র নদী যেখান থেকে আহরণ করা ডিম স্মরণাতীত কাল থেকে স্থানীয় লোকজনের জ্ঞানের মাধ্যমে প্রাচীন পদ্ধতিতে নদীর পাড়ে খনন করা মাটির কুয়ায় ফোটানো হয়। চার দিন লালন করে রেণু পোনা তৈরি হয়। স্মারকলিপিতে বলা হয়, হালদা থেকে সংগ্রহ করা ডিম, উৎপাদিত রেণুর পরিমাণ ও মাছের হিসাব করলে দেখা যায়, বছরে চার ধাপে জাতীয় অর্থনীতিতে এ নদীর অবদান প্রায় ৮০০ কোটি টাকা। একক নদী হিসেবে জাতীয় অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখছে হালদা। সুষ্ঠু ও পরিকল্পিতভাবে সংরক্ষণ করা গেলে এ নদীর অবদান অনেকগুণ বাড়ানো সম্ভব।এতে আরও বলা হয়, বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য ঘোষণার জন্য ইউনেস্কোর শর্ত অনুযায়ী হালদা নদী জাতীয় ঐতিহ্যের পাশাপাশি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যেরও যোগ্যতা রাখে। এ নদীকে জাতীয় প্রাকৃতিক মৎস্য প্রজনন ঐতিহ্য ঘোষণার দাবি দীর্ঘদিনের। কক্সবাজার-সুন্দরবন ছাড়াও দেশে অনেক প্রাকৃতিক সম্পদ আছে, যা বিশ্বের কাছে তুলে ধরার মতো। হালদা তেমনি এক সম্পদ।হালদা নদী চট্টগ্রাম শহরের সুপেয় পানির প্রধান উৎস। পানির বিশেষ গুণগতমান ও পরিমাণের কথা বিবেচনা করে ১৯৮৭ সাল থেকে চট্টগ্রাম ওয়াসা মোহরা পানি শোধনাগারের মাধ্যমে প্রতিদিন প্রায় নয় কোটি লিটার পানি উত্তোলন করে শহরের সুপেয় পানির চাহিদা পূূরণ করে আসছে।