বন্ধ হয়ে যাওয়া হালদা সম্প্রসারণ (প্যারালাল) সেচ প্রকল্প ২০ বছরেও চালু হয়নি। প্রকল্পটি চালু হলে হাটহাজারী পৌরসভা, মেখল, ছিপাতলী, মির্জাপুর, ধলই ও ফরহাদাবাদ ইউনিয়নের এক হাজার ৮০০ হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে। এতে উপকৃত হবে এলাকার প্রায় দেড় লাখ মানুষ। প্রকল্পটি যত দ্রুত সম্ভব চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর হাটহাজারীর ছয় ইউনিয়নে শুকনো মৌসুমে ইরি এবং মৌসুমি সবজি খেতে পানি সেচ নিশ্চিত করার লক্ষ্যে ১৯৮৮ সালে হালদা সম্প্রসারণ সেচপ্রকল্প গ্রহণ করা হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে পানি উন্নয়ন বোর্ড ১৯৯১ সালে ৪০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করে। কিন্তু দায়সারাভাবে খাল কাটার কারণে পানি সরবরাহ ব্যাহত হওয়ায় দুই বছর পরই প্রকল্পটি বন্ধ হয়ে যায়। ১৯৯৯ সালে তৎকালীন পানিসম্পদ মন্ত্রী আবদুর রাজ্জাক প্রকল্পটি পুনরায় চালুর ঘোষণা দিলেও পরবর্তী সময়ে তা আর এগোয়নি।
সরেজমিন জানা যায়, হালদা নদীর সর্তারঘাটসংলগ্ন মেখল ইউনিয়নের রহিমপুর এলাকা থেকে ফরহাদাবাদ পর্যন্ত দুভাগে বিভক্ত সমান্তরাল খাল। এর একটি মেখল ইউনিয়নের রহিমপুর পাম্প হাউস থেকে মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ নিম্নস্তর খাল। অপরটি মির্জাপুর থেকে ফরহাদাবাদ পর্যন্ত ১১ কিলোমিটার দীর্ঘ উচ্চস্তর খাল। প্রকল্পে রয়েছে দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ার হাউস। প্রতিটি পাওয়ার হাউসে রয়েছে তিনটি করে সেচযন্ত্র।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এসব সেচযন্ত্র চালানোর জন্য ৪৫০ কেভি বিদ্যুৎ প্রয়োজন হয়। নিম্নস্তর খালের সেচযন্ত্রের মাধ্যমে মূল হালদা নদী থেকে পানি উত্তোলন করে তা উচ্চস্তর খালের মুখে স্থাপিত সেচযন্ত্রের মাধ্যমে সরবরাহ করা হয়। প্রকল্পের বিভিন্ন স্থানে ২৮টি স্লুইস গেট স্থাপিত হলেও সেগুলোর মূল্যবান লোহা চুরি হয়ে গেছে।
আলমপুর গ্রামের ফুলচাষি মো. আকতার হোসেন বলেন, ‘এ প্রকল্পের ওপর ভরসা করে ১৯৯৬ সালে আমি ১০ লাখ টাকা খরচ করে গোলাপের বাগান করি। বর্তমানে বাগানে প্রায় ২০ হাজার গোলাপ চারা আছে। কিন্তু প্রকল্পটি বন্ধ থাকায় শুকনো মৌসুমে পানি সেচ দেওয়া সম্ভব হয় না। কৃষকদের দাবির মুখে পানি উন্নয়ন বোর্ড জোয়ারের সময় মাঝে-মধ্যে সেচযন্ত্র চালু করলেও পানি ওপরের দিকে যেতে পারে না। ফলে এ সময় উৎপাদন ব্যাহত হয়।
ছিপাতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ‘প্রকল্পটি চালু করার ব্যাপারে আমি চেয়ারম্যান থাকাকালে (১৯৯২-৯৬) অনেক চেষ্টা করেছি। কিন্তু সরকারের আন্তরিকতার অভাবে তা সম্ভব হয়নি।’
হাটহাজারী উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, প্রকল্পটি চালু করার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে বার বার ধরনা দিয়েও কোনো ফল হয়নি। প্রকল্প এলাকার বাসিন্দা কৃষক সমবায় সমিতির সভাপতি
সুলতানুল আলম চৌধুরী বলেন, সমান্তরাল খালের পার্শ্ববর্তী এলাকায় শুকনো মৌসুমে এক হাজার একরের মতো ইরি চাষযোগ্য জমি অনাবাদি পড়ে থাকে। প্রকল্পটি চালু থাকলে এসব জমি চাষাবাদের আওতায় আসত। তিনি কৃষকের স্বার্থে প্রকল্পটি চালু করার দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ জামান বলেন, ‘প্রকল্পটি চালু করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ জন্য ছয় কোটি টাকার প্রয়োজন। এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে বর্তমান পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ আশ্বাস দিয়েছেন।’