হালদা সেচ প্রকল্প চালু হয়নি আট বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়িতে হালদা সেচ প্রকল্পের জন্য পাকা করা খালে আগাছার জঙ্গল  প্রথম আলো
ফটিকছড়িতে হালদা সেচ প্রকল্পের জন্য পাকা করা খালে আগাছার জঙ্গল প্রথম আলো

ফটিকছড়ি উপজেলার রোসাংগিরিতে নিশ্চিন্তাপুর হালদা সম্প্রসারণ সেচ প্রকল্প আট বছরেও চালু হয়নি। প্রকল্পটি চালু হলে রোসাংগিরি, সমিতিরহাট, নানুপুর ও নিশ্চিন্তাপুর ইউনিয়নসহ আশপাশের শত শত একর জমি চাষাবাদের আওতায় আসত। অন্যদিকে, বর্ষায় তলিয়ে যাওয়া আবাদি জমিসহ বসতিগুলো রক্ষা হতো। প্রকল্পটি দ্রুত চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সূত্র জানায়, ২০০১ সালে বন্যানিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প নামে সমন্বিত একটি প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। পৌনে আট কোটি টাকার এ প্রকল্পের কাজ শুরুও হয়। প্রকল্পের আওতায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার নতুন খাল খনন ও পাকা করা হয়। খালের ওপর তিনটি কালভার্ট, ছয়টি পাম্প হাউস ও হালদা থেকে পানি উত্তোলনের পাইপ লাইন নির্মাণ করা হয়। ২০০৬ সালের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরের বছর জানুয়ারিতে নকশার ত্রুটির কথা জানিয়ে বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, রোসাংগিরির নিশ্চিন্তাপুর সেচ প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণ ও বেশির ভাগ অবকাঠামো নির্মাণসহ প্রকল্পের প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়। ২০০৬ সাল পর্যন্ত তিন ধাপে এসব কাজ করার পর একপর্যায়ে প্রকল্প গুটিয়ে নেওয়া হয়। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় চার কোটি ৬০ লাখ ৭৯ হাজার টাকা। নকশাগত ত্রুটি ধরা পড়ার পর নতুন নকশা প্রণয়নের পাশাপাশি সংশোধিত বাজেটে বরাদ্দ বাড়িয়ে সাত কোটি ৭৮ লাখ টাকা করা হয়। বরাদ্দ বাড়লেও রহস্যজনক কারণে প্রকল্পের বাকি কাজ আর শেষ করা হয়নি।
রোসাংগিরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুল আলম চৌধুরী বলেন, ‘আমি প্রকল্পটির চেয়ারম্যান থাকার সময় (২০০১ সালে) দ্রুত কাজ শেষ করার চেষ্টা করেছি। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের আন্তরিকতার অভাবে তা সম্ভব হয়নি।’
সরেজমিনে প্রকল্প এলাকায় দেখা যায়, হালদা নদী থেকে রোসাংগিরি, নানুপুর, নিশ্চিন্তাপুর, সমিতিরহাট ইউনিয়ন পর্যন্ত আড়াই কিলোমিটারের যে খাল পাকা করা হয়েছে সেগুলো এখন ভেঙে পড়ছে, ইটগুলো চুরি হয়ে যাচ্ছে, পাইপগুলোও নষ্ট হচ্ছে, আর পাম্প হাউসটি পরিণত হয়েছে অসামাজিক কার্যকলাপের আস্তানায়।
রোসাংগিরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শফিউল আলম বলেন, ‘নিশ্চিন্তাপুর সেচ প্রকল্পটি এখন কৃষকদের গলার কাঁটা। পাউবোর অপরিকল্পনার কারণে সরকারি অর্থের যেমন অপচয় হয়েছে, তেমনি কৃষকেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাউবোকে এর দায় নিয়ে প্রকল্পের বাকি কাজ শেষ করতে হবে। প্রকল্প এলাকার বাসিন্দা কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য এস এম সোয়াইব বলেন, ‘এসব এলাকায় শুকনো মৌসুমে দুই হাজার একরের মতো চাষযোগ্য জমি অনাবাদি পড়ে থাকে। প্রকল্পটি চালু হলে এসব জমি চাষাবাদের আওতায় আসত। তিনি কৃষকের স্বার্থে প্রকল্পটি দ্রুত চালু করার দাবি জানান।’
পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ জামান বলেন, প্রকল্পে বরাদ্দের বড় একটি অংশ খরচ করা হয়েছে। অবকাঠামোর কাজও অনেকটা শেষ হয়ে গেছে। নতুন করে প্রকল্পটির বাকি কাজ শুরু করার জন্য আমরা চেষ্টা করছি।’
ফটিকছড়ি উপজেলার সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, প্রকল্পটি চালু করতে আরও বরাদ্দ প্রয়োজন। এ ব্যাপারে পানিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হবে।