হালদায় টানা নৌকাই ভরসা তিন গ্রামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির সুয়াবিলের সিদ্ধাশ্রম মঠসংলগ্ন এলাকায় তিন গ্রামের মানুষের নদী পারাপারের একমাত্র মাধ্যম টানা নৌকা l প্রথম আলো
ফটিকছড়ির সুয়াবিলের সিদ্ধাশ্রম মঠসংলগ্ন এলাকায় তিন গ্রামের মানুষের নদী পারাপারের একমাত্র মাধ্যম টানা নৌকা l প্রথম আলো

ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে হালদা নদীর দুই পারের তিন গ্রামের লোকজন এখনো নদী পারাপার করেন টানা নৌকায়। দীর্ঘদিন ধরে একটি সেতুর অভাবে এসব গ্রামের কয়েক হাজার মানুষ দুর্ভোগ নিয়েই নদী পারাপার করছেন।
গ্রামবাসীর অভিযোগ, অতীতে জনপ্রতিনিধিরা একাধিকবার পূর্ব সুয়াবিলের সিদ্ধাশ্রম মঠসংলগ্ন স্থানে সেতু নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরে কেউই সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করেননি।
সরেজমিনে দেখা গেছে, ফটিকছড়ি উপজেলার পূর্ব সুয়াবিল বালিকা উচ্চবিদ্যালয়, বৈদ্যেরহাট ডাকঘর, সুয়াবিল স্বাস্থ্যকেন্দ্র এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেশ কয়েকটি মাদ্রাসার অবস্থান নদীর উভয় পারে। এসব প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য গ্রামের লোকজন নদীর ওপর অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করেছেন নানা সময়ে। তবে বর্ষায় এই সাঁকো ভেসে যায় ঢলের পানিতে। বর্তমানে টানা নৌকায় শত শত লোকজন নিয়মিত যাতায়াত করছেন ঝুঁকি নিয়ে।
এ বিষয়ে সুয়াবিল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আকতার বলেন, এখানে একটি সেতু নির্মাণ খুব জরুরি। বর্ষায় উজান থেকে পাহাড়ি ঢল নামলে নদী ফুলে-ফেঁপে ওঠে। তখন শিক্ষার্থীরা ভয়ে নৌকায় নদী পার হতে চায় না।
নাজিরহাট পৌরসভার প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, সেতু নির্মাণের জন্য যথাযথ উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সেতুর প্রাথমিক কাজও সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পৌরসভার সীমিত বাজেটে এত বড় প্রকল্প হাতে নেওয়া সম্ভব নয়। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।