হালদার চরে ফলবে সাড়ে তিন হাজার মেট্রিক টন সবজি

আবহাওয়া অনুকূলে থাকায় চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদীর দুই তীরে মরিচ, টমেটো, মিষ্টি কুমড়াসহ নানা জাতের শীতকালীন শাক-সবজির আবাদ শুরু হয়েছে। গত বছরের তুলনায় হালদা চরের জমিতে সবজির আবাদও বেড়েছে। এবার এখানকার ৩৫০ হেক্টর জমিতে প্রায় সাড়ে তিন হাজার মেট্রিক টন সবজি উৎপাদিত হবে বলে আশা করছে কৃষি বিভাগ।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে ফটিকছড়ি উপজেলায় ১ হাজার ১১০ হেক্টর জমিতে সবজির আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে হালদার দুই তীরের ৩৫০ হেক্টর জমিতে সবজির আবাদ হচ্ছে। গত বছর হালদার চরের ৩১০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছিল। এবার ৪০ হেক্টর জমিতে বেশি আবাদ হচ্ছে। কৃষি কর্মকর্তাদের হিসাব অনুযায়ী প্রতি হেক্টরে ১০ মেট্রিক টন সবজি উৎপন্ন হয়। সে হিসাবমতে হালদায় এবার ৩ হাজার ৫০০ মেট্রিক টন সবজি উৎপাদিত হবে।
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট থেকে উত্তরে দুই কিলোমিটার পর্যন্ত হালদা নদীর পাশে রাস্তা ধরে এগোলে দুই পাশে চোখে পড়ে বেগুন, মুলা, মরিচ, টমেটো, কুমড়া, ফুলকপি, বাঁধাকপিসহ নানা রকম সবুজ শাকসবজির খেত। যেন সবুজ গালিচায় ঢেকে গেছে নদীর দুই কূল। এ বছর কুম্ভারপাড়া, এককূলীয়া ও সুয়াবিল ইউনিয়নের হালদার চরে সবজির আবাদ হয়েছে বেশি। কৃষকেরা জানান, উপজেলার দৌলতপুর ইউনিয়নের কুম্ভারপাড়া, নাইচ্যারকুল, নাজিরহাট চর, সুয়াবিল ইউনিয়নের ভাঙ্গাদিঘীরপাড়, পূর্ব-সুয়াবিল, মন্দাকিনী, সুন্দরপুর ইউনিয়নের এককূলীয়া, পাঁচপুকুরিয়া, সুন্দরপুর চর এবং হারুয়ালছড়ি এলাকায় হালদার দুই তীরের প্রায় ১৫ কিলোমিটারব্যাপী বিস্তীর্ণ চরের জমিতে এ বছর শীতকালীন শাকসবজির চাষাবাদ হয়েছে।
হালদারকুল গ্রামের সবজিচাষি মুহাম্মদ করিম উল্লাহ (৩৭) জানান, নদীর তীরে বছর বছর পলি জমায় এখানকার জমিতে সবজির ফলন ভালো হয়। তবে তার জন্য কৃষকদের অনেক পরিশ্রম করতে হয়। তুলনামূলক কম সার প্রয়োগ করে বাম্পার ফলন পাওয়া যায়।
সুয়াবিল গ্রামের সবজিচাষি মুহাম্মদ আমিনুল হক (৪৪) জানালেন, গত কয়েক বছর সবজির বাম্পার ফলন হলেও হরতাল-অবরোধের কারণে কৃষকেরা ন্যায্য দাম পায়নি। তাই অনেককে লোকসান গুনতে হয়েছে। এ বছর রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকায় লাভের মুখ দেখবেন, এমন আশা তাঁর।
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ প্রথম আলোকে বলেন, স্বাধীনতা–পরবর্তী সময় থেকেই এ অঞ্চলের চরের কৃষকেরা সবজির আবাদ করে বেশ লাভবান হচ্ছেন। এখন বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল সবজির আবাদ হচ্ছে নদীর চর এলাকায়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, সরকার ন্যায্যমূল্যে সার ও কীটনাশক সরবরাহ করায় এখানে সবজির আবাদ করে কৃষকেরা লাভের মুখ দেখছেন। উপজেলার চাহিদা পূরণের পাশাপাশি এখানকার সবজি সারা দেশেও যাচ্ছে।