হালদার চরে ফসলের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালদায় জেগে ওঠা পাঁচটি চরের চারদিকে এখন সবজি আর সবজি। ফুলকপি, বাঁধাকপি, আলু, মুলা, বরবটি, বেগুন, শিম, টমেটো, পেঁয়াজ, মরিচ ও ধনেপাতায় ভরে উঠেছে ফসলের মাঠ। ভালো ফলনে বেজায় খুশি কৃষকও।স্থানীয় লোকজন জানান, এ চরগুলোর অবস্থান নাজিরহাট, কুম্ভারপাড়া, ধুরুং, নাইচ্যারঘাট ও ব্রাহ্মণহাট অংশে। ১৯৯১ সালের আগে এসব চরে জনবসতি ছিল। বিভিন্ন সময়ে বন্যা আর হালদার ভাঙনে তা বিলীন হয়ে যায়। ভাঙা-গড়ার খেলায় আবার জেগে ওঠে চর। বসতভিটা হারিয়ে একসময় যাঁরা নিঃস্ব হয়েছিলেন, দীর্ঘদিন পর জেগে ওঠা চরগুলো তাঁদের এখন আশার সম্বল। এখানে সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছে নাজিরহাট এলাকার চরগাঁওপাড়া, পূর্ব সুুয়াবিল, দৌলতপুর-কুম্ভারপাড়া, ধুরুং, নাইচ্যারঘাট-ব্রাহ্মণহাট ও সুন্দরপুর গ্রামের প্রায় এক হাজার পরিবার।দৌলতপুর ইউনিয়ন তদারকের (ব্লক সুপারভাইজার) দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বেলাল জানান, হালদার চরে প্রতি একর জমিতে প্রায় ১৫০ মণ সবজি উৎপাদিত হয়, যার মূল্য প্রায় এক লাখ টাকা। সে হিসাবে আনুমানিক ১০০ একর জমিতে ১০ হাজার টন সবজি উৎপাদিত হয়, যার বাজারমূল্য এক কোটি টাকারও বেশি। উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নুরুল আলম জানান, প্রতিবছর বন্যায় হালদার অনেক জমি তলিয়ে যায়। পরবর্তী সময়ে কোনো কোনো স্থানে প্রচুর পলি জমে। পলিযুক্ত দো-আঁশ মাটি সবজি চাষের জন্য অত্যন্ত উপযোগী। এতে কৃষকেরা বেশ লাভবান হন, ফলনও হয় ভালো। কুম্ভারপাড়ার কৃষক আবদুল করিম জানান, হালদার চরে সবজি চাষে খরচ খুবই কম। সারের তেমন প্রয়োজন হয় না। লাভ বেশি হওয়ায় কৃষকেরা সবজি চাষে বেশি বিনিয়োগ করেন। কৃষক ফয়েজ আকবর জানান, প্রতি একরে ১০ কেজি ইউরিয়া, পাঁচ কেজি করে ফসফেট ও নাইট্রোজেন সার দিতে হয়। অনেকে জৈব সার মিশিয়ে জমিতে বীজ বপন করেন।পূর্ব সুয়াবিল গ্রামের উপকারভোগী সজল চক্রবর্তী জানান, এক একর জমিতে তিনি ১৩০ মণ সবজি পেয়েছেন, যার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। জমিতে তেমন সার দিতে হয়নি। সামনে আরও প্রচুর সবজি পাবেন বলে আশা করছেন তিনি। এখানকার সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন হাট-বাজারেও সরবরাহ করা হচ্ছে বলে তিনি জানান। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল কাশেম প্রথম আলোকে বলেন, হালদার চরে বিপুল পরিমাণ সবজি উৎপাদিত হয়। এলাকার কৃষকদের ভাগ্য বদলের জন্য উপজেলা কৃষি কার্যালয় থেকে প্রযুক্তিগত সব প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। এ ছাড়া রোগবালাই প্রতিরোধে এখানকার কৃষক অনেক সচেতন। ফলে লাভবানও হচ্ছেন তাঁরা।