হালদা নদীর বুকে পাঁচটি চর—নাজিরহাট, কুম্ভারপাড়া, ধুরুং, নাইচ্যারঘাট ও ব্রাহ্মণহাট। এসব চরজুড়ে এখন সবুজ আর সুবজ। শীতের সবজিতে ভরে গেছে চর। নদীকূলের হাজারো কৃষকের মধ্যে বইছে আনন্দের বন্যা। কুম্ভারপাড়ার কৃষক মো. জাহাঙ্গীর আলম জানান, হালদার চরে সবজি চাষে খরচ খুবই কম। সারের তেমন প্রয়োজন হয় না। লাভ বেশি হওয়ায় কৃষকেরা সবজি চাষে বেশি বিনিয়োগ করেন। সবজি হিসেবে ফুলকপি, বাঁধাকপি, আলু, মুলা, বরবটি, বেগুন, শিম, টমেটো, পেঁয়াজ, মরিচ ও ধনেপাতার চাষ করা হয়। ধুরুং গ্রামের মো. সাহেদ বলেন, হালদার মৌসুমি চরে আমার ৩৫ শতক জমি রয়েছে। এতে বেগুনের চাষ করেছি। প্রতি সপ্তাহে চার থেকে পাঁচ মণ বেগুন পাই। এ পর্যন্ত প্রায় এক লাখ টাকার বেগুন বিক্রি করেছি। আরও ৫০ হাজার টাকার মতো আয় হতে পারে। জানা যায়, ১৯৯০ সালের আগে এসব চরে ছিল জনবসতি। বিভিন্ন সময়ে বন্যায় হালদার ভাঙনে এসব বিলীন হয়। ভাঙাগড়ার খেলায় একসময় জেগে ওঠে চর। বসতভিটা হারিয়ে একসময় যারা নিঃস্ব হয়েছিলেন, দীর্ঘদিন পর জেগে ওঠা ওই চরগুলো তাদের এখন আশার সম্বল। গত দুই দশকের বেশি সময় ধরে এসব চরে সবজি আবাদ করে অভাব ঘুচিয়েছেন চরগাঁওপাড়া, পূর্ব সুুয়াবিল, দৌলতপুর-কুম্ভারপাড়া, ধুরুং, নাইচ্যারঘাট-ব্রাহ্মণহাট এবং সুন্দরপুর গ্রামের অন্তত এক হাজার পরিবার।সুয়াবিল ইউনিয়ন তদারকির (ব্লক সুপারভাইজার) দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জামাল উদ্দিন জানান, হালদার চরে প্রতি একর জমিতে প্রায় ১৫০ মণ বিভিন্ন জাতের সবজি উৎপাদিত হয়—যার বাজারমূল্য দেড় লক্ষাধিক টাকা। সে হিসাবে আনুমানিক ১০০ একর জমিতে কোটি টাকার বেশি মূল্যের সবজি উৎপাদিত হচ্ছে।নাজিরহাট বাজারের সবজি ব্যবসায়ী মো. জানে আলম জানান, প্রতি সপ্তাহে দৌলতপুরের কুম্ভারপাড়া থেকে তিনি প্রায় এক-দেড় লাখ টাকার সবজি কিনে বাজারে বিক্রি করেন। এর স্বাদ আলাদা বলে চাহিদাও প্রচুর, ফলে লাভও বেশি।উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, চরগুলোতে বিপুল পরিমাণ সবজি উৎপাদিত হয়। এলাকার কৃষকদের ভাগ্যবদলের জন্য উপজেলা কৃষি কার্যালয় থেকে প্রযুক্তিগত সব প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। এ ছাড়া রোগবালাই প্রতিরোধে এখানকার কৃষক বেশ সচেতন। এ কারণে ফলন হচ্ছে ভালো।