হালদার জন্য ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালদাপারের এক গ্রামে জন্ম তাঁর। শৈশব থেকেই হালদার সঙ্গে মিতালি। বেড়ে উঠতে উঠতে দেখেছেন এই নদীর সৌন্দর্য। গ্রীষ্মকালে প্রথম যেদিন বজ্রসহ বৃষ্টি নামে, সেদিন বিভিন্ন নদ-নদী থেকে রুই, কাতল, মৃগেলসহ কার্প জাতের মাছেরা ডিম ছাড়তে আসে এই নদীতে। রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয় তখন। হাজার হাজার জেলে জাল নিয়ে নেমে পড়েন নদীতে। কিন্তু একসময় অতিরিক্ত মাছ-ধরা, অপরিকল্পিত ড্রেজিং, দূষণ ও মা-মাছ নিধনের ফলে মরতে বসেছিল এই নদী। হালদাপারের মানুষটি তাই নিজেকে উৎসর্গ করেন এশিয়ার সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রটি রক্ষার কাজে।হালদা রক্ষায় নিবেদিতপ্রাণ এই মানুষটি হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মো. মনজুরুল কিবরীয়া। হালদা বিশেষজ্ঞ নামেই তিনি সবার কাছে পরিচিত। হালদা নিয়ে তৈরি করেছেন একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে হালদা-সম্পর্কিত বিভিন্ন তথ্য ও গবেষণা তুলে ধরতেই তাঁর এই উদ্যোগ। ২০০৭ সালের কথা, মৎস্য অধিদপ্তর ‘হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র পুনরুদ্ধার প্রকল্প’ নামে একটি প্রকল্প প্রণয়ন করে। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের মোট বরাদ্দ ছিল ১৩ কোটি ৮৪ লাখ ১৫ হাজার টাকা। এ প্রকল্পের আওতায় নদীর নাব্যতা রক্ষার্থে ড্রেজিং করার পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু হালদা নদীতে ড্রেজিংয়ের বিষয়টিকে অবৈজ্ঞানিক হিসেবে আখ্যায়িত করে এর বিরুদ্ধে প্রচারণায় নামেন মনজুরুল কিবরীয়ার নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ দল। ড্রেজিং বন্ধের জন্য তাঁরা বিভিন্ন স্থানে সভা-সেমিনারও করেন। হালদাপারের জনগণকে নিয়ে আন্দোলনে নামেন। এর ফলে বাতিল হয় ড্রেজিংয়ের পরিকল্পনা। রক্ষা পায় হালদা, বেঁচে যায় সরকারি টাকা।ফটিকছড়ি উপজেলার হালদাপারের গ্রাম সোয়াবিলে ১৯৬৯ সালে জন্মগ্রহণ করেন মনজুরুল কিবরীয়া। সরকারি চাকরিজীবী বাবা ও মায়ের চার ছেলে ও তিন মেয়ের মধ্যে তিনি সবার ছোট। এই নদীর তীরে খেলতে খেলতে বড় হয়েছেন তিনি। হালদার নাড়ি-নক্ষত্র সবকিছু তাই তাঁর নখদর্পণে। স্থানীয় নাজিরহাট কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি হন তিনি। আর তখন থেকেই হালদা নদী নিয়ে কাজ করার আগ্রহ সৃষ্টি হয় তাঁর। ২০০৩ সালে তিনি প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেওয়ার পর তাই সক্রিয়ভাবে নেমে পড়েন হালদা রক্ষার কাজে।গত রোববার রাতে প্রথম আলোর সঙ্গে আলাপকালে মনজুরুল কিবরীয়া বলেন, ‘হালদা আমাদের মায়ের মতো। এ নদীকে রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।’ আক্ষেপের সুরে তিনি বলেন, তথাকথিত একদল বিশেষজ্ঞ হালদা নদীকে রক্ষার নামে ধ্বংস করার পাঁয়তারা করছে। আর এ সঙ্গে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এখনো তাঁরা সক্রিয় রয়েছেন বলে জানান তিনি।১৯৯৭ সালে স্নাতকোত্তর কোর্স শেষ করে হালদার ওপরই গবেষণা করবেন ভেবেছিলেন। কিন্তু সামুদ্রিক মাছের ওপরই তাঁকে গবেষণা করার পরামর্শ দেওয়া হয় বিভাগ থেকে। হালদা নিয়ে উচ্চতর গবেষণা করা হয়নি সেই আক্ষেপ থেকে এখন পুরোটা সময় তিনি এ কাজে ব্যয় করছেন। তিনি এখন নিরন্তর পড়াশোনা, তথ্য সংগ্রহ ও গবেষণা চালিয়ে যাচ্ছেন ।মনজুরুল কিবরীয়া বলেন, ‘হালদা এখন আমার ধ্যনজ্ঞান। নিয়মিত যেতে হয় এ নদীর পারে। এ নদী পারের বাসিন্দা এবং মৎস্যজীবীরা আমার শিক্ষক। হালদা সম্পর্কে এখানকার সাধারণ জেলেদের কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি। আর বিভাগের জ্যেষ্ঠ শিক্ষকেরা ছিলেন আমার পাশে।’হালদা নদী নিয়ে বরাবরই সোচ্চার এ গবেষক। এ জন্য দুইবার মৃত্যুর হুমকি পেয়েছেন তিনি। তবে এসব কিছুকে পরোয়া করেন না বলে জানান তিনি। তাঁর কথা, ‘আজীবন হালদা নদীর উন্নয়নে কাজ করে যাব। যত বাধাই আসুক।’ হালদা নদী নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ মনজুরুল কিবরীয়া ইতিমধ্যে তিন বার সম্মানিত হয়েছেন। অর্জন করেছেন জাতীয় ও আন্তর্জাতিক পদক।গত বছর তিনি জাতীয় পরিবেশ পদক, জাতীয় ডিজিটাল উদ্ভাবনী পদক এবং সম্প্রতি দ্য মানথান সাউথ এশিয়া পদক অর্জন করেন তিনি। তবে এসব অর্জন সম্পর্কে তেমন কিছু বলতে চান না তিনি। তাঁর কথা হলো, পদক বা সম্মানের জন্য নয় কাজ করছি হালদাকে রক্ষা করতে। হালদা যত দিন টিকে থাকবে এ দেশের মাছের ভাণ্ডারও ততদিন ফুরাবে না।