হালদার দুই তীরে সবুজের চাদর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির নাজিরহাট হালদারকূল এলাকায় খেত পরিচর্যা করছেন এক চাষি l প্রথম আলো
ফটিকছড়ির নাজিরহাট হালদারকূল এলাকায় খেত পরিচর্যা করছেন এক চাষি l প্রথম আলো

শীতকালীন শাকসবজির সবুজ চাদরে ঢেকে গেছে হালদা নদীর দুই তীর। শুষ্ক মৌসুমে নদীর বুকে জেগে ওঠা ছোট-বড় অসংখ্য চরেও করা হয়েছে শাকসবজির আবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে ১ হাজার ২২৫ হেক্টর জমিতে সবজির আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
এ পর্যন্ত সবজির চাষ হয়েছে ৭৫০ হেক্টর। আরও ৫৫০ হেক্টর চাষাবাদ হবে। এর মধ্যে হালদার দুই তীরেই রয়েছে ৩৫০ হেক্টর।
সরেজমিনে দেখা গেছে, দৌলতপুর ইউনিয়নের কুম্ভারপাড়া, নাইচ্যারকুল ও নাজিরহাট চর, সুয়াবিল ইউনিয়নের ভাঙ্গাদিঘীর পাড়, পূর্ব-সুয়াবিল, মন্দাকিনী ও হালদারকূল এবং সুন্দরপুর ইউনিয়নের এককুলীয়া, পাঁচপুকুরিয়া, সুন্দরপুর চর ও হারুয়ালছড়ি এলাকার হালদার দুই তীরের প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তীর্ণ চরের জমিতে শীতকালীন শাকসবজির চাষাবাদ হয়েছে। এসব খেতে রোপণ করা হয়েছে বেগুন, মুলা, মরিচ, ফুলকপি, বাঁধাকপি, টমেটোসহ নানা রকম সবজি। এদিকে নাজিরহাট থেকে উত্তরে দুই কিলোমিটার পর্যন্ত হালদা নদীর পাশে রাস্তার দুই ধারেও হয়েছে সবজির চাষ।
হালদারকূল গ্রামের সবজিচাষি মুহাম্মদ জুলফিকার (২৬) বলেন, নদীর তীরে পলি জমার কারণে এখানকার কম উর্বর জমিতেও সবজির উৎপাদন ভালো হয়। তুলনামূলক কম সার প্রয়োগ করে বাম্পার ফলন পাওয়া যায়।
কুম্ভারপাড়া গ্রামের কৃষক মুহাম্মদ জসিম উদ্দিন (৩৮) বলেন, ‘শুরুতে মুলা, বেগুন, ফুলকপি ও বাঁধাকপির ফলন ভালো হয়েছে। এখন মরিচ রোপণ করেছি। আশা করছি ফলন ভালো হবে।’
সুয়াবিল গ্রামের সবজিচাষি মুহাম্মদ নেজামুল হক (৪৫) বলেন, ‘গত কয়েক বছর সবজির বাম্পার ফলনেও কৃষকেরা ন্যায্য দাম পাননি। তাই অনেককে লোকসান গুনতে হয়েছে। এ বছর সার্বিক পরিস্থিতি ভালো থাকায় লাভের মুখ দেখব বলে আশা করছি।’
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ বলেন, ‘এ অঞ্চলের চরের কৃষকেরা বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল সবজির চাষাবাদ করে আর্থিকভাবে সচ্ছল হয়েছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘কৃষকদের মধ্যে সরকার ন্যায্যমূল্যের সার ও কীটনাশক সরবরাহ করায় সবজির আবাদ করে তাঁরা লাভবান হচ্ছেন। স্থানীয়ভাবে চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রয়েছে চাষিদের।’