হালদার নতুন দুটি প্রজননকেন্দ্র ব্যবহার উপযোগী হয়নি
প্রায় ১৪ কোটি টাকার হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র পুনরুদ্ধার প্রকল্পটি এখনো অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছে। দুই হাজার ১২ সালের মধ্যে প্রকল্পকাজ শেষ করার কথা থাকলেও কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট লোকজনের মধ্যে মতভেদের কারণে কাজের অগ্রগতি থেমে আছে। কখন কাজ শেষ হবে তা-ও নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে হালদা পুনরুদ্ধার প্রকল্পটি ২০০৭ সালে সরকারের অনুমোদন পায়।স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে মা-মাছ ডিম দেওয়ার সময় হয়েছে। যেকোনো মুহূর্তে বৃষ্টি নেমে পরিবেশ সৃষ্টি হলে মা-মাছ ডিম দিতে পারে। এরকম সম্ভাবনা দেখে কয়েক শ মানুষ ডিম সংগ্রহের আশায় বর্তমানে নৌকা নিয়ে নদীতে রাত দিন অবস্থান করছেন। মৎস্যজীবীরা বলেন, সংগৃহীত ডিম মান্ধাতা আমলের মতো মাটির কূপেই ফোটাতে হবে। কারণ সরকারি দুটি হ্যাচারিই এখনো ডিম ফোটানোর অনুপযোগী।জানা গেছে, প্রকল্পকাজের প্রায় অর্ধেক অর্থাৎ সাত কোটি টাকা ব্যয় ধরা হয়েছে নদীখননের কাজে। প্রকল্পে নদীর বিভিন্ন স্থানে পলি জমে পানির গভীরতা কমে গেছে উল্লেখ করে বলা হয়, দুই লাখ ৭৩ হাজার ৭৭ ঘনমিটার কূপ খনন করা হবে। কিন্তু নদীখনন ও এর ব্যয় বরাদ্দের যৌক্তিকতা নিয়ে প্রকল্পে জড়িতদের মধ্যে মতভেদ রয়েছে। কারও কারও মতে, কূপখননের কাজে এত টাকা খরচ না করে মৎস্যজীবীদের পুনর্বাসনকে অগ্রাধিকার দিয়ে বরাদ্দ রাখা উচিত। হালদার গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া জানান, বিষয়টি পুনর্বিবেচনার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।প্রকল্পকাজের ধরন নিয়ে এ রকম টানাপোড়েনের মধ্যে প্রকল্প পরিচালকের দপ্তর থেকে বিষয়টি নিষ্পত্তির জন্য মন্ত্রণালয়ে একাধিক চিঠি চালাচালি হলেও বিষয়টি এখনো সুরাহা হয়নি। এ অবস্থায় প্রকল্পের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে একরকম অনিশ্চয়তা দেখা দিয়েছে।উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় রাউজান অংশের পশ্চিম গহিরা ও কাগতিয়া এলাকায় প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে দুটি হ্যাচারি (প্রজননকেন্দ্র) নির্মাণ করা হয়েছে। প্রায় দুই বছর আগে নির্মিত হ্যাচারি দুইটির একটিও এখনো ডিম ফোটানোর উপযোগী হয়নি। এ ব্যাপারে আরও অনেক কাজ করতে হবে বলে স্থানীয় লোকজন জানান। হালদায় মৌসুমি মাছের ডিম সংগ্রহকারী মৎসজীবীদের অভিযোগ, পশ্চিম গহিরার হ্যাচারিতে গত বছর ডিম ফোটানোর মতো সব উপকরণ সংযোজন করা হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছিল। কিন্তু ডিম ফোটানোর জন্য গিয়ে দেখা গেছে মাত্র ৫০০ টাকা দামের একটি কাপড়ের (হাফা) অভাবে ডিম ফোটানো সম্ভব হয়নি।শ্যামল বড়ুয়া নামে এক ডিমসংগ্রহকারী অভিযোগ করেন, গত বছর নদী থেকে বিপুল পরিমাণ ডিম সংগ্রহ করে সরকারি হ্যাচারিতে ফোটানোর জন্য এনেছিলেন তাঁরা। তখন হ্যাচারিতে হাফা না থাকায় কেউ এখানে ডিম ফোটাতে পারেননি। এখানে-সেখানে টানাটানিতে অনেক ডিম নষ্ট হয়ে যায়। অঙ্কুরিঘোনা এলাকার সাধন বড়ুয়ার পরিবার হালদার মৌসুমি ডিম সংগ্রহ করে জীবন নির্বাহ করে আসছেন বাপ-দাদার আমল থেকে। এই পরিবারের সদস্য বিধান বড়ুয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হালদার প্রাকৃতিক সম্পদ রক্ষায় সরকারের যে পরিকল্পনার কথা শোনা গিয়েছিল তার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। প্রচারণার মধ্যে প্রকল্পকাজ এখনো সীমাবদ্ধ।’ মাত্র ৫০০ টাকার হাফার অভাবে ডিম ফোটাতে না পারার বিষয়টি স্বীকার করে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, তাঁর কাছে এরকম কোনো বরাদ্দ না থাকায় তাৎক্ষণিকভাবে হাফা কিনে দেওয়া সম্ভব হয়নি।পরিদর্শনে দেখা গেছে, হ্যাচারিগুলোতে ডিম ফোটানোর উপযোগী বিদ্যুৎসংযোগ নেই। নেই প্রয়োজনীয় সেচযন্ত্র। পানির ট্যাংকের নলগুলো বিচ্ছিন্ন। বৈদ্যুতিক তার ছিঁড়ে ঝুলতে দেখা গেছে দেয়াল ও ছাদের সঙ্গে। পশ্চিম গহিরার হ্যাচারিটি নির্মাণ করা হয়েছে ধানক্ষেতের মাঝে। সেখানে যাওয়া-আসার কোনো রাস্তা নেই। কাগতিয়া এলাকার হ্যাচারিটিরও প্রায় একই অবস্থা। স্থানীয় মৎস্যজীবীরা জানান, সেখানে কোনো লোকজন থাকেন না। বৈদ্যুতিক তার ছিঁড়ে এখানে-সেখানে ঝুলে আছে। পানির নলগুলোর কলকব্জা প্রায়ই খোলা। তাঁরা জানান, হ্যাচারিগুলোতে আধুনিক পদ্ধতিতে ডিম ফোটানোর ব্যবস্থার কথা শুনে তাঁরা খুশি হয়ে সরকারের নেওয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন। এখন প্রকল্পের হ-য-ব-র-ল অবস্থা দেখে তাঁরা হতাশ। উপজেলা মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, ‘হ্যাচারিগুলো চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে কিছু মেরামতকাজ হয়েছে। খারাপ সেচযন্ত্র সচল করার কাজ চলছে।’ তিনি আশা করেন, হাফাসহ প্রয়োজনীয় জিনিসপত্র কয়েকদিনের মধ্যে হাতে পাবেন।জেলা মৎস্য কর্মকর্তা ও হালদা প্রকল্পের পরিচালক প্রভাতি দে জানান, এ পর্যন্ত প্রকল্পের দুই কোটি টাকা খরচ হয়েছে। কূপখননের ব্যাপারে সিদ্ধান্ত পাওয়া গেলে পর্যায়ক্রমে সব কাজ শেষ করা হবে। তিনি দাবি করেন রাউজানের দুটিসহ সব হ্যাচারি এখন ডিম ফোটানোর উপযোগী রয়েছে।