হালদার ভাঙন আরও বেড়েছে, হুমকিতে পূর্ব ধলই গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির পূর্ব ধলই গ্রামে ভাঙছে হালদার পাড়। ছবিটি ৩ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটায় তোলা l প্রথম আলো
ফটিকছড়ির পূর্ব ধলই গ্রামে ভাঙছে হালদার পাড়। ছবিটি ৩ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটায় তোলা l প্রথম আলো

ফটিকছড়ি উপজেলায় হালাদার ভাঙন আরও বেড়েছে। গত দুই সপ্তাহের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদীর পাড় ভেঙে বিলীন হয়ে গেছে পূর্ব ধলই গ্রামের আটটি বসতঘর। হুমকির মুখে রয়েছে কমপক্ষে আরও ১০০ পরিবার। সমিতির হাট ইউনিয়নের এই গ্রামে ২০ হাজার মানুষের বসবাস।
সরেজমিনে দেখা যায়, পূর্ব ধলই গ্রামের পশ্চিম অংশে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। দ্রুত ভাঙছে নদীর পাড়। এ নিয়ে গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।
গ্রামের বাসিন্দা ঘরহারা শাহাবুদ্দিন বলেন, ‘নদী ভাঙতে ভাঙতে কাছে চলে এসেছিল আগেই। ৩০ আগস্ট দুপুরের দিকে বসতঘর একেবারে নদীতে বিলীন হয়ে যায়। এখন পাশের গ্রামের অন্য একটি বাড়ির কাছারি ঘরে পরিবার নিয়ে বসবাস করছি।’
সমিতির হাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, পাড়ের একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে। আতঙ্কে রয়েছে শতাধিক পরিবার। এ ছাড়া বেশ কিছু এলাকার বসতঘর ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তারা এলেও এখনো ব্যবস্থা নেওয়া হয়নি।
উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. তারিকুল ইসলাম বলেন, ওই গ্রামটি নতুন করে হালদার করাল গ্রাসে বিলীন হতে চলেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরির কাজ চলছে। আপাতত তাদের নগদ অর্থ ও খাদ্যশস্য সহায়তা দেওয়া হয়েছে।
পাউবো ফটিকছড়ি শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবদুস সাত্তার বলেন, হালদায় বেড়িবাঁধ নির্মাণে রাজস্ব খাত থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সাড়ে ২২ কোটি টাকা চেয়ে প্রাক্কলন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে উন্নয়ন কাজ শুরু করা হবে।