ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে ফটিকছড়ি উপজেলার হালদা নদীর পুেরানো বেড়িবাঁধের অন্তত ১৫টি স্থানে ফাটল ধরেছে। এর মধ্যে চারটি স্থানে ভাঙনের ফলে উপজেলার দৌলতপুর, সুন্দরপুর, সমিতিরহাট, হারুয়ালছড়ি ও সুয়াবিল ইউনিয়নের ছয়টি গ্রামের বসতঘর, মাছের খামার ও ফসলের ক্ষতি হয়েছে। ঝুঁকিতে আছে এসব ইউনিয়নের ১০টি গ্রামের অন্তত ১০ হাজার মানুষ।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বন্যানিয়ন্ত্রণ বেশ কিছু প্রকল্প হাতে নিলেও প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি। ফলে হালদা তীরের বাসিন্দাদের দুর্ভোগ কমেনি। পাউবো সূত্রে জানা গেছে বন্যানিয়ন্ত্রণ, সেচ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় এক কোটি টাকা ব্যয়ে ২ দশমিক ৯৮ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার, ধুরুংখালের পাঁচ কিলোমিটার এলাকা খনন ও স্লুইস গেট নির্মাণের কাজ চলছে। অপর দিকে, ভাঙন ঠেকাতে ২২ কোটি ৫০ লাখ টাকার প্রকল্প-প্রস্তাব অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দরা জানান, উপজেলার দৌলতপুর, মন্দাকিনী, পূর্ব সুয়াবিল, ছাদেকনগর, পূর্ব ধলই, সমিতিরহাট, আরবানিয়া, হারুয়ালছড়ি, সুন্দরপুর, আজিমপুরসহ হালদা তীরের ১০টি গ্রামের অন্তত ১০ হাজার লোক চরম ঝুঁকি নিয়ে বসবাস করছে।
সরেজমিনে দেখা যায়, পুেরানো বেড়িবাঁধের ভাঙনে দৌলতপুর, সুয়াবিল, হারুয়ালছড়ি ও সুন্দরপুরের বাসিন্দাদের অনেকের বাড়িতে পানি ঢুকেছে। কারও বাড়ির কাঁচা দেয়াল দেবে গেছে। এ ছাড়া বেড়িবাঁধের ওপর অবস্থিত গ্রামের মেঠোপথগুলো অনেক স্থানে ভেঙে গেছে। সড়কের পাশে লাগানো বিভিন্ন গাছ গোড়াসহ ভেঙে পড়েছে।
সমিতিরহাট গ্রামের বাসিন্দা আবদুর রহমানের স্ত্রী রেনু আকতার বলেন, ‘বিভিন্ন অর্থলগ্নি প্রতিষ্ঠান থেকে ধার নিয়ে একটি ঘর করেছি। চোখের সামনেই বেড়িবাঁধ ভেঙে প্রবল পানির স্রোতে ভেসে গেছে সেই ঘর। তিন ছেলেমেয়ে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াব জানি না।’
সুয়াবিল গ্রামের আবু তালেব বলেন, তাঁর দুটি মাছের পুকুর পানিতে তলিয়ে যাওয়ায় পাঁচ লাখ টাকা খতি হয়েছে। এ ছাড়া তাঁর দেড় কানি জমির আমন ফসল তলিয়ে গেছে বন্যায়।
পাউবো ফটিকছড়ি শাখার কর্মকর্তা (এসও) মো. খোরশেদ আলম বলেন, ‘বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে হালদার দুই তীরে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ দেওয়া প্রয়োজন। ফাটল এলাকা পরিদর্শন করে ২২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ চেয়ে আবেদন করেছি সংশ্লিষ্ট দপ্তরে।’
ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী প্রথম আলোকে বলেন, হালদার ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন ও পাউবোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে।