হালদার ভাঙন থেকে গুমান মর্দনকে রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালদা নদীর ভাঙন থেকে হাটহাজারীর গুমান মর্দন গ্রামের ঐতিহ্যবাহী বিদ্যালয়, মসজিদ ও জনবসতি রক্ষার আবেদন জানিয়েছেন ৩১ জন মুক্তিযোদ্ধা। এক বিবৃতিতে তাঁরা বলেন, ‘স্বাধীনতাসংগ্রামে দেশকে হানাদার ও রাজাকারমুক্ত রাখতে উত্তর চট্টগ্রামের যে গ্রামের বাসিন্দারা স্মরণীয় ভূমিকা রেখেছেন, তাঁরা আজ জনপ্রতিনিধি ও প্রশাসনের চরম অবহেলার শিকার। শহীদ দলিলুর রহমান ও শহীদ শেখ আলীম উল্লাহর স্মৃতিবিজড়িত গুমান মর্দন গ্রামের বিরাট একটি অংশ প্রমত্তা হালদার করাল গ্রাসে তলিয়ে গেছে।’ বিবৃতিদাতারা আরও বলেন, বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেম ও আবদুর রহিমের পরিবারসহ শত শত পরিবার নিজেদের পৈতৃক ভিটেমাটি হারিয়ে অন্য জায়গায় চলে গেছে। বেড়িবাঁধ ও দোকানপাট হালদার বুকে তলিয়ে গেছে।পূর্ব গুমান মর্দন প্রাথমিক বিদ্যালয় ও শতাব্দী প্রাচীন গুমান মর্দন জামে মসজিদ যেকোনো মুহূর্তে বিলীন হতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন। এ ব্যাপারে স্থানীয় সাংসদ ও জনপ্রতিনিধিদের অবহিত করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁরা জানান। তাঁরা অবিলম্বে পূর্ব গুমান মর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামে মসজিদসহ জনবসতির দুই শতাধিক পরিবার রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে সরকার, প্রশাসন ও জনপ্রতিনিধিদের আশু হস্তক্ষেপ কামনা করেন।বিবৃতিদাতারা হলেন: প্লাটুন কমান্ডার আবু তাহের চৌধুরী, আবু মোহাম্মদ এমরান, আবুল হাশেম, রফিকুল আনোয়ার, গ্রুপ কমান্ডার নুরুল হুদা, আবুল কাশেম, জহুর মিয়া, ডা. ফরিদ আহমদ, হাবিবুর রহমান, মাহাবুবুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।