‘গত বছর ভাঙনে আমাদের ঘরবাড়ি সম্পূর্ণই নদীতে তলিয়ে গেছে। পরে নদী থেকে দু্শ গজ পশ্চিমে আধাপাকা বাড়ি বানিয়েছিলাম। এখন আবারও যেভাবে ভাঙন শুরু হয়েছে তাতে দেখছি যেকোনো সময় এটিও তলিয়ে যাবে। আবারও বাড়ি করতে হবে অন্য কোথাও।’ নিজের অসহায়ত্ব প্রকাশ করে কথাগুলো বলছিলেন হালদা নদীর ভাঙনকবলিত ফটিকছড়ি উপজেলার পূর্ব-সুয়াবিল গ্রামের হোসনেয়ারা বেগম (৫৫)।এভাবে হালদা নদীর অব্যাহত ভাঙনে নিঃস্ব হচ্ছেন হোসনেয়ারা বেগমের মতো সুয়াবিল ইউনিয়নের বহু মানুষ। আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদী-তীরবর্তী ভাঙ্গাদিঘিরপাড়, মন্দাকিনী, ব্রাহ্মণহাট, পানাউল্লাহপাড়া, পূর্ব-সুয়াবিলসহ প্রায় তিন কিলোমিটার এলাকার শতাধিক পরিবারের লোকজন।তাঁরা জানান, সম্প্রতি পাহাড়ি ঢল ও বর্ষণে হালদার ভাঙন আরও বেড়েছে। বিলীন হয়ে গেছে অনেক ফসলি জমি ও বসতবাড়ি। ভিটেমাটি, সহায়-সম্বল হারিয়ে বহু মানুষ পথে বসার উপক্রম হয়েছে। অনেকে ভয়ে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে।ভাঙ্গাদিঘিরপাড় গ্রামের মো. সেলিম উদ্দিন জানান, ১২ শতক জায়গায় তাঁর বাড়ি ছিল। ব্রাহ্মণহাট বাজারের পূর্বপারে জমি ছিল ২৩ শতক, গত বছরের বন্যায় বাড়ি-জমি সবই নদীতে চলে যায়। বর্তমানে পরিবার-পরিজন নিয়ে তিনি নাজিরহাট এলাকায় ভাড়া বাসায় বাস করেছেন। ভাঙ্গাদিঘিরপাড় গ্রামের বাসিন্দা মুহাম্মদ আলী জানান, একইভাবে বণিকপাড়ার প্রফুল্ল, মিলন, প্রমতোষ, কাজল, ননাই, মুহিনী, হারাধন নারায়ণসহ অনেকের বসতঘর কেড়ে নিয়েছে হালদা। গত তিন বছরে নিঃস্ব হয়েছেন মোতালেব, ইউসুফ, নাছির, মুন্সি মাঝি, মুনাফ, আবদুস সামাদ, তাহের, আইয়ুব, আজম, সাইফুল, শহিদুল্লাহ, শফি ড্রাইভারসহ অন্তত শতাধিক পরিবার বলে জানালেন পূর্ব-সুয়াবিল গ্রামের মো. নেজাম উদ্দিন। জানা যায়, বসতবাড়িহারা এসব পরিবারের লোকজনের কেউ কেউ আত্মীয়স্বজনের আশ্রয়ে এবং কেউ কেউ ঝুপড়ি ঘর বানিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। ভাঙনকবলিত এলাকা ছেড়ে ২২ জুলাই মানিকছড়ি বাজার এলাকায় ভাড়া ঘরে উঠেছেন মুহাম্মদ জহুর আলম। তিনি বলেন, ‘এ পর্যন্ত দুবার আমাদের ঘরবাড়ি, জমিজমা নদীতে বিলীন হয়েছে। এ গ্রামে থাকার কোনো অবলম্বন আর নেই। তাই ভাড়া বাসায় উঠতে বাধ্য হয়েছি।’এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। খুব দ্রুত ব্যবস্থা না নিলে আরও অনেককে বসতভিটা হারিয়ে পথে বসতে হবে। সুয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তালেব চৌধুরী বলেন, ‘হালদার ভাঙনে নিয়মিত কয়েকটি গ্রাম বিলীন হওয়ার বিষয়টি একাধিকবার উপজেলা পরিষদের মাসিক সভায় তুলে ধরেছি। কিন্তু এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ বলেন, এবারের বন্যায় উপজেলায় কমবেশি সব গ্রামে রাস্তাঘাট, ফসলি জমি, ঘরবাড়ি এবং বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হালদা নদীর তীরবর্তী এলাকায় ভাঙন প্রতিরোধে বেড়িবাঁধগুলো অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ জামাল প্রথম আলোকে বলেন, ‘হালদার পুরোনো বেড়িবাঁধ এবং নতুন করে ভাঙনকবলিত এলাকাগুলো আমি দেখেছি। ছোট বেড়িবাঁধগুলো দ্রুত সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বড় কয়েকটি বাঁধ মেরামতের জন্য ১৫-২০ কোটি টাকা প্রয়োজন। এত টাকা রাজস্ব খাত থেকে সংস্থান করা সম্ভব নয়। তাই জলবায়ু তহবিলের অর্থ চেয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। অর্থ পেলে সেগুলো মেরামত করা হবে।’