হালদায় একদিকে বালু তোলার হিড়িক, অন্যদিকে ভাঙন
হালদা নদী থেকে অবৈধভাবে বালু তোলার ফলে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের শতাধিক বসতবাড়ি ও কয়েক শ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় হুমকির মুখে পড়েছে আরও একাধিক গ্রাম এবং নাজিরহাট-কাজীরহাট সড়ক।
ইউনিয়নের ভাঙ্গা দিঘী এলাকার কফিল উদ্দিন (৩৪) জানান, অব্যাহত ভাঙনে তিনিসহ তাঁর প্রতিবেশী শতাধিক পরিবার সর্বস্ব হারিয়েছেন। বাড়িঘর ও ফসলি জমি হারিয়ে অনেকেই অন্যের জমিতে কুঁড়েঘর তুলে জীবন যাপন করছেন।
পূর্বসুয়াবিল গ্রামের মো. নাঈমুদ্দিন (২৯) বলেন, ‘হালদার বালু তোলার কারণে আমাদের বাড়িঘর ভাঙছে। কিন্তু প্রশাসন এসব দেখে না। আমরা এই বালু তোলা বন্ধের দাবি করছি।’
জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, ‘মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কিছুদিন আগেও একাধিক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে নদীর কত দূর পর্যন্ত ফটিকছড়ি সীমানা, তা স্পষ্ট নয়। তাই অনেক ব্যবসায়ীকে ধরলেও তাঁরা সীমানার বাইরে বলে জানান। এ ক্ষেত্রে পার্শ্ববর্তী হাটহাজারী উপজেলা প্রশাসন আমাদের নিয়ে যৌথভাবে অভিযান চালালে বালু তোলা বন্ধ করা সম্ভব।’
স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে নদীর নাজিরহাট অংশ থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু তোলা হচ্ছে। সরকারিভাবে নির্দিষ্ট বালুমহাল ইজারা দেওয়া হলেও কিছু অসাধু ব্যবসায়ী অপরিকল্পিতভাবে বালু তুলছেন। এ কারণে চলতি মৌসুমে নদীর ভাঙন বেড়েছে।
সরেজমিনে দেখা যায়, হালদার পাড় ঘেঁষে জেগে উঠেছে চর। নাজিরহাট কলেজসংলগ্ন একদিকে দেখা দিয়েছে নদীভাঙন, অন্যদিকে চলছে বালু তোলা। পানির স্রোত কম থাকায় ধীরগতিতে পাড় ভাঙছে। নদীর বিভিন্ন স্থানে সারিবদ্ধভাবে অন্তত ১০ থেকে ১২টি নৌকায় বালু তোলা হচ্ছে। দেশীয় খননযন্ত্রের মাধ্যমে নদীর গভীর থেকে তোলা পানিসহ বালু রাখা হচ্ছে নৌকায়। সেখান থেকে পানি সরে যাওয়ার পর বালু নিয়ে ফেলা হচ্ছে নদীর পাড়ে। ওই বালু পরে ট্রাক ও চাঁদের গাড়িতে পাঠানো হচ্ছে বিভিন্ন এলাকায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, নদীর এক পারে ফটিকছড়ি আর অন্য পারে হাটহাজারী উপজেলা। দুই পারের কিছু প্রভাবশালী ব্যক্তির সিন্ডিকেট অবৈধভাবে এই বালু তোলায় জড়িত। এর নেতৃত্বে রয়েছেন ক্ষমতাসীন ও বিরোধী দলের কয়েকজন নেতা। নদীর ফটিকছড়ি অংশের বালুর মান ভালো হওয়ায় তাঁরা এ অংশে অনুপ্রবেশ করে বালু তুলছেন।