হুমকির মুখে দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র
হালদায় ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে
হালদা নদীর মোহনায় তিনটি শক্তিশালী ড্রেজার বসিয়ে বালু তুলে বিক্রি করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্রটি। বালু পরিবহনের কাজে ব্যবহূত যান্ত্রিক নৌযানগুলোর আঘাতে মারা পড়ছে অনেক মা-মাছ। অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে মদুনাঘাট নতুন সেতুর গোড়ায় বসানো পাথরের ব্লক ইতিমধ্যে অনেকটাই দেবে গেছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আবাসন প্রকল্প অনন্যার জায়গা ভরাটসহ অন্যান্য কাজে এসব বালু ব্যবহূত হচ্ছে বলে জানা গেছে।সরেজমিনে হালদা ও কর্ণফুলী নদীর সংযোগস্থল ঘুরে দেখা যায়, কালুরঘাট সেতুর ১০০ গজের মধ্যে দুটি ড্রেজার বসিয়ে দিনদুপুরে বালু তুলছে শ্রমিকেরা। এ সময়ে ৮-১০টি বালুভর্তি যান্ত্রিক নৌযান (ইঞ্জিনবোট) মদুনাঘাটের দিকে যেতে দেখা যায়। আবার কালুরঘাট সেতুর নিচে কয়েকটি নৌযান থেকে বালু নামাচ্ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। শ্রমিক আবুল কালাম জানান, প্রায় অর্ধশত শ্রমিক দৈনিক ২৫০-৩০০ টাকার বিনিময়ে বালু তোলার কাজ করে। প্রত্যক্ষদর্শী কচুখাইন গ্রামের মোহাম্মদ আলী জানান, নদীর তলদেশ থেকে বালু তোলার কাজে নিয়োজিত আছে তিনটি শক্তিশালী ড্রেজার। কালুরঘাট সেতুর দেড় কিলোমিটার এলাকায় এগুলো দিয়ে বালু তোলা হয়। এখান থেকে আহরিত বালু ৫০টি বড় যান্ত্রিকযান বহন করে নিয়ে যায় কালুরঘাট ও মদুনাঘাট সেতুর কাছে। নলের (পাইপ) মাধ্যমে বালু তোলা হয় চট্টগ্রাম ওয়াসার মদুনাঘাট পানি শোধনাগার প্রকল্পের জায়গায়। জানা যায়, হালদা ও কর্ণফুলীর মোহনা থেকে বালু তোলার সঙ্গে জড়িত আছে বিভিন্ন প্রভাবশালীমহল। এদের মধ্যে বোয়ালখালী উপজেলার বাসিন্দা মনছুর আলম প্রকাশ বাপ্পি ও রাউজানের জাহাঙ্গীর সাত্তারের নাম শোনা যায়। এ ব্যাপারে মনছুর আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা কর্ণফুলী এক নম্বর ব্লক এলাকা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে এক বছরের জন্য ইজারা নিয়েছি। বন্দর কর্তৃপক্ষ প্রথমে জরিপ করে নিশ্চিত হয়েছে, এভাবে বালু তোলা হলে হালদার ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না। তারপরই তারা দরপত্র আহ্বান করেছে। তখনই আমরা কাজ পাই।’ মনছুর আলম আরও জানান, দু-তিন মাস হয়েছে তারা কাজ পেয়েছেন। সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর সাত্তারের ব্যবসাপ্রতিষ্ঠান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সিডিএ আবাসিক প্রকল্প অনন্যায় বালু সরবরাহের কাজ পেয়েছেন। তাদের সঙ্গে উপচুক্তির ভিত্তিতে তারা বন্দরের নিয়ন্ত্রণাধীন কর্ণফুলী এলাকা থেকে বালু তুলছেন। এ ব্যাপারে জানতে চাইলে বন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করে কর্ণফুলী এক নম্বর ব্লক ইজারা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বন্দরের এ সীমানার বাইরে হালদা নদী থেকে বালু তোলার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বন্দর কর্তৃপক্ষের এ ধরনের বিষয় তদারকির ব্যবস্থা আছে বলেও তিনি জানান। জানা গেছে, হালদার মোহনা থেকে বালু তোলার কাজে যুক্ত রয়েছে ছোটখাটো আরও প্রায় ৩০০ লোক। তবে এঁদের দাবি, ইজারাকৃত মহাল থেকে বালু আহরণ করেন। হালদা মৎস্য প্রজননক্ষেত্রকে মাছের অভয়ারণ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০০৭ সালে পাঁচ বছর মেয়াদি হালদা মৎস্য প্রজননক্ষেত্র পুনরুদ্ধার প্রকল্প হাতে নেওয়া হয়। এতে বলা হয়, হালদা এলাকায় কোনো যান্ত্রিক নৌযান চলাচল করা যাবে না। কিন্তু সে নিয়ম মানা হচ্ছে না এখানে। মইশকরম এলাকার মৎস্যজীবী রাখাল দাস জানান, বালুবাহী বড় বড় যান্ত্রিক নৌযানের পাখার আঘাতে হালদা নদীর অনেক মা-মাছ মারা পড়ছে। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। হাটহাজারী ও রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি দেখবেন।’রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনচন্দ্র পাল বলেন, ‘আমি এখন ছুটিতে আছি। এ বিষয়টি আমার জানা নেই। এসি ল্যান্ডকে (সহকারী কমিশনার—ভূমি) যথাযথ ব্যবস্থা নিতে বলব।’ তবে নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, হালদা থেকে কাউকে বালু তোলার ইজারা দেওয়া হয়নি। কেউ যদি এভাবে বালু তোলেন তা হবে অবৈধ।হালদা গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মঞ্জুরুল কিবরিয়া কর্ণফুলী মোহনায় ড্রেজার দিয়ে বালু তোলার বিষয়টি অবগত আছেন বলে জানান। তিনি বলেন, ড্রেজারে বালু তোলা এবং ড্রেজার চলাচল দুটিই ক্ষতিকর মা-মাছের এ অভয়াশ্রমের জন্য। এতে পানির গভীরে থাকা বড় মাছগুলো মারা পড়ছে। তাদের নিরাপদ চলাচল বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া প্রজনন মৌসুমে বিভিন্ন স্থান থেকে ডিম ছাড়তে আসা মাছগুলোও এখানে আসতে পারবে না।এদিকে, মদুনাঘাট এলাকার ব্যবসায়ীদের অভিযোগ, হালদা মোহনা থেকে ক্রমাগত বালু তোলার ফলে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে উদ্বোধন করা মদুনাঘাট নতুন সেতুর গোড়ায় বসানো পাথরের ব্লক এখন নিচের দিকে দেবে যাচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে সেতুটি। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার নাথ প্রথম আলোকে বলেন, ‘এ সম্পর্কে আমি জানি না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’নদী থেকে বেপরোয়া বালু তোলার ফলে রাউজানের মানচিত্র বদলে যাচ্ছে বলে মন্তব্য করেন হালদাপারের ইউনিয়ন নোয়াপাড়ার সাবেক চেয়ারম্যান দিদারুল আলম। তিনি বলেন, ‘বালু তোলার ভয়াবহ পরিণতির কথা ভেবে স্থানীয় সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী জেলা প্রশাসনকে ইজারা পদ্ধতি বাতিলের পরামর্শ দিয়েছেন।’ হালদা মোহনা থেকে এভাবে অবৈধ উপায়ে খেয়ালখুশি মতো বালু তোলার ফলে প্রাকৃতিক এ মৎস্য প্রজননক্ষেত্র ক্রমশ হুমকির মুখে পড়ছে বলে মনে করেন পরিবেশবাদীরা। তাঁদের মতে, এখনি এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে পরিণামে ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হবে। চট্টগ্রাম পরিবেশ রক্ষা আন্দোলনের (বাপা) সভাপতি মুহাম্মদ সেকান্দর খান বলেন, ‘বিশেষজ্ঞদের অনুমতি ছাড়া হালদার পানি স্পর্শ করারও অধিকার কারও নেই। যারা এ ধরনের কাজ করছে তারা হয়তো না বুঝে এবং কোনো রকম পরিণতির কথা না ভেবেই এসব করছে। কিন্তু এ ক্ষেত্রে কর্তৃপক্ষের কঠোর নজরদারি থাকা দরকার।’