হালদায় দখল দূষণ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালদা নদীর ফটিকছড়ি সদর রাজঘাট থেকে উত্তর দিকে আধা কিলোমিটার এবং নাজিরহাট বাজার থেকে নতুন সেতু পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা দখল করে গড়ে উঠেছে শতাধিক অবৈধ স্থাপনা। এর কোনোটি বসতবাড়ি, আবার কোনোটি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। পাশাপাশি নদীর নাজিরহাট কলেজসংলগ্ন এলাকার পূর্ব সুয়াবিল ও পূর্ব মন্দাকিনী অংশে প্রতিদিন অবাধে অপরিকল্পিতভাবে বালু পাচার ও মাটি কেটে নেওয়া হচ্ছে। বৃহত্তর ফটিকছড়ি উপজেলার বুক চিরে বয়ে গেছে হালদা নদী। নাজিরহাট কলেজসংলগ্ন এলাকায় হালদার কূলে বাস করেন খায়রুল হক। তিনি বলেন, ‘মনে আছে এ জায়গাটি হালদা নদীর। কিন্তু থাকার জায়গা নেই বলে এখানে ঝুপড়িতে বসবাস করি।’ তাঁর পাশে বসবাস করছেন আবদুল জলিল। তাঁর স্ত্রী মরিয়ম বেগম বলেন, ‘ঘর নেই, তা-ই এখানে ঘর করে বসবাস করছি।’ উপজেলা সদর রাজঘাট হালদার কূলেই নামসর্বস্ব পাকা ইমারত নির্মাণ করেছেন শাহ্ আলম। তিনি অবশ্য দাবি করেছেন, এ সম্পত্তি নদীর নয়, তাঁর মৌরুসি সম্পত্তি।এ ছাড়াও, পূর্ব মন্দাকিনী, কুম্ভারপাড়া, বারৈয়ারহাট, পূর্ব ধুরুং গ্রামের বিভিন্ন অংশে প্রতিনিয়ত নদীর মাটি অপরিকল্পিতভাবে কেটে নেওয়া হচ্ছে। নাজিরহাট বাজারের আল-আমিন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের হিসাবরক্ষক নুসরাত জাহান বলেন, ‘হালদার এপাড় থেকে ওপাড়ে সেতু পেরিয়ে যাওয়ার সময় নাকে রুমাল দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হাঁটাচলা করি। বর্জ্যের দুর্গন্ধে পেটের মধ্যে নাড়িভুঁড়িসহ যা আছে বের হয়ে আসতে চায়।’ একই কথা বলেন সুয়াবিলের মন্দাকিনী গ্রাম থেকে আসা বাজারের ক্রেতা শিক্ষক টিপু চৌধুরী।অপর ক্রেতা মো. রায়হান বলেন, যত দখল আর অনাচার এই হালদা নদীতে। অথচ দেশের মিঠা পানির একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এটি। জাতীয় স্বার্থে হালদায় অনাচার আর দখল বন্ধ করা প্রয়োজন।উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, ‘হালদার নাব্যতা ফিরিয়ে আনার জন্য খননের উদ্যোগ নেওয়া হবে। এ নদী থেকে কেউ যাতে অবৈধভাবে মাটি ও বালু তুলতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, নদীতে বর্জ্য না ফেলার বিষয়ে নির্দেশনা রয়েছে। তারপরও অনেকে সেখানে বর্জ্য ফেলছেন। এখন থেকে প্রমাণ পাওয়া গেলে দোষী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. নাছির উদ্দিন বলেন, বাজারের বর্জ্য ফেলার কোনো সুব্যবস্থা এবং নীতিমালা নেই। ফলে বাজারের কোনো কোনো ব্যবসায়ী হালদায় বর্জ্য ফেলে পরিবেশ দূষিত করছেন। তবে কেউ যাতে এটি করতে না পারে সে ব্যাপারে নজর দেওয়া হবে।