হালদায় পানি কমছে, ১৫ কিলোমিটার এলাকায় সেচসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া হালদা নদীতে পানি কমছে। নদীর তলদেশে জমছে বালু ও পলি। এ কারণে নদীর পাড়ের ১৫ কিলোমিটার এলাকাজুড়ে সেচসংকট চলছে।
কৃষকেরা জানান, খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার পাহাড়ের পাদদেশ থেকে নেমে আসা হালদা ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার মধ্য দিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মিশেছে। ফলে প্রতিবছর বর্ষায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের বালুতে নদীর তলদেশ ভরাট হচ্ছে। ফলে পানির ধারণক্ষমতাও কমছে। এ কারণে শীত মৌসুমে নদীর পানি আশঙ্কাজনকভাবে কমে যায়—দেখা দেয় সেচসংকট।
উপজেলার সুন্দরপুর গ্রামের মো. মামুন (৩৪) বলেন, গত এক দশক আগেও হালদার গভীরতা ছিল। তখন নদীতে প্রচুর মাছও ছিল। নদীর পানি ব্যবহার করে সবজি ও ধান চাষ করতেন চাষিরা। বিশেষ করে সুন্দরপুর, দৌলতপুর ও সুয়াবিলের চাষিরা হালদার ওপর সেচের জন্য নির্ভরশীল। কিন্তু এখন শুষ্ক মৌসুমে হালদার পানি কমে যায় বলে সেচ–সংকটে ভোগেন চাষিরা।
ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ প্রথম আলোকে বলেন, উপজেলার সুন্দরপুর, সুয়াবিল, দৌলতপুর, রোসাংগিরীসহ কয়েকটি চরের প্রায় দেড় হাজার হেক্টর জমির চাষাবাদ হালদার পানির ওপর নির্ভরশীল। কিন্তু গত এক দশকে পানি শুকিয়ে যাওয়ায় চাষাবাদ ব্যাহত হচ্ছে। প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ফসলি জমিতে উৎপাদন কমেছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, হালদার পানির ওপর কয়েকটি বড় বিলের ধান চাষাবাদও নির্ভরশীল। এটি ভরাট হওয়ায় শাখা খালগুলোও মরে যাচ্ছে। এগুলো খনন করা প্রয়োজন।
পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী খোরশেদুল আলম জানান, হালদা ভরাট হওয়ায় চাষাবাদের ওপর প্রভাব পড়ছে। যত শিগগির সম্ভব হালদা খননের উদ্যোগ নেওয়া হবে।