হালদায় বর্জ্য ফেলা বন্ধ হচ্ছেই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট এলাকায় পুরোনো হালদা সেতুর গোড়ায় ময়লার স্তূপ। দিন দিন এই স্তূপ বাড়লেও বাধা দেওয়ার কেউ নেই l প্রথম আলো
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট এলাকায় পুরোনো হালদা সেতুর গোড়ায় ময়লার স্তূপ। দিন দিন এই স্তূপ বাড়লেও বাধা দেওয়ার কেউ নেই l প্রথম আলো

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হালদা নদীতে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ হচ্ছে না। ফলে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র হিসেবে পরিচিত এই নদীর পরিবেশ বিপন্ন হচ্ছে। হালদার পাড়ে গড়ে ওঠা ইটভাটা, বাজার ও বসতবাড়িগুলো এমন দূষণের জন্য দায়ী হলেও বাধা দেওয়ার কেউ নেই। উপজেলার দুটি বড় কাঁচাবাজারের আবর্জনা স্তূপ করে রাখা হয় নদীর পাড়ে। দিন দিন ময়লার স্তূপ বাড়লেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
উপজেলার দোহাজারী ও ফটিকছড়ি এই দুটি কাঁচাবাজারে প্রায় চার হাজার দোকান আছে। সবজি, মাছ-মাংস ও কৃষিপণ্যের এসব দোকানের বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। ফলে হালদার পাড়েই বাজারের বর্জ্য স্তূপ করে রাখা হয়। এ ছাড়া উপজেলায় নদীর ঠিক পাড়েই রয়েছে অন্তত ২০টি ইটভাটা। এসব ইটভাটা থেকে ছাই, পোড়া তেলসহ নানা বর্জ্য মিশছে নদীর পানিতে। এ ছাড়া বিভিন্ন হালদার শাখা খালগুলো ভরাট করে ফেলায় পানিপ্রবাহ হ্রাস পেয়ে লোনা পানির আগ্রাসন বেড়েছে।
সরেজমিনে দেখা গেছে, নাজিরহাট বাজার–সংলগ্ন পুরোনো হালদা সেতুর গোড়ায় বিশাল ময়লার স্তূপ। ওই এলাকায় চলাফেরা করতে হলে নাকে রুমাল চাপা দিতে হয়। নাজিরহাট বাজারের ব্যবসায়ী আমিনুল হক বলেন, হালদার এপার থেকে ওপারে সেতু পারাপারের সময় নাক বন্ধ করে দ্রুত হাঁটা শুরু করি। দুর্গন্ধে পেটের নাড়িভুঁড়ি বের হয়ে আসতে চায়।
নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী বলেন, বাজারে বর্জ্য ব্যবস্থাপনা নেই। নেই কোনো নীতিমালাও। ফলে বাজারের ব্যবসায়ীরা খেয়ালখুশিমতো বর্জ্য ফেলছেন নদীতে। ময়লা ফেলা বন্ধে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।
জানতে চাইলে হালদা বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মনজুরুল কিবরিয়া প্রথম আলোকে বলেন, হালদা পৃথিবীর অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র। ফটিকছড়ি অংশে হালদার উপকূলে ইটভাটা, চা–বাগান ও বিভিন্ন হাটবাজার থেকে বর্জ্য ফেলা হচ্ছে। ফলে বিষাক্ত হয়ে যাচ্ছে হালদার মিঠা পানি।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী খোরশেদ আলম বলেন, হালদার নাব্যতা ফিরিয়ে আনার জন্য এটি খননের উদ্যোগ নেওয়া হবে। কেউ যাতে ময়লা না ফেলতে পারে সে বিষয়টিও দেখা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, খাল-নদীতে বর্জ্য না ফেলার বিষয়ে নির্দেশনা আছে। তারপরও অনেকে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলেন। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হবে।