‘বাসাবাড়িতে ছোলা, পেঁয়াজু, হালিম, পায়েস—সবই রান্না করা যায়। কিন্তু সময়ের অভাবে তা মোটেও হয়ে ওঠে না। তাই বাইরের দিকে হাত বাড়াতে হয়। এখানকার হালিম, পায়েস খুবই সুস্বাদু ও টাটকা, তাই দাম একটু বেশি হলেও এখানে ছুটে আসা।’ গত শুক্রবার বিকেলে ঝাউতলা এলাকায় ইনানী ফুড কোর্ট ইফতারি-বাজারে ইফতারির জন্য লাইনে দাঁড়িয়ে এসব কথা বললেন চাকরিজীবী গোলজার আকতার (৩৭)। তাঁর মতো স্থানীয় অনেকেই এখানে লাইন ধরে হালিম, পায়েস, ছোলা, পেঁয়াজু, পাটিসাপটা পিঠাসহ নানা রকম খাদ্য কিনছেন। ইনানীর এই ইফতারি-বাজারে ক্রেতাদের বেশির ভাগ তরুণ-যুবক। এখানে বিক্রি হচ্ছে সব পশ্চিমা খাবার। বাসাবাড়ি থেকে লোকজন এসে কিনে নিচ্ছেন হালিম আর পায়েস। দাম একটু বেশিই। প্রতি কেজি চিকেন হালিম ৩২০ টাকা, মাটন হালিম ৩২০, শাহি জিলাপি ১৪০, ছোলা ১৪০, পেঁয়াজু প্রতিটি তিন, বেগুনি তিন, মরিচ্যা দুই, চিকেন সমুচা ১০, বিফ ছমুচা ১০, চিকেন রোল ৩৫, ভেজিটেবল রোল ২৫, চিকেন ফ্রাই প্রতি পিস ৫০, শামী কাবাব ২০, জালি কাবাব ২০, ভেজিটেবল পাকড়া ১০, আলুর চপ পাঁচ, পাটিসাপটা পিঠা ২০, ডিমের চপ ১৫, ফিরনি/ পায়েস প্রতি কাপ ২৫, মিনি কাবাব প্রতি পিস ২০, ইনানী কাবাব প্রতি পিস ২০ এবং চিকেন চার্চলিক প্রতি পিস ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। ইনানী ফুড কোর্টের মহাব্যবস্থাপক রফিকুল আহসান বুলবুল জানান, তাঁরা ২৭ রকমের পুষ্টিগুণসম্পন্ন ইফতারসামগ্রী বিক্রি করছেন। ইনানী ইফতারি-বাজারের ব্যবস্থাপক হিল্লোল কান্তি পাল বলেন, ‘রোজার তৃতীয় দিন প্রায় ৪০ হাজার টাকার বেচাকেনা হয়। সন্ধ্যার আগেই আমাদের সব ইফতারসামগ্রী শেষ হয়ে যায়।’ পর্যটন শহর কক্সবাজারের সৈকতপাড়ের হোটেলগুলোতে পর্যটকদের আকৃষ্ট করতে নানা রকম আধুনিক খাবার তৈরি করা হচ্ছে। তাতে বেশ সাড়াও পাচ্ছে তারা। তবে হালিমের প্রতি মানুষের ঝোঁক বেশি দেখা গেছে। ইফতারের ঠিক আগমুহূর্তে রোজাদারেরা শহরের ঝাউতলা, লালদীঘির পাড় এবং সৈকতপাড়ের নানা নামীদামি হোটেলে নানা ধরনের হালিম কিনতে লাইন ধরেন। হালিমের পাশাপাশি ছোলা, পেঁয়াজু, জিলাপি, বেগুনি, মরিচি, ফিরনি, পায়েস কিনতেও ভোলেন না। এসব দোকানে চিকেন ও মাটন হালিম প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৫০ টাকায়। প্রতি কেজি ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, শাহি জিলাপি বিক্রি হচ্ছে ১২০ থেকে ২০০ টাকায়। সৈকতপাড়ের তারকা মানের হোটেল সি-গাল, প্রাসাদ প্যারাডাইস, লং বিচ হোটেল, সি প্যালেস, হোটেল লাবণী, নিরিবিলি অর্কিডসহ শতাধিক হোটেল-রেস্তোরাঁয় ভ্রমণে আসা পর্যটকদের জন্য পাশ্চাত্যের ছোঁয়ায় ইফতারি তৈরি ও বেচাবিক্রি হচ্ছে। এসব হোটেল-রেস্তোরাঁয় মোরগ কাবাব, খাসি, গরু, মুরগি ও মাছের কাবাব, মুরগির সাসলিক ও লাঠি কাবাব, তন্দুরি রুটি, মৌসুমি ফলের রস, শরবত, দইসহ নানা মুখরোচক খাবার বিক্রি হচ্ছে।