
ইফতার আয়োজনে বাহারি পদের ভিড়ে হালিম একটি পরিচিত নাম। বিভিন্ন রেস্তোরাঁর ইফতার আয়োজনে হালিম থাকবেই। নগরের দুটি রেস্তোরাঁর হালিমসহ বিভিন্ন পদ নিয়ে আজকের আয়োজন।
হান্ডি ইন্ডিয়ান বিস্ট্রো: গরু-মুরগি-খাসির মাংস দিয়ে তৈরি গো-মু-খা হালিম নগরের জিইসিতে অবস্থিত এ রেস্তোরাঁর অন্যতম জনপ্রিয় ইফতারের পদ। প্রতিবছরের মতো এবারও ক্রেতারা গো-মু-খা হালিমের জন্য ভিড় জমাচ্ছেন। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। এ ছাড়া এ রেস্তোরাঁয় রয়েছে চিকেন হালিম ও মাটন হালিম। এ দুই পদের হালিমও প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
হালিম ছাড়াও মোরগ মসল্লাম ও মাটন রান-ই সিকান্দারির মতো মোগলাই খাবারের আয়োজন রয়েছে এখানে। প্রতি পিস মোরগ মসল্লাম ৫০০ টাকা ও মাটন রান-ই সিকান্দারি মিলবে ৯৫০ টাকায়। ৫০ পদের খাবারসহ এ রেস্তোরাঁয় বুফে ইফতার ও ডিনার করতে জনপ্রতি গুনতে হবে ভ্যাট ছাড়া ৬৯৯ টাকা। এ ছাড়া রয়েছে বিশেষ চারটি প্যাকেজ। ইফতার পার্টির জন্য রয়েছে দুটি, বাকি দুটি ঘরে নিয়ে যাওয়ার জন্য। পার্টি প্যাকেজের মধ্যে অন্থন, হালিম, জিলাপিসহ ১৯ পদের সেট মেনুর দাম পড়বে ৪৯৯ টাকা। সমুচা, জিলাপি ও ফিরনিসহ ১৯ পদের অপর পার্টি প্যাকেজ সেট মেনুর দাম ধরা হয়েছে ৪৪৯ টাকা। ফ্রায়েড চিকেন, সমুচা ও জিলাপিসহ ১৬ পদের ইফতারি বক্স মিলবে ৩৪৯ টাকায়। ৩৯৯ টাকা দামের ইফতারি বক্স মেনুতে থাকছে চিকেন সাসলিক, জিলাপি ও ফিরনিসহ ১৭ পদের খাবার।

স্যাফরান রেস্তোরাঁ: নগরের চেরাগী পাহাড় মোড়ের এ রেস্তোরাঁয় তন্দুরী, চায়নিজ, ভারতীয় ও বাংলা এ চার ধরনের ৪০ পদের খাবার নিয়ে এবার ইফতারি আয়োজন করা হয়েছে। এখানকার হালিমের চাহিদা রয়েছে ক্রেতাদের কাছে। দেশি মুরগি দিয়ে তৈরি চিকেন হালিমের দাম প্রতি কেজি ৩৮০ টাকা। প্রতি কেজি মাটন হালিম পাওয়া যাচ্ছে ৪০০ টাকায়। দুই পদের জিলাপির মধ্যে রেশমি জিলাপির চাহিদা বেশি। প্রতি কেজি রেশমি জিলাপির দাম পড়বে ২০০ টাকা। হায়দারাবাদি বিরিয়ানি মিলবে হাফ প্লেট ১৭০ টাকা ও ফুল প্লেট ৩০০ টাকায়। রেস্তোরাঁয় বসে খাওয়ার ও বাসায় নিয়ে যাওয়ার জন্য এখানে রয়েছে ইফতারির চার ধরনের সেট মেনু। ২৫০ টাকা দামের সেট মেনুতে রয়েছে চিকেন ললিপপ, চিংড়ি টোস্ট, ফ্রায়েড অন্থন, চিলি কাবাবসহ ১৪ পদের খাবার।
চিকেন সাসলিক, চিকেন ফ্রাই, জিলাপি ও ফিরনিসহ ১৩ পদের সেট মেনুর দাম ৩৭৫ টাকা। ৩০০ টাকা দামের সেট মেনুতে রয়েছে চিকেন কাটলেট, চিকেন রোল ও জিলাপিসহ ১৪ পদের খাবার। গ্রিল চিকেন, হালিম, ফ্রায়েড অন্থনসহ ১৪ পদের সেট মেনুর দাম পড়বে ৪২৫ টাকা। রেস্তোরাঁর ব্যবস্থাপক শোভন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘রমজান মাসে রোজাদারদের স্বাস্থে্যর কথা মাথায় রেখে গুণগত মানসম্পন্ন খাবার সরবরাহ করার চেষ্টা করছি আমরা। এতে ক্রেতারাও আকৃষ্ট হচ্ছেন।’