হালিশহরে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
জন্মনিবন্ধনে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে দক্ষিণমধ্যম হালিশহরের বাসিন্দারা অভিযোগ করেছেন। এই এলাকার বাসিন্দা ফাতেমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘এটা বেশ ঝামেলার কাজ বলেই মনে হলো। জানুয়ারিতে যখন ছেলেকে বিদ্যালয়ে ভর্তি করানোর সময় জন্মনিবন্ধন সার্টিফিকেটের প্রয়োজন হয়ে পড়ে। জানতাম জন্মনিবন্ধন ফি লাগবে ১৮ বছরের ঊর্ধ্বে ৫০ টাকা, কিন্তু আমাকে দিতে হয়েছে ২৫০ টাকা। যদি না দিতাম তা হলে সময়মতো পেতাম না।’ একই এলাকার বাসিন্দা শাকিলুজ্জাহান খান বলেন, ‘আমাদের পরিবারের সবারই জন্মনিবন্ধন করেছি। ছেলের বয়স দুই, মেয়ের আট, জন্মনিবন্ধন করতে প্রত্যেকেরই ২৫০ টাকা করে লেগেছে।’ ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ওয়ার্ডে এ রকম কোনো অনিয়ম হয় না। সকালে দিলে বিকেলে পেয়ে যায়। এ অভিযোগ সত্য নয়।’ পোশাকশ্রমিক প্রিয়াঙ্কা দাস ও কাকলী বেগম থাকেন দক্ষিণ মধ্য হালিশহরে। কিন্তু তাঁদের কর্মক্ষেত্র ইপিজেডে। সেই সূত্রে তাঁরা জন্মনিবন্ধন করিয়েছেন বন্দরটিলা থেকেই। তাঁরা প্রত্যেকেই জন্মনিবন্ধন করিয়েছেন ৮০ টাকা করে। এ ছাড়াও কথা হয় একই এলাকার বাসিন্দা আবদুল আলিমের সঙ্গে। পেশায় দর্জি। তিনি বলেন, ‘জন্মনিবন্ধন করিনি, কারণ এটা তো আমার কোনো কাজেই লাগে না।’