না, মেয়েটি তার সেই ছোট্টবেলায় নরম দুটো হাতে দাবার ঘুঁটি আঁকড়ে ধরেনি, যা দেখে বাবা-মা বিস্মিত হতে পারতেন। ঘরে বুঝি এসে গেছে কোনো এক জুডিত পোলগার। শামীমা আক্তার লিজার দাবা খেলোয়াড় হয়ে ওঠার গল্পের মধ্যে খুব একটা রোমাঞ্চ নেই।ঘরে দাবার পরিবেশ তেমন ছিল না। শুধু একমাত্র বড় ভাই সাখাওয়াত হোসেন বাইরে থেকে দাবাটাবা খেলে এসে গল্প করতেন। সেই থেকেই দাবা শব্দটা লিজার মনের মধ্যে কোথাও একটা ছাপ ফেলে দেয়। তারপর স্কুলে, নারায়ণগঞ্জের বিবি মরিয়ম স্কুলে সে দেখল একটা দাবা প্রশিক্ষক দলকে, যারা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শহরের স্কুলে স্কুলে গিয়ে দাবা শেখাতে লাগল ছোটদের। লিজার দাবায় হাতেখড়ি ওখান থেকেই। শুধু একটু শেখাই তো নয়, ৬৪ ঘর ও ৩২ ঘুঁটির বুদ্ধির খেলাটা মনের মধ্যেই ঢুকে গেল। সে ১৯৯৯ সালের কথা। ওই বছরই দাবা ফেডারেশন আয়োজিত স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল দাবায় সপ্তম শ্রেণীর বালিকাটিও অংশও নিল। এবং কী আশ্চর্য, দেশ-বিদেশের এত এত প্রতিযোগীর মধ্যে বালিকা বিভাগে চতুর্থ হয়ে সবাইকে তাক লাগিয়ে দিল! দাবার টেবিলে নিবিষ্ট মনে ভেবে ভেবে লিজা একটা একটা করে চাল দেয়, আর মা আছিয়া বেগমের মনের মধ্যে চলে গর্বের আঁকিবুকি।সেই বালিকাটি আজ তরুণী। বিবি মরিয়ম স্কুল পেরিয়ে এখন সরকারি তোলারাম কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। শীতলক্ষ্যায় জল গড়িয়েছে অনেক। এই এক যুগের মধ্যে তাঁর দাবাজীবনও বাঁক ঘুরে নতুন মোহনায় এসে দাঁড়িয়েছে। ২০০৫ সালে জাতীয় মহিলা চ্যাম্পিয়ন, একই বছর সাবজুনিয়র চ্যাম্পিয়ন ও গত বছর আবার জাতীয় চ্যাম্পিয়ন। দেশের প্রমীলা দাবার এখন ঘোষিত শ্রেষ্ঠ খেলোয়াড়। আসল অর্জনটা অনেক বড় বলে একটু রয়েসয়েই বলা যাক। তাঁর ব্যক্তিগত অর্জন দেশেরও যে একটি মাইলফলক! গত ২৮ মার্চ বাংলাদেশসহ সারা উপমহাদেশ যখন বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে কী হবে, কী হবে উত্তেজনায় কাঁপছে, তখন তিনি শ্রীলঙ্কার কলম্বোয় একটি দাবার টেবিলে বসে রোমাঞ্চিত হয়ে পড়েছেন। ২৬ বছর পর বাংলাদেশ তাঁর মধ্যে খুঁজে পেয়েছে দাবার দ্বিতীয় আন্তর্জাতিক মহিলা মাস্টার। বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার কে? রানী হামিদ। ১৯৮৫ সালে দেশের প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন রানী হামিদ, ২০১১ সালে এসে ওই খেতাবটি পেলেন শামীমা আক্তার লিজা। দুই যুগেরও বেশি সময় ধরে একাকী, নিঃসঙ্গ বসে ছিলেন রানী হামিদ। দাবা ফেডারেশনে অনুশীলন কিংবা খেলার মধ্যে নিমগ্ন দেশের মহিলা দাবার এই পথিকৃৎ দীর্ঘশ্বাস ফেলতেন। এই জীবনে মনে হয় দেশের দ্বিতীয় মহিলা আন্তর্জাতিক মাস্টারকে তিনি দেখে যেতে পারবেন না। অবশেষে তাঁর পাশের বোর্ড থেকেই একজন মহিলা আন্তর্জাতিক মাস্টারের জন্ম দেখলেন। এমন গর্বের মুহূর্তের সাক্ষী হয়ে নিজেই ছিলেন উদ্বেলিত। উত্তরসূরিকে আলিঙ্গনে বেঁধে অভিন্দন জানিয়েছেন তাৎক্ষণিক। নিঃসঙ্গতা ঘুচেছে রানী হামিদের। এত দিন পর পাশে পেলেন এমন একজনকে, যাঁকে দাবা ফেডারেশনে প্রথম পা ফেলার দিনেই মনে মনে মার্কা দিয়ে রেখেছিলেন।কলম্বোর ওই টুর্নামেন্টটা ছিল এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপ, ৩.৪ অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াই। তাতে বাংলাদেশের হয়ে লিজার সঙ্গে দলগতভাবে খেলেছেন রানী হামিদও। লিজার খেরোখাতায় এর আগে একটা আইএম নর্ম জমা পড়েছিল। প্রথাগতভাবে আন্তর্জাতিক মাস্টারের খেতাব পেতে দরকার মোট তিনটি নর্ম। কিন্তু যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়ায় সরাসরিই খেতাব পেয়ে যান লিজা। শ্রেষ্ঠত্ব ভাগাভাগি হোক, এটা কেই বা চায়! লিজা কোনোভাবেই চাননি। কিন্তু প্রথম খেলায় সেই যে শ্রীলঙ্কার শচীনি রানাসিঙ্গের কাছে হেরে গেলেন, পরের সব ম্যাচ জিতেও তাঁকে পেছনে ফেলতে পারলেন না। নয় রাউন্ডের রাউন্ড রবিন লিগ পদ্ধতির খেলায় দুজনেরই পয়েন্ট হলো সাত। কিন্তু তার পরও একটা জায়গায় রানাসিঙ্গেই এগিয়ে রইলেন। প্রগ্রেসিভ স্কোরে অগ্রগামিতার সুবাদে রানাসিঙ্গেই আগামী বছর রাশিয়ায় অনুষ্ঠেয় মহিলা বিশ্ব চ্যাম্পিয়নশিপ দাবায় অংশ নেওয়ার অধিকার পেয়েছেন। একটা দূরতর সম্ভাবনা আছে লিজারও। যদি কোনো কারণে রানাসিঙ্গে যেতে না পারেন, কেবল তখনই এশিয়ার এ অঞ্চল থেকে বিশ্ব দাবায় প্রতিনিধিত্ব করার সুযোগ আসবে নারায়ণগঞ্জের শ্যামলা রঙের মেয়েটির। কিন্তু অপেক্ষমাণ তালিকায় থেকে অপেক্ষা করবেন না লিজা। দাবার বৃহত্তর ক্যানভাসে রানাসিঙ্গের আগেই আরও সুগন্ধি কোনো ফুল হয়ে ফোটার অপেক্ষায় থাকবেন তিনি। এখন লক্ষ্য, মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়া—ডব্লিউজিএম। দাবার সর্বোচ্চ খেতাবের ইংরেজি নামটা শুনতেও কী যে ভালো লাগে!লিজা পারবেন? পারতে তাঁকে হবেই। সেই নারায়ণগঞ্জ থেকে সকালে কিংবা দুপুরে যে মেয়েটি মায়ের হাত ধরে দাবা ফেডারেশনে এসে দাবা খেলতেন, তাঁর মুখের নীরব ভাষায় যে দূরন্ত এক লড়াইয়েরও স্ফুলিঙ্গ ছিল, অনেকেই তা বুঝতে পারেননি। এই দীর্ঘ চড়াই পেরিয়ে আইডব্লিউএম যখন হতে পেরেছেন, ডব্লিউজিএম নয় কেন?কিন্তু বাংলাদেশের দাবার ঊষর কাঁটা বিছানো পথটা কে না জানে? এখানে দাবা প্রশাসন কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন। দাবাড়ুদের বিশ্ব মানচিত্রে তুলে নেওয়ার কোনো উদ্যোগ নেই; হয়তো ক্ষমতাও নেই। কর্তাব্যক্তিরা নিজের লাভের গুড় চেটেপুটে খেতেই ব্যস্ত। একজন কোচ নেই। আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলোয়াড়দের পাঠাতে তাঁদের কার্পণ্য। খেলোয়াড়দের আর্থিক নিশ্চয়তা নেই। কোনো স্পনসর জোগাড় করে দেওয়ার চেষ্টা দূর অস্ত। বাংলাদেশ পাঁচজন পুরুষ গ্র্যান্ডমাস্টার পেয়েছে ভাগ্যক্রমে। এর পেছনে যতটা না ছিল দাবা ফেডারেশনের উদ্যোগ, তার চেয়ে বেশি ছিল নিয়াজ, জিয়া, রিফাত, রাকিব ও রাজীবদের নিজস্ব চেষ্টা। আর মহিলা গ্র্যান্ডমাস্টার? কবে বাংলাদেশ লিজার মধ্যে তা খুঁজে পাবে, সে উত্তর সময়ের হাতে বন্দী। লিজা দুঃখ করে বলেন, ‘জানেন, কোনো সহায়তা পাই না! একজন কোচ নেই। কোনো স্পনসর নেই। এই তো কলম্বো যাওয়ার আগের দিনও আমি নিশ্চিত ছিলাম না, যেতে পারব। এভাবে হয় না। তবু দাবা আমার মনের মধ্যে গেঁথে গেছে বলেই এটা নিয়ে পড়ে আছি। যতটা পারি, লড়াই চালিয়ে যাব।’ডেন্টিস্ট বাবা শাহাদত হোসেন চেয়েছিলেন, মেয়ে আইন নিয়ে পড়ে ব্যারিস্টার হবে। মেয়েকে পেয়ে বসল দাবার নেশা। বাবা মারা গেছেন ২০০৮ সালে। তিনি দেখে যেতে পারেননি দাবায় মেয়ের উজ্জ্বল লড়াই শেষে একটা অর্জনের আলোয় রাঙা হয়ে ওঠার মুহূর্ত। অন্যলোকে থাকা বাবার জন্য হলেও গ্র্যান্ডমাস্টার হওয়ার লড়াইটা জারি হলো এখন লিজার। অবসরে রবীন্দ্রসংগীতের মধ্যে আনন্দ খুঁজে ফেরা মেয়েটির এই রবীন্দ্রসংগীতটি খুব ভালো লাগে, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে...।’