হালের 'এইম ইন লাইফ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। গত ৩০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ও ২৮ সেপ্টেম্বর সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আন্দোলনকারীদের ধরপাকড় করে পুলিশ। ছবি: আবদুস সালাম ও আনিস মাহমুদ l সংলাপ: দন্ত্যস রওশন
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। গত ৩০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ও ২৮ সেপ্টেম্বর সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আন্দোলনকারীদের ধরপাকড় করে পুলিশ। ছবি: আবদুস সালাম ও আনিস মাহমুদ l সংলাপ: দন্ত্যস রওশন

সূচনা
প্রবাদ আছে ‘লক্ষ্যহীন জীবন মাঝিবিহীন নৌকার মতো’। তবে ডিজিটাল যুগে ‘মাঝিবিহীন নৌকা’ কথাটা সেকেলে শোনায়। বরং বলা উচিত ‘লক্ষ্যহীন জীবন চালকবিহীন থ্রি হুইলারের মতো’। চালকসহ থ্রি হুইলারগুলোরই যেখানে মাথা নষ্ট, সেখানে চালকবিহীন থ্রি হুইলারের কথা ভাবতে গেলেই তো অন্তরাত্মা কেঁপে ওঠে! লক্ষ্যহীন জীবনও এমন অন্তরাত্মা কাঁপানো টাইপের! জনৈক কবি বলেছেন, ‘সামনে টানিলে পশ্চাতে হটে, উহাকে কহে ছাগল/ লক্ষ্যও নাই, উদ্দেশ্যও নাই-উহা হইল পাগল!’
বিভিন্ন লক্ষ্য
দুনিয়ার এক শ রকমের মানুষের রয়েছে আড়াই শ রকমের লক্ষ্য! কেউ চায় এখান থেকে আধা আধি হবে তো ওই খান থেকে আধা আধি! নিজে একাই নায়ক, গায়ক, কবি, সাহিত্যিক হওয়ার স্বপ্নও দেখেন কেউ কেউ। কারও বা লক্ষ্য থাকে ফেসবুক সেলিব্রিটি হয়ে নিজের জাত চেনানোর!
আমার লক্ষ্য
আমি চালকবিহীন থ্রি হুইলার নই। একজন সুস্থ বিবেকসম্পন্ন প্রাপ্তবয়স্ক মানুষ। সে হিসেবে আমারও একটা ‘সুইট’ লক্ষ্য আছে! তবে জীবনের লক্ষ্য কী হবে, তা নির্ধারণ করতে আমাকে বেশ বেগ পেতে হয়েছে। ছোটবেলায় বিটিভির পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবিতে হিরোদের হিরোগিরি দেখে আমার খায়েশ জাগত আমিও তাদের মতো ড্যাশিং হব। কিন্তু চেহারা-সুরতের অবস্থা সুবিধাজনক না হওয়ায় অচিরেই সেই খায়েশ ত্যাগ করতে হয়। তারপর একসময় বেশ জোরেশোরে চাইতাম ক্রিকেটার হব। বলে বলে ছক্কা হাঁকিয়ে দুনিয়াকে দেখিয়ে দেব আমি কী চিজ! কিন্তু বিধি সেই রকম বাম! কারণ, বাপে তাড়ানো মায়ে খেদানো না হলে ক্রিকেটার হওয়া যায় না! আমি তো মোটেও অমনটি নই। তেল জবজবে মাথার চুল ডান দিকে সিঁথি করা ভালো ছেলেটি আমি। অতএব ক্রিকেটার হওয়ার স্বপ্নেও ইস্তফা! তারপর যখন বুঝতে শিখলাম তখনই আমি আমার লক্ষ্যের দেখা পেয়ে গেলাম। চিকিৎসক! হুম, আমাকে চিকিৎসক হতে হবে!

লক্ষ্য নির্ধারণের কারণ
মনে এল আর অমনি আমি চিকিৎসক হতে চেয়েছি, ব্যাপারটা কিন্তু এমন নয়! অল্প সময়ে গাড়ি, বাড়ি, ফেসবুক স্ট্যাটাস বাড়ানোসহ হালের সব চাহিদাই পূরণ করার জন্য চিকিৎসক না হলে আর কী হব! তা ছাড়া এ পেশায় রয়েছে সেই রকম ভাবের ব্যাপার-স্যাপার। সাদা অ্যাপ্রন পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর সবাই চোখ পিটপিট করে আমার দিকে তাকাচ্ছে...এমন স্বপ্নও আমি প্রায়ই দেখি! এসব উদ্দেশ্য থেকেই আমার ডাক্তার হওয়ার ইচ্ছা!

যেভাবে লক্ষ্য পূরণ হবে
চিকিৎসক হওয়ার জন্য প্রথমেই একটি মেডিকেল কলেজে ভর্তি হতে হয়। এ প্রসঙ্গে বিশিষ্ট দার্শনিক জনাব চিন্তাযুক্ত প্রামাণিক বলেন, ‘চিকিৎসক হতে হলে আপনাকে অবশ্যই মেডিকেলে ভর্তি হতে হবে। আপনি হবেন চিকিৎসক আর ঢ্যাং ঢ্যাং করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হবেন, তা কিন্তু হয় না!’ বিখ্যাত ফুটপাত পুস্তক বিক্রেতা এ কে এম মফিজ বলেন, ‘চিকিৎসা–বিদ্যা এখন সবার হাতের নাগালে! এ জন্য আমাদের বিক্রীত ৩০ দিনে ডাক্তার হোন বইটিই যথেষ্ট!’ সে যাই হোক, চিকিৎসক হওয়ার একটি জবরদস্ত পরীক্ষার মাধ্যমে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার ব্যপারটাই সর্বোত্তম এবং সর্বজনস্বীকৃত। তবে এই পদ্ধতি বেশ মেধা ও শ্রমসাধ্য এবং অবশ্যই প্রশ্নবিদ্ধ। এতে রয়েছে মেধাবৈষম্য! শুধু মেধাবীরাই চিকিৎসক হবে আর অমেধাবীরা রোগী হয়ে ওষুধ গিলবে—একটি সুস্থ সমাজে এমনটা মেনে নেওয়া যায় না! এ জন্য আজকাল বেশ সহজ পদ্ধতিও বের হয়েছে। আপনার মেধা ও শ্রমের সাধ্য না থাকলেও চিকিৎসক হওয়ার আজন্মলালিত ইচ্ছা অপূর্ণ থাকবে না। সে জন্য রয়েছে প্রশ্নফাঁসপদ্ধতি। না থাকুক মেধা, না থাকুক শ্রম, কাঁড়ি কাঁড়ি টাকা থাকলেই আপনি চিকিৎসক হতে পারবেন। প্রশ্নফাঁসপদ্ধতি বেশ সহজসাধ্য হওয়ায় এবং ঘটে যথেষ্ট পরিমাণ মেধা না থাকায় আমিও ওই পদ্ধতিতে মেডিকেল কলেজে ভর্তির স্বপ্ন দেখছি। এতে আমার পরিবারেরও পূর্ণ সমর্থন রয়েছে।

উপসংহার
শুধু ইচ্ছা, মনের জোর আর সঙ্গে টাকার জোর থাকলে সবই সম্ভব! চিকিৎসা খাতে অপার সম্ভাবনা বয়ে এনেছে প্রশ্নফাঁসপদ্ধতি! তাই প্রশ্নফাঁসপদ্ধতিকে এত্তগুলা সাধুবাদ!