হাশিমপুর-বাগিচাহাট অংশ খানাখন্দে ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার হাশিমপুর-বাগিচাহাট অংশে অসংখ্য ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। যানজটে আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের হাজারো যাত্রী। এ সড়ক দিয়ে প্রতিদিন বাস, কার, ট্রাকে দেশি-বিদেশি পর্যটকসহ অসংখ্য যাত্রী ও পণ্য পরিবহন করা হয়। স্থানীয় লোকজন জানান, তিন বছর ধরে সড়কের ওই অংশ স্থায়ীভাবে সংস্কার করা হয়নি। বৃষ্টিতে প্রতি বছর সড়কের বিভিন্ন অংশে গর্ত বা খানাখন্দ বেশি হয়ে গেলে দোহাজারী সড়ক বিভাগের লোকজন এসে ইটের খোয়া ও বালু দিয়ে গর্ত ভরাট করে দেন। বৃষ্টি হলে যানবাহনের চাপে এসব গর্ত আরও বড় হয় এবং পুরো সড়ক কাদায় একাকার হয়ে যায়। অনেক সময় দেখা না যাওয়ায় গর্তে গাড়ি আটকা পড়ে। এতে বিস্তীর্ণ এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। এতে পর্যটকসহ যাত্রীদের সময়ের অপচয় ছাড়াও অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। ওই এলাকা দিয়ে যাতায়াতকারী স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদের জামা-কাপড় নষ্ট হয়ে যায় গাড়ির চাকার ছিটকে পড়া কাদাপানিতে। একাধিক ব্যবসায়ী ও পথচারী অভিযোগ করেন, তিন বছর থেকে তাঁরা দুর্ভোগ পোহালেও সড়ক ও জনপথ বিভাগের লোকজন সড়কটি স্থায়ী মেরামতের কোনো উদ্যোগ নেননি। হাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘অসংখ্য গর্ত ও জনগণের দুর্ভোগ চরমে পৌঁছলেও তা নিরসনে সড়ক বিভাগ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। বড়-ছোট সব গর্তে ইটের খোয়া আর বালু দিয়ে দায়িত্ব শেষ করে।’ দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম সড়কে গর্তের কারণে জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন, ‘সড়কটি এখন আমাদের নেই। এটি সম্প্রতি এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হয়েছে। তারা এ সড়কের মেরামতের কাজ শিগগির শুরু করবে।’