হাসন রাজার দেশে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতে সারাক্ষণ একটা জালিবেত নিয়ে ঘুরতেন বেনু স্যার। বেত ছাড়া স্যারকে কখনো দেখেছি মনে পড়ে না। আমরা বলতাম, স্যার রাতেও বুঝি বালিশের নিচে বেত রেখে ঘুমান। স্বাস্থ্যবান মানুষটার কথায়, হাঁটাচলায় ক্ষিপ্র একটা ভাব ছিল। নাকের নিচে বনেদি গোঁফ। সব মিলিয়ে তিনি স্কুলে সবার কাছে ছিলেন মূর্তিমান আতঙ্ক। সেই বেনু স্যারকে দেখলাম ১৬ বছর পর।শীতের সকাল, কুয়াশার চাদরে ঢাকা চারদিক। সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে আছি। আমার মতো এমনি হাজার দেড়েক মানুষ লাইনে দাঁড়ানো। একেকটা লাইনে একেক রকমের মানুষ। কোনোটায় শিশু, কোনোটায় তরুণ, আছে মাঝবয়সীদের লাইনও। আমরা যে লাইনে তার ঠিক ডানে দাঁড়িয়েছেন প্রবীণ মানুষগুলো। অনেকের দাড়ি-গোঁফ শ্বেতশুভ্র হয়ে গেছে। কেউ কেউ লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন।প্রবীণদের লাইনের ঠিক মাঝে সুবোধ বালকের মতো দাঁড়িয়ে আছেন বেনু স্যার। আগের সেই তেজ অনেকটাই যেন মিইয়ে গেছে। কাছে গিয়ে পায়ে হাত রাখলাম। স্যার রাখলেন মাথায়। বললেন, ‘কমান্ডার!’ নাহ্, তেজ এখনো আছে। গমগমে সেই কণ্ঠে খাদ জমেনি এতটুকু। টেনে তুলে বুকে জড়িয়ে ধরলেন। ছেলেবেলায় যে মানুষটাকে দেখে দশ হাত দূর দিয়ে গেছি, তিনিই কিনা আজ বুকে টানলেন! কত কথাই মনে পড়ছে আজ। বলতে ইচ্ছে করছে অনেক কিছু। কিন্তু মুখ দিয়ে কথা বেরোয় না।বলা হয় না, স্যার, আপনাদের দেওয়া শিক্ষাই লালন করে চলেছি আজও। সেদিন অ্যাসেম্বলিতে পতাকাদণ্ডের সামনে দাঁড়িয়েছিলাম। রোজকার মতো গলা ফাটিয়ে চিৎকার করছি, ‘সমাবেশ! সাবধান হবে সা-আ-ব-ধান।’ আনোয়ার স্যার কোত্থেকে যেন উদয় হলেন। চোখ রাঙিয়ে বললেন, ‘কিরে, তোর পরনে এটা কী?’ আসতে সেদিন খানিক দেরি হয়েছিল। নিজের প্যান্টের দিকে তাকিয়ে আত্মারাম আমার খাঁচাছাড়া। সাদা শার্টের সঙ্গে নীল প্যান্টের বদলে সেদিন পরেছিলাম নেভি-ব্লু জিনসের একটা প্যান্ট। আব্বা শখ করে এনেছিলেন। জীবনের প্রথম জিনস। ক্লাস এইটে পড়ি তখন।অনুনয় করে বললাম, ‘ভুল হয়ে গেছে স্যার। আর হবে না।’ স্যার আমার কথা কানেই তুললেন না। গর্জে উঠলেন, ‘দেরি করে আসছিস। আবার ড্রেস ছাড়া।’ নির্দয়ের মতো বেত চালালেন স্যার। সটান দাঁড়িয়ে আছি। চোখ বেয়ে টপটপ করে কয়েক ফোঁটা পানি পড়ল। একসময় ক্ষান্ত হলেন। বেত উঁচিয়ে বললেন, ‘মনে রাখিস, নিয়ম ভাঙবি না কোনো দিন। তুই নিয়ম না মানলে অন্যরা কী করবে?’ খুব কষ্ট পেয়েছিলাম সেদিন। বিকেলে সেই কষ্ট আবার ভুলেও গেলাম। স্যার ডেকে নিয়ে জড়িয়ে ধরে সে কী কান্না!শীতের সকালে বেনু স্যারের সামনে দাঁড়িয়ে এসবের কিছুই বলা হয় না। খুব বলতে ইচ্ছে করছিল, স্যার, আপনাদের এই ছাত্রটি কথা রেখেছে। নিয়ম ভাঙেনি আজও। সময় মেনে চলে খুব। সাত-আট বছরের চাকরিজীবনে অফিসে তিন কি চার দিন লেট।জুবিলী স্কুলের ১২৫ বছর পূর্তিতে জড়ো হয়েছে সবাই। কৈশোরের প্রিয় মুখগুলো এক এক করে সামনে আসতে লাগল। আর বুকে জড়িয়ে ধরে কত কথা। সন্দ্বীপ তো বলেই বসল, ‘আজ তোকে অ্যাসেম্বলি করাতে হবে।’ একগাল হেসে বললাম, ‘স্কুলজীবনটা তো ওই করেই কাটালাম। আজ না হয় তোদের সঙ্গেই দাঁড়াই।’একসময় জাতীয় সংগীত শুরু হয়। উদ্বোধন পর্ব শেষে বক্তৃতাও চলে কিছুক্ষণ। তারপর জুবিলীয়ানরা বের হন শোভাযাত্রায়। ব্যান্ডের তালে তালে নেচে-গেয়ে রাস্তাজুড়ে চলছে সবাই। চারপাশের মানুষজন হাঁ করে দাঁড়িয়ে আছে। এসবের দিকে আমার নজর নেই মোটেও। মাথা ঘুরিয়ে এদিক-ওদিক তাকাচ্ছি, আর দেখছি। ১৬ বছর আগে ফেলে আসা আমার ছোট্ট সুনামগঞ্জ শহরটি।বদলেছে অনেকটাই। রাস্তাগুলো হয়েছে আরও চওড়া। দোকানপাট হয়েছে মেলা। খেসারত দিতে হয়েছে মাঠ ও ডোবা-নালাগুলোকে। ছেড়ে দিতে হয়েছে ঠাঁই। জামাইপাড়ার ছোট্ট সেই খালটা এখন আর নেই। ভরা বর্ষায় খাল উপচে পানি গড়াত রাস্তার ওপর। দেওয়ার গুরুগুরু ডাকের সঙ্গে উঠে আসত কই মাছ। দুই হাতে কাঁটার খোঁচা খেয়ে রক্তাক্ত হয়েছি কত। তবু নিরস্ত হইনি। গার্লস স্কুলের পাশের বগলার পয়েন্টের বকের সেই ভাস্কর্যটি নেই। বিশাল ওয়াজি-বাড়িটা কয়েক টুকরো হয়ে গেছে। শরিকেরা যে যার মতো পাকাঘর তুলেছে। ঘরের ফাঁকফোকর গলে পুকুরটা চোখে পড়ল। সাঁতার শিখিনি তখনো। পুকুরটায় নেমে ডুবতে বসেছিলাম একদিন। অনেক কিছুই বদলেছে এত দিনে। বদলায়নি শুধু মানুষগুলো। হাসন রাজার ‘আউলা মানুষগুলো’ আগের মতোই বাউলমনা আছে। আছে সহজ-সরল আর আবেগপ্রবণ। আবুল হাসনাতঢাকা