হাসনাহেনায় সারাবেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেতরে ঢুকতেই চোখে পড়ে দুই পাশে থোকায় থোকায় ফুটে থাকা নানা রঙের ফুল। রঙ্গন, বাগানবিলাস আরও কত কী! আর ফুলের ওপরে শিশিরবিন্দুতে রোদের ছটা পড়ে চিকচিক করছে! একেবারেই নিরিবিলি পরিবেশ। এক ঝলকেই হারিয়ে যেতে চাইবে মন। জায়গাটা ঢাকার পাশে, গাজীপুরের পুবাইল কলেজ গেটের পাশে হাসনাহেনা।ঢাকা শহরের যান্ত্রিক জীবন আর ব্যস্ততায় যেন হাঁপিয়ে উঠতে হয়। গগনচুম্বি অট্টালিকা আর চার দেয়ালের মাঝে দম আটকে আসে। কাজের চাপে পরিবার বা বন্ধুদেরও সময় দেওয়া হয় না তেমন। এই অবস্থায় মন চায় কিছুটা সময় খোলা আকাশের নিচে, আনন্দে হইহুল্লোড় করে অবসরে সময় কাটাতে। পরিবার-পরিজন কিংবা বন্ধুরা মিলে দল বেঁধে একটি স্থানে সারা দিন কাটিয়ে দিতে চাইলে চলে যেতে পারেন হাসনাহেনায়। রান্নাবান্নার সব ধরনের ব্যবস্থা রয়েছে এখানে। এ ছাড়া এখানকার নিজস্ব বিদ্যুতের সুবিধা পাওয়া যায় সব সময়।হাসনাহেনার ভেতরে এলে মনে হবে কোনো ছায়াশীতল গ্রামে এসে পড়েছেন। বড় একটি পুকুর। এর দুই ধারে সার সার নারকেল আর ফুলগাছ। ঠান্ডা বাতাস আর গাছের ছায়া। পুকুরে নেমে গোসলও সেরে নেওয়া যায়। পুকুরের বাঁধাই করা পাকা ঘাটে বসে চা কিংবা কফির আড্ডায় যোগ করবে এক বাড়তি মাত্রা।পুকুরের ওপরেই লাল টিনের চালওয়ালা ঘরটিতে এলে মনে হবে কোনো বাংলো বাড়ি। ঘরের ভেতরেই রয়েছে বিশ্রামের সব সুযোগ-সুবিধা।হাসনাহেনার ভেতরের দিকটায় রয়েছে বেশ কয়েকটি কুঁড়েঘর আর একদিকে আছে টিনের চালওয়ালা ঘর। কবুতর ওড়াউড়ি করে আবার খোপে ঢুকছে। দেখতে ভালোই লাগে। হাসনাহেনার ভেতরের সৌন্দর্যটা সারা দিনের একেক সময় যেন একেক রকম। সকালের রেশ কাটিয়ে উঠতেই এখানে নানা পাখি এসে ভিড় করে। মস্ত খোলা আকাশে নানা রঙের ফড়িং আর গাছের ফুলে ফুলে রঙিন প্রজাপতিরা ছুটে বেড়ায়। সত্যিই এক অপূর্ব দৃশ্য! একদম নিশ্চুপ পরিবেশ, কোনো কোলাহল নেই। ভেতরে রয়েছে একটি গাছের বাগান। গাছের ফাঁকে ফাঁকে বসে থেকে গায়ে প্রকৃতির হাওয়া লাগিয়ে নিতে বেশ মজাই লাগবে। আর এই বাগানের পাশেই রয়েছে একটি মাঠ। চাইলেই দল বেঁধে ক্রিকেট বা ফুটবল খেলার এক দারুণ আয়োজন করা যাবে সেখানটায়। হাসনাহেনার পেছনের দিকে রয়েছে দারুণ একটি বিল। জেলেদের মাছ ধরার দৃশ্যটাও সেখান থেকে ভালোভাবে দেখা যায়। সারা দিন কাটিয়ে দেওয়ার পর বিকেলেও হাসনাহেনার ভেতরের শান্ত পরিবেশ হয়ে ওঠে বেশ উপভোগ্য। হাসনাহেনার ভেতরে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা। এর কর্তৃপক্ষ জানায়, যারা দল বেঁধে বেড়াতে আসতে চায়, কেবল তাদের জন্যই এটি একটি নির্দিষ্ট টাকায় সারা দিনের জন্য ভাড়া দেওয়া হয়। এখানে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান নিজেদের পছন্দমতো আয়োজন করে সেরে নেওয়া যাবে অনায়াসে। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের বার্ষিক পিকনিকের জন্যও হাসনাহেনা হতে পারে চমৎকার একটি জায়গা।যাবেন কীভাবেঢাকা থেকে হাসনাহেনায় যেতে চাইলে টঙ্গী স্টেশন রোড হয়ে ফ্লাইওভারের ওপর দিয়ে মীরেরবাজার হয়ে পুবাইল কলেজ গেটে নামতে হবে।এখানে বেড়াতে চাইলে যোগাযোগ করতে পারেন হাসনাহেনা, হাঁড়িবাড়িরটেক, পুবাইল কলেজ গেট, পুবাইল, গাজীপুর। আর www.hashnahena.eu.pn ওয়েবসাইটে গিয়েও এ সম্পর্কে তথ্য পাওয়া যাবে।