হাসপাতাল ছেড়ে যেতে চায় না রাজা

ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়ার পর রাজার সেরে ওঠা নিয়ে শঙ্কা ছিল। কিন্তু সব শঙ্কা উড়িয়ে দিয়ে সে এখন দিব্যি সুস্থ। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এখন তার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত হাসপাতাল মাতিয়ে রাখে সে। চিকিৎসক, কর্মচারী ও রোগীরা তার একান্ত আপনজনে পরিণত হয়েছে। হাসপাতাল ছেড়ে এখন কোথাও যেতে চায় না সে।
১০ বছর বয়সী রাজা মিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার করমছি গ্রামে। তার বাবার নাম হেলাল মিয়া। চার ভাইয়ের মধ্যে রাজা সবার ছোট।
গত ১২ অক্টোবর মঙ্গলবার রাতে ঢাকা থেকে চট্টগ্রাম আসছিল সে। কিন্তু পথে সীতাকুণ্ডের জোড় বটতল এলাকায় দুর্বৃত্তরা তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। পরদিন সকালে তসলিম উদ্দীন নামের স্থানীয় এক যুবক মারাত্মকভাবে আহত রাজাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় বর্তমানে পুরোপুরি সুস্থ সে। তার মা জয়নাব বিবি রাজধানীর বিমানবন্দর এলাকায় গৃহকর্মীর কাজ করেন। রাজার কাছে মায়ের সঠিক ঠিকানা ও মুঠোফোন নম্বর নেই। এ অবস্থায় সে কোথাও যেতে চাইছে না।
রাজার চিকিৎসক শাহেদা আক্তার বলেন, ‘সে এখন পুরোপুরি সুস্থ। গত পাঁচ দিনে তাকে তিনবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু তার বাবা-মায়ের ঠিকানা জানা না থাকায় হাসপাতাল থেকে ছাড়ও দিতে পারছি না।’
রাজার মিষ্টি দুষ্টুমিভরা কথা শুনতে ভালোবাসে রোগীরা। সকাল থেকে রাত অবধি প্রতিটি শয্যায় একবার করে ঢুঁ মারে সে। সবার খবর নেওয়া চাই তার। হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের কক্ষেও তার অবাধ যাতায়াত।
হাসপাতালের ওয়ার্ডবয় মোরশেদ বলেন, রাজা এখন সম্পূর্ণ সুস্থ। সারা দিন হাসপাতালময় ঘুরে বেড়ানো তার কাজ। রাতে তাকে জোর করে ঘুম পাড়াতে হয়।
রাজার পাশের শয্যার রোগী বিবি রহিমা বলেন, রাজা দুষ্টুমি করলেও কেউ বিরক্ত হয় না। কোনো রোগীর আত্মীয়স্বজন হাসপাতালে না থাকলে রাজা সেই রোগীকে সাহায্য করে। এদিকে অনেকে রাজাকে লালন-পালনের জন্য নিয়ে যেতে হাসপাতালে এসেছিলেন। এমনকি তার উদ্ধারকারী তসলিম উদ্দীনও এসেছিলেন। কিন্তু কারও সঙ্গে যেতেই রাজি হয়নি রাজা।
সম্প্রতি হাসপাতালে গিয়ে দেখা যায়, আঙিনায় খেলছে ছোট্ট রাজা। বাড়ি যাবে কি না প্রশ্ন করলে সে বলে, ‘বাবা-মা নিতে এলে তাঁদের সঙ্গে যাব। তা না হলে এখানেই থাকব। এখানে পেট ভরে খেতে দেওয়া হয়। সবাই ভীষণ আদর করে। এদের ছেড়ে আমি কোথাও যেতে চাই না।’