একমাত্র হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও যন্ত্রপাতি না থাকায় প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের বাসিন্দারা ন্যূনতম চিকিৎসাসেবা পাচ্ছেন না। দুই একর জমির ওপর ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ শয্যার হাসপাতালটি ২০০৮ সালের ৯ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়। কিন্তু প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়নি। জরুরি বিভাগ, ডেন্টাল বিভাগ, গাইনি বিভাগ, সার্জারি ও মেডিসিন বিভাগে কোনো যন্ত্রপাতি ও চিকিৎসক নেই। সরেজমিনে দেখা গেছে, হাসপাতালটি এখন মাদকসেবী ও গরু-ছাগলের আবাসস্থলে পরিণত হয়েছে। হাসপাতালে নিচতলায় বসে কয়েকজন যুবক তাস খেলছেন। গরু-ছাগলের মলমূত্রসহ চারদিকে ময়লা-আবর্জনার স্তূপ। জরুরি বিভাগের কক্ষে বড় একটি তালা। হাসপাতাল সূত্রে জানায়, ১০ শয্যার হাসপাতালে চিকিৎসকের চারটি পদের মধ্যে তিনটিই শূন্য। কোনো সেবিকা, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, ওয়ার্ডবয় নেই। একমাত্র চিকিৎসক যন্ত্রপাতি ছাড়াই চিকিৎসা দিতে গিয়ে নানা সমস্যায় পড়েন। তিনি কোনো কাজে উপজেলা-জেলা সদর কিংবা ছুটিতে গেলে বন্ধ হয়ে যায় হাসপাতালটি। হাসপাতালে বিদ্যুৎ, পানি, আবাসন ও নৌযান নেই। ৭৪ লাখ টাকার একটি জেনারেটর থাকলেও তেল বরাদ্দ না থাকায় সেটি নষ্ট হয়ে যাচ্ছে।স্থানীয় লোকজন জানান, দ্বীপ থেকে ৩৪ কিলোমিটার দূরে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেওয়া সব সময় সম্ভব হয় না। পুরো দ্বীপের মানুষের বাঁচা-মরা নির্ভর করে দুইজন হাতুড়ে ডাক্তারের ওপর। তাঁরা মুরগি, কবুতর, মাছ অথবা নগদ টাকার বিনিময়ে চিকিৎসা দেন। তার কারণে অপচিকিৎসার শিকার হতে হচ্ছে রোগীদের। গত এক মাসে নিউমোনিয়া আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় দ্বীপের চার শিশু মারা গেছেন বলে সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান নুরুল আমিন জানান। তিনি বলেন, হাসপাতালটি নামে মাত্র আছে, কাজে নেই। এদিকে দ্বীপে বেড়াতে আসা পর্যটকেরা অসুস্থ হলে চিকিৎসা নিতে পারেন না। গত বছর ৭ ফেব্রুয়ারি ঢাকা কলেজের ১৫২ জন ছাত্র-শিক্ষক এখানে আসেন। ওই দিন বেলা তিনটার দিকে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে চার ছাত্র সাগরে ভেসে যান। পরে তাঁদের উদ্ধার করা হলেও চিকিৎসার অভাবে সাখাওয়াত হোসেন জিতু (২২) নামের একজন মারা যান।একমাত্র চিকিৎসক মোহাম্মদ এরফান আনসারী জানান, এখানে কোনো ধরনের অস্ত্রোপচার করা যায় না। হাসপাতালের অন্তর্বিভাগ (ইনডোর) চিকিৎসাব্যবস্থা এখনো চালু হয়নি। বহির্বিভাগে (আউটডোর) কিছু রোগী দেখে ওষুধ ও ব্যবস্থাপত্র দিচ্ছি। এতেও মানুষ ক্ষুব্ধ।’ কক্সবাজার জেলা সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া মুঠোফোনে প্রথম আলোকে জানান, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক মাস পর পর একজন চিকিৎসককে প্রেষণে পাঠিয়ে দ্বীপবাসীর চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি লোকবল নিয়োগের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কয়েকবার চিঠি পাঠানো হয়েছে।